এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদাভাবে জোট গঠন করে মাঠে নেমেছে। মূল লড়াই এই দুই দলকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। অনেকে বলছেন, জোটবদ্ধভাবে নির্বাচন ও রাজপথে আন্দোলনের কারণে এ নির্বাচনে দল দুটির মধ্যে কোনো সূক্ষ্ম বোঝাপড়া থাকতে পারে। তবে জামায়াতকে বিশেষত স্বাধীনতার পর থেকে যে টিকে থাকার নিরন্তন সংগ্রাম করতে হয়েছে, সেই বাস্তবতা ২০২৪ সালের ৫ আগস্টের পর বদলে গেছে। রাজনীতিতে এখন দলটি বরং নতুন এক বিকাশ পর্বে আছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচন যার প্রথম ধাপ।
ইতোমধ্যে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, জামায়াত মাঠে বেশ শক্ত অবস্থান সৃষ্টি করেছে। গত ১২ জানুয়ারি প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৩৩.৬ শতাংশ ভোটার জামায়াতকে এবং ৩৪.৭ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। গত ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই জরিপ চলে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর নির্বাচনী পরিস্থিতিতে দ্রুত বদল ঘটেছে। গত জানুয়ারির ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৬৪টি জেলার পাঁচ হাজার ১৪৭ জন ভোটারের সাক্ষাৎকার থেকে জানা যায়, ৪৭ শতাংশের বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ বিএনপিকে সমর্থন করছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রার্থীরাও তাদের ভাষণ ও বক্তব্যে বিপুল বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। পক্ষান্তরে জামায়াতের নেতা ও প্রার্থীদের ভাষণ ও বক্তব্যে এ বিষয়ে তেমন জোরালো কোনো আশাবাদ দেখা যাচ্ছে না। কারও কারও মতে, নির্বাচনে বিজয়ের জন্য জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আকাশকুসুম কোনো আকাঙ্ক্ষা প্রকাশ করছে না।
জামায়াত ও বিএনপি প্রচলিত উপায়ে প্রায় সমান গতিতে নির্বাচনী প্রচারণা করছে, যার মধ্যে রয়েছে মিছিল, পথসভা, জনসভা, মাইকিং এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। বাড়ি গিয়ে জনসংযোগে জামায়াত দৃশ্যত অনেক এগিয়ে, কারণ এটি করার জন্য তাদের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো, চর্চা ও প্রশিক্ষিত কর্মিবাহিনী রয়েছে।
গণমাধ্যম নির্বাচনী প্রচারণার একটি অন্যতম বাহন। বিগত নির্বাচনী প্রচারণার সময় যে রাজনৈতিক দল বা জোটের উপস্থিতি অধিক, বস্তুনিষ্ঠ বা ইতিবাচক ছিল, তারা নির্বাচনে বেশি আসনে বিজয়ী হয়েছে। কারণ ভোটাররা কীভাবে চিন্তা করবে তা প্রভাবিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক বিষয়ে জনগণের নীরব আচরণকে প্রভাবিত করে এবং সিদ্ধান্তহীন ভোটারদের গণমাধ্যমে ইতিবাচক বা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপিত দলকে ভোট দিতে প্রেরণা জোগায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমে জামায়াতে ইসলামীর উপস্থিতি নিঃসন্দেহে বেড়েছে। তবে সেনাবাহিনী, মুক্তিযুদ্ধ ও নারীদের নিয়ে জামায়াতের কেন্দ্রীয় আমির ও প্রার্থীদের মন্তব্য, মিডিয়ায় তাদের উপস্থাপন অনেকটা নেতিবাচক হয়েছে। বিএনপি এ ক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থায়। কাঠামোবদ্ধ, নিয়ন্ত্রিত ও নিরন্তর প্রচারণার কারণে মিডিয়াতে বিএনপির উপস্থিতি ব্যাপক, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক।
এবারের নির্বাচনে নতুন দিক হলো সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার, যেখানে বিএনপির উপস্থিতি কৌশলগত এবং একচেটিয়া। বিশেষ করে তারেক রহমান ও তাঁর মরহুম ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের নির্বাচনী প্রচার তরুণ প্রজন্ম ও নারীদের প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবস্থান প্রায় শূন্য। সর্বোপরি ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিএনপির একাধিক বিনোদনমূলক নির্বাচনী গান সামাজিক মাধ্যম সরগরম রাখছে। জামায়াতের কিছু পরিচিত নির্বাচনী গান থাকলেও বিনোদনমূলক না হওয়ায় এবং নতুন গান না আসায় সেগুলোর প্রভাব কমই বলা যায়।
এবারের নির্বাচনে ৪৯.৬৬% ভোটার নারী অথচ জামায়াতে ইসলামী কোনো নারীকে প্রার্থী করেনি। জনশুমারি ২০২২ অনুসারে দেশে অমুসলিম জনসংখ্যা ৮.৯৬ শতাংশ। জামায়াতে ইসলামী মাত্র একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তবে এ নিয়েও কথা আছে। দলটির গঠনতন্ত্রের ধারা ৭ অনুযায়ী সদস্য হওয়ার ১ নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক ‘নরনারী, যিনি ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করেন’। অর্থাৎ তাঁকে অবশ্যই মুসলমান হতে হবে। অন্যদিকে এটি পরিষ্কার নয় যে জামায়াত মনোনীত ওই হিন্দু প্রার্থীর দলীয় প্রাথমিক সদস্যপদ আছে কিনা। এটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত এবং দ্বিমুখী সংকট। এ দৃষ্টান্তের ফলে ইসলাম ধর্মীয় অনুভূতি ধারণ করে যারা জামায়াতকে সমর্থন করে আসছে তাদের প্রতিক্রিয়া নেতিবাচক হতে পারে; অর্থাৎ সংখ্যালঘুর ভোট বাগিয়ে যে লাভের আশায় ওই হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই লাভের গুড় পিঁপড়ায় খেতে পারে। পক্ষান্তরে বিএনপি ১১ জন নারী এবং ছয়জন অমুসলিম প্রার্থীকে নির্বাচনের জন্য মনোনীত করেছে। এটি ২০০৮ সালের তুলনায় কম হলেও প্রতিপক্ষের তুলনায় দৃশ্যত অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক।
দল হিসেবে জামায়াতে ইসলামীর যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ২৬ আগস্ট পাকিস্তানের লাহোরে– অবিভক্ত ভারতে। ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে দলটির কার্যক্রম শুরু হয়। পূর্ব পাকিস্তান স্বধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হলে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর নাম পরিবর্তন করে রাখা হয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। ২০০৮ সালে বিতর্ক তৈরি হয় যে জামায়াতে ইসলামী বাংলাদেশ আসলে পাকিস্তান জামায়াতে ইসলামীর বাংলাদেশ শাখা। সেই বিতর্ক থামাতে দলটি নাম পরিবর্তন করে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ নামে, যা এখনও বিদ্যমান।
অন্যদিকে বিএনপির জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশের ঢাকাতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। ১৯৯১ সালের নির্বাচনী প্রচারণায় মুখে মুখে একটা কথা রটে যায় যে ‘আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাবে’। নির্বাচনী ফলাফলে তার প্রভাব ছিল সুস্পষ্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক ইতিহাসের এই নির্যাসটুকু কার্যকরীভাবে ব্যবহার করেছেন। দেশে ফিরেই তিনি ‘সরার আগে বাংলাদেশ’ এই স্লোগান তুলেছেন। অন্যদিকে জন্মগত প্রতিবন্ধকতার পাশাপাশি বাংলাদেশের জন্মের বিরোধিতা করায় জামায়াতে ইসলামী বরাবর যে তীব্র সমালোচনা মোকাবিলা করে আসছে তা অনতিক্রমযোগ্য বলেই মনে হচ্ছে।
সর্বোপরি, যুদ্ধের ময়দানে বা আন্দোলনে যে বয়ান ও ভাষা বিজয়কে ত্বরান্বিত করে, শান্তির্পূণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রশ্নে সেই বয়ান ও ভাষা উল্টো ফল দেয়। অথচ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রপ্রতিনিধিরা রাষ্ট্র ব্যবস্থা, প্রক্রিয়া ও বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে অনভিজ্ঞতার কারণে নির্বাচনী প্রচারণায়ও অভ্যুত্থানকালীন ভাষা-বয়ান ব্যবহার করছেন। তারা জামায়াত জোটেরই গুরুত্বপূর্ণ সদস্য। এ বিষয়ও জামায়াতের নির্বাচনী ফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেখ আশরাফ আলী: হাইকমিশন অব কানাডার সাবেক রাজনৈতিক উপদেষ্টা; ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের মিডিয়া অ্যানালিস্ট ashrafmcj@hotmail.com
