সাম্প্রতিককালে একটি প্রশ্ন বারবারই উঠে আসছে: অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কীভাবে নিশ্চিত করা যায়? দীর্ঘ মেয়াদে দারিদ্র্য মোকাবিলা এবং মানব উন্নয়নের অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন দেশের সক্ষমতা বৃদ্ধিতে সাস্টেইনেবল বা বজায়িত প্রবৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু বজায়িত প্রবৃদ্ধিই মানব উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়। এ লক্ষ্য অর্জনে প্রবৃদ্ধিকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির তিনটি বৈশিষ্ট্য: দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি; সম্পদ, সামাজিক সেবা ও আয়ের আরও ন্যায়সংগত বণ্টন; উৎপাদনশীল কর্মসংস্থানের সৃষ্টি। এরা পরস্পরকে শক্তিশালী করে।

দরিদ্রবান্ধব বজায়িত প্রবৃদ্ধি দারিদ্র্য হ্রাসের পাশাপাশি বৈষম্য হ্রাসও নিশ্চিত করে। সম্পদ, সামাজিক সেবা ও আয়ের ন্যায়সংগত বণ্টন মানুষের সক্ষমতা ও সুযোগ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ন্যায্য ও সুবিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যও গুরুত্বপূর্ণ। অধিকতর ন্যায়সংগত বণ্টন দ্রুত প্রবৃদ্ধি অর্জন এবং আরও দ্রুত দারিদ্র্য হ্রাসে সহায়তা করতে পারে। তদুপরি ন্যায়সংগত বণ্টন আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ায়। যখন প্রবৃদ্ধির সঙ্গে উৎপাদনশীল কর্মসংস্থান দ্রুত বৃদ্ধি পায়, তখন দরিদ্র মানুষের আয় ও সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা থাকে। উৎপাদনশীল কর্মসংস্থান মানুষের জীবিকা, অংশগ্রহণ, মর্যাদা ও মতপ্রকাশের ক্ষমতা বৃদ্ধি করে। সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি মানব উন্নয়ন এবং বজায়ক্ষম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম চালিকাশক্তি।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কাঠামোর তিনটি পরস্পর-সহায়ক স্তম্ভ রয়েছে: দরিদ্রবান্ধব বজায়ক্ষম প্রবৃদ্ধি; সম্পদ, মৌলিক সামাজিক সেবায় প্রবেশাধিকার ও আয়বণ্টনের ক্ষেত্রে ন্যায়সংগতা এবং উৎপাদনশীল কর্মসংস্থান। এই তিনটি মাত্রার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টি বেশ স্পষ্ট।

এটা সত্য, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রবৃদ্ধিকে বজায়িত হতে হবে। কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে না। এ জন্য প্রবৃদ্ধিকে দরিদ্রবান্ধব হওয়া প্রয়োজন। প্রবৃদ্ধির সঙ্গে যতক্ষণ দারিদ্র্য হ্রাসের সম্পর্ক থাকে, ততক্ষণ তাকে দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি বলা যায়। মূলত প্রবৃদ্ধি তখনই দরিদ্রবান্ধব হয়, যখন এটি দরিদ্র মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করে এবং এর ফলে আরও বেশি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে আসতে পারে। অন্য কথায় প্রবৃদ্ধিকে দরিদ্রবান্ধব হতে হলে দরিদ্র মানুষের আয় বৃদ্ধির হার অদরিদ্র মানুষের আয় বৃদ্ধির হারের চেয়ে বেশি হতে হবে এবং প্রবৃদ্ধির সঙ্গে বৈষম্য হ্রাস পেতে হবে।

তবে মনে রাখতে হবে, দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রয়োজনীয় শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। কারণ এর মাধ্যমে জাতিগত সংখ্যালঘু, নির্দিষ্ট বর্ণগত গোষ্ঠীসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অদরিদ্র সদস্যরা অন্তর্ভুক্ত না-ও হতে পারেন। অনেক ক্ষেত্রে এসব জনগোষ্ঠী এমন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন, যা তাদের সুজীবিকা নিশ্চিত করে। কিন্তু মূলধারার প্রবৃদ্ধি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কোনো কার্যকর মতামত বা প্রভাব থাকে না; এমনকি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডও মূলধারার প্রবৃদ্ধির সঙ্গে সমন্বিত হয় না। বিভিন্ন দেশের আদিবাসী জনগোষ্ঠী এর একটি উদাহরণ।

অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কেন্দ্রে রয়েছে ন্যায়সংগততা। কারণ সম্পদের বণ্টনই প্রবৃদ্ধির গতি, প্রকৃতি ও ধরন নির্ধারণ করে। প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক করতে তিনটি ক্ষেত্রে ন্যায়সংগততা নিশ্চিত করতে হবে: সম্পদ ও উপকরণের মালিকানা; মৌলিক সামাজিক সেবায় প্রবেশাধিকার ও আয়বণ্টন। উৎপাদন ও প্রবৃদ্ধির প্রক্রিয়া সম্পদ, উপকরণ ও প্রাথমিক প্রাপ্তিসম্পদের ন্যায়সংগত বণ্টনের ভিত্তিতে শুরু হলে শুধু প্রবৃদ্ধির হারই বেশি হয় না, প্রবৃদ্ধির সুফলও ন্যায়সংগতভাবে বণ্টিত হয়। প্রবৃদ্ধির প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এবং সুফলভোগী– উভয় হিসেবেই ব্যাপক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিতে সম্পদ, উপকরণ ও প্রাথমিক প্রাপ্তিসম্পদের ন্যায়সংগত বণ্টন অপরিহার্য।

সম্পদ ও উপকরণের ন্যায়সংগত বণ্টন সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র তৈরি করে। দরিদ্র কৃষকরা যখন জমি ও কৃষি উপকরণের প্যাকেজ ব্যবহারের সুযোগ পান অথবা ক্ষুদ্র উদ্যোক্তারা যখন ঋণ পাওয়ার সুযোগ লাভ করেন, তখন তা শুধু প্রবৃদ্ধির প্রক্রিয়াকেই ত্বরান্বিত করে না, বরং সেই প্রবৃদ্ধিতে তাদের ন্যায্য অংশীদারিত্বও নিশ্চিত করে। সড়ক, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মতো অবকাঠামোর দুটি প্রভাব রয়েছে। প্রথমত, এটি বিনিয়োগকে উৎসাহিত করে। যার ফলে উৎপাদনশীল কর্মকাণ্ডে বেসরকারি বিনিয়োগ বাড়ে। দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে সক্রিয় করে, যার মাধ্যমে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয় এবং বাজার ও তথ্যের সঙ্গে মানুষের যোগাযোগ ও প্রবেশাধিকার উন্নত হয়। দরিদ্র মানুষ যখন এ ধরনের অবকাঠামোগত সুবিধা পায়, তখন প্রবৃদ্ধি দরিদ্রবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে।

স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোর মতো মৌলিক সামাজিক সেবায় ন্যায়সংগত প্রবেশাধিকারও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এসব সেবা মানুষের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে।

ন্যায়সংগততার ক্ষেত্রে আয়ের পুনর্বণ্টনও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এটি দুটো পন্থায় কাজ করে। প্রথমত, প্রবৃদ্ধির সুফল আকারে দরিদ্র মানুষের কাছে আয়ের পুনর্বণ্টন তাদের সম্পদের ভিত্তি শক্তিশালী করে এবং সুযোগ বৃদ্ধি করে। এর ফলে প্রবৃদ্ধির প্রক্রিয়ায় তাদের আরও ব্যাপক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। দ্বিতীয়ত, যারা প্রবৃদ্ধির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না; যেমন– প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্ক মানুষ, তাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সামাজিক নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে আয় পুনর্বণ্টন করা হলে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়। এভাবে যারা সরাসরি প্রবৃদ্ধি সৃষ্টিতে অংশগ্রহণ করেন না, তারাও প্রবৃদ্ধির সুফলভোগী হিসেবে এর অন্তর্ভুক্ত হন।

ন্যায়সংগততার প্রসঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে আরও দুটি বিষয় উল্লেখযোগ্য। প্রথমত, অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য হ্রাসে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ধারণের ক্ষেত্রেও ন্যায়সংগততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, নারী-পুরুষের বৈষম্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। শিক্ষা ও কর্মসংস্থানে নারী-পুরুষের বৈষম্য শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে না, বরং সেই প্রবৃদ্ধির দরিদ্রবান্ধব বৈশিষ্ট্যকেও ক্ষতিগ্রস্ত করে।

উৎপাদনশীল কর্মসংস্থান অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক হতে হলে প্রবৃদ্ধিকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর কারণ হলো, উৎপাদনশীল কর্মনিয়োজন মানুষকে প্রবৃদ্ধির প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী এবং গুরুত্বপূর্ণ সুফলভোগী; উভয় হিসেবেই যুক্ত করে। দরিদ্র জনগোষ্ঠীকে কার্যকরভাবে কর্মসংস্থানে যুক্ত করা সম্ভব, যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এমন সব খাতে সৃষ্টি হয়, যেখানে অধিকাংশ দরিদ্র মানুষের বাস যেমন– কৃষি, গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামো খাত। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কার্যকর কর্মনিয়োজনের জন্য শ্রমঘন প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ। এই পারস্পরিক সম্পর্কগুলো আমাদের প্রবৃদ্ধির খাতভিত্তিক কাঠামোর গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। পুঁজিঘন খনিজ শিল্পের সম্প্রসারণ এমন প্রবৃদ্ধি সৃষ্টি করতে পারে, যেখানে কর্মসংস্থান বাড়ে না। ফলে এ ধরনের প্রবৃদ্ধি দারিদ্র্য হ্রাসে খুব সামান্য প্রভাব ফেলতে পারে।

এর মূল তাৎপর্য হলো, সব ধরনের প্রবৃদ্ধির সঙ্গে সমান হারে কর্মসংস্থান সৃষ্টি হয় না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মধ্যে কোনো স্বয়ংক্রিয় সম্পর্ক নেই। অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসে অনেকবার দেখা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মশূন্য হয়েছে। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি না করেও প্রবৃদ্ধি ঘটেছে। উচ্চ প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির উচ্চমাত্রার সম্পর্কের ক্ষেত্রে পূর্ব এশিয়া উল্লেখযোগ্য উদাহরণ। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তুলনামূলক কম সহায়ক হয়েছে। কিন্তু প্রবৃদ্ধিকে যদি অন্তর্ভুক্তিমূলক হতে হয়, তাহলে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতেই হবে।

চূড়ান্ত বিচারে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে এর বিভিন্ন মাত্রিকতা বিষয়ে পরিষ্কার ধারণা থাকা দরকার। এমন একটি উপলব্ধি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অন্যথায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বিষয়টি ধারণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে; এর প্রায়োগিকতা উপেক্ষিত হবে।

ড. সেলিম জাহান: ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র