ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে শিল্প ও গৃহস্থালি বর্জ্যে পরিপূর্ণ দূষিত পানি প্রায় চার দশক ধরে সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। যখনই বাংলাদেশ-ভারত বন্ধুত্বের কথা উচ্চকণ্ঠে উচ্চারিত হয়, তখনই আমরা অসম বন্ধুত্বের আধিপত্য দেখতে পাই। প্রতিবেশী দেশের বর্জ্যে আমাদের সীমান্তের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় কোনোভাবেই কাম্য নয়। আখাউড়া সীমান্তবর্তী নদী কালন্দি, মরা গাঙ, কাটা খাল, কালিকাপুর ও গঙ্গাসাগর খালসহ হাওড়া ও জাজী নদী কার্যত বিষাক্ত নালায় পরিণত হয়েছে। খালের বাস্তব চিত্র বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম সম্পর্ককে প্রতিনিয়ত করছে প্রশ্নবিদ্ধ।

আমরা মনে করি, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বিশেষত ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক জলপ্রবাহ ব্যবহারের কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রই এমন কর্মকা- করতে পারে না, যার ফলে নি¤œভাটির রাষ্ট্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়। অথচ আগরতলার অপরিশোধিত বর্জ্য সরাসরি বাংলাদেশের ভূখ-ে ঢুকে জনস্বাস্থ্য, কৃষি ও জীববৈচিত্র্যে মারাত্মক ক্ষতি করছে। এই দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ লঙ্ঘন। যৌথ নদী কমিশনের বৈঠকে প্রতিবারই ভারত- একের পর এক আশ্বাস দিয়েছে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ হচ্ছে, দূষণ বন্ধ হবে। কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই এবং তাদের কথা ও কাজে সাদৃশ্য নেই, যা আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থি। পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় বিওডি, সিওডি ও দ্রবীভূত অক্সিজেনের মানমাত্রা ভয়াবহভাবে লঙ্ঘিত, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পানির গুণগত মানের পরিপন্থি। গণমাধ্যম সূত্রে এও জানা যায় দূষণের প্রভাবে আখাউড়ার ১৫টি গ্রামের মানুষ চর্মরোগ, ডায়রিয়া, টাইফয়েডসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। বিষাক্ত পানি ব্যবহার করে কৃষিজমিতে ধান উৎপাদন হচ্ছে, মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎস প্রায় ধ্বংস হয়ে গেছে।

এটি প্রকৃতি প্রদত্ত জীবনের অধিকার ও নিরাপদ পরিবেশে বসবাসের অধিকার থেকে বঞ্চিত হওয়া। যা আন্তর্জাতিক মানবাধিকার আইনেও সমান স্বীকৃত। বাংলাদেশের অধিকার প্রশ্নে ভারতের এমন আচরণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জানি, আন্তর্জাতিক আইনে কেবল আশ্বাস দেওয়া নয়, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় দূষণ বন্ধে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সম্পন্ন করা প্রয়োজন উভয় দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে। আমরা মনে করি, যৌথ পরিদর্শনের মাধ্যমে নিরবচ্ছিন্ন মনিটরিং নিশ্চিত করা ভারতের দায়িত্ব। কোনো ধরনের কূটনৈতিক নীরবতা নয়, ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট ও সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে, সংলাপ চালিয়ে যেতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশা, ন্যূনতম নিজের বর্জ্য নিজে শোধন করবে, আরেক দেশের মানুষকে বিষে ডোবাবে না। আগরতলার দূষণ বন্ধ করা কেবল পরিবেশগত দায়িত্ব নয়; এটি আন্তর্জাতিক আইন মানা ও বন্ধুত্বের পরীক্ষাও। আমরা আশা করব, ভারত এই পরীক্ষায় উত্তীর্ণ হবে