দুর্নীতি হ্রাস কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটি কোনো জাদুকরী ক্ষমতার ফলও নয়। রাষ্ট্রীয় দুর্নীতি কমানো একটি দীর্ঘমেয়াদি, ধৈর্যনির্ভর ও ধারাবাহিক প্রচেষ্টার ফল, যেখানে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সময়, তিনটির সমন্বয় অপরিহার্য। একজন মানুষকে গুরুতরভাবে আহত করতে যেমন কয়েক সেকেন্ডই যথেষ্ট, কিন্তু তাকে সুস্থ করে তুলতে লাগে দীর্ঘ সময় ও নিয়মিত চিকিৎসা, রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক তেমনই। বাংলাদেশে দুর্নীতির প্রশ্নে এই মৌলিক সত্যটি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে বছরের পর বছর একটি রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার সামান্যতম মিল নেই।

বাংলাদেশকে “দুর্নীতির চ্যাম্পিয়ান” বানানো হয়েছিল কার আমলে, আর সেই কলঙ্ক থেকে দেশকে কে ধীরে ধীরে বের করে এনেছিল, এই প্রশ্নের উত্তর আবেগ বা দলীয় আনুগত্যে নয়, বরং সত্য তথ্য, সুনির্দিষ্ট সময়রেখা এবং আন্তর্জাতিক সূচকের বিশ্লেষণেই স্পষ্ট হয়ে ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) যে করাপশন পারসেপশন ইনডেক্স (CPI) প্রকাশ করে, তা কখনোই কোনো এক বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নয়। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এই সূচক প্রকাশের পদ্ধতি ছিল এমন যে, প্রতিটি বছরের জুন মাসে প্রকাশিত স্কোর মূলত আগের তিন বছরের তথ্য ও মতামতভিত্তিক জরিপের বিশ্লেষণকে প্রতিফলিত করত। এই পদ্ধতিটি বোঝা গেলেই বহু প্রচলিত মিথ্যা বয়ান নিজে থেকেই ভেঙে পড়ে।

২০০১ সালের জুন মাসে টিআইবি প্রথমবারের মতো বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান ঘোষণা করে। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ১০-এর মধ্যে মাত্র ০.৪, যা ছিল আন্তর্জাতিকভাবে সর্বনিম্ন। এই রিপোর্টটি বিশ্লেষণ করেছিল আগের তিন বছরের পরিস্থিতি, অর্থাৎ ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়। এই পুরো সময়টিই ছিল আওয়ামী লীগের শাসনামল। অথচ বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের অক্টোবর মাসে, অর্থাৎ এই রিপোর্ট প্রকাশের চার মাস পর। সুতরাং, ২০০১ সালের জুনে বাংলাদেশের দুর্নীতির সর্বনিম্ন স্কোর এবং চ্যাম্পিয়ান হওয়ার দায় কোনোভাবেই বিএনপির ওপর বর্তায় না; এটি সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শাসনামলের ফলাফল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিএনপি ক্ষমতায় আসার পর কী ঘটেছিল। বিএনপি দায়িত্ব গ্রহণের মাত্র দশ মাস পর, ২০০২ সালের আগস্টে প্রকাশিত টিআইবি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের স্কোর ০.৪ থেকে বেড়ে ১.২ হয়েছে। অর্থাৎ, অল্প সময়ের মধ্যেই দুর্নীতি হ্রাসের একটি দৃশ্যমান প্রবণতা তৈরি হয়েছিল। পরবর্তী বছরগুলোতে এই ধারা অব্যাহত থাকে।

২০০৩ সালে স্কোর বেড়ে হয় ১.৩, ২০০৪ সালে ১.৫, ২০০৫ সালে ১.৭ এবং ২০০৬ সালের নভেম্বরে, যা বিএনপি ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহ পর প্রকাশিত গিয়ে স্কোর দাঁড়ায় ২.০। শুধু স্কোরই বাড়েনি, বাংলাদেশ দুর্নীতির “চ্যাম্পিয়ানশিপ” তালিকা থেকে বেরিয়ে তৃতীয় অবস্থানে উন্নীত হয়।

অর্থাৎ, বিএনপির পাঁচ বছরের শাসনামলে বাংলাদেশের CPI স্কোর পাঁচ গুণ উন্নত হয়েছিল, আওয়ামী লীগের রেখে যাওয়া ০.৪ থেকে বিএনপির রেখে যাওয়া ২.০। এটি কোনো অলীক বক্তব্য নয়, এটি একদম স্পষ্ট আন্তর্জাতিক সূচকের নথিভুক্ত তথ্য। তা সত্ত্বেও একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বিএনপি নাকি পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে। বাস্তবতা হলো, বাংলাদেশ চারবার চ্যাম্পিয়ান হয়েছিল এবং সর্বশেষবার সেই তালিকা থেকে নেমে আসে। আগের বছরের স্কোর ও বিশ্লেষণ পদ্ধতি গোপন রেখে সংখ্যার অপব্যবহার করেই এই মিথ্যা বয়ান প্রতিষ্ঠা করা হয়েছে।

এই অপপ্রচার আরও বেদনাদায়ক হয়ে ওঠে যখন দেখা যায়, একটি তথাকথিত ইসলামি রাজনৈতিক দল, যারা বিএনপির সঙ্গে জোট সরকারে ছিল। আজ সেই একই আওয়ামী বয়ান পুনরাবৃত্তি করছে, সন্দেহাতীতভাবে এটা ভয়ংকর মিথ্যাচার। ইতিহাস ভুলে যাওয়া মানবিক দুর্বলতা হতে পারে, কিন্তু জেনেশুনে ইতিহাস বিকৃত করা রাজনৈতিক অসততা। না বুঝে, না জেনে কাউকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা কেবল রাজনৈতিক প্রতিপক্ষতার অংশ নয়, প্রকৃতপক্ষে এটি নৈতিক বিচ্যুতিরই প্রকাশ।

আরও একটি গুরুত্বপূর্ণ সত্য সচেতনভাবে আড়াল করা হয়, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক লড়াইয়ের ভিত্তি স্থাপন করেছিল বিএনপি সরকারই। দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠিত হয়েছিল বিএনপির আমলেই। অর্থাৎ, শুধু কথার রাজনীতি দিয়ে নয়, দুর্নীতির বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগও বিএনপির মাধ্যমেই শুরু হয়েছিল।

গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামল এবং তার আগের ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির বিরুদ্ধে যে পরিকল্পিত মিথ্যাচার, চরিত্রহনন ও অপপ্রচার চালানো হয়েছে, তা পরবর্তীতে অনেক সাংবাদিক নিজেরাই স্বীকার করেছেন। বিভিন্ন এজেন্সির দেওয়া তথ্য কাগজপত্রে প্রকাশ করা হতো, যা পরে “সত্য” হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলেছে। দুঃখজনকভাবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশেও সেই পুরোনো আওয়ামী বয়ান নতুন নামে, নতুন মোড়কে আবার ছড়ানো হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এখনও ভয়ংকর মাত্রার অপপ্রচার চালানো হচ্ছে।

সম্প্রতি তারেক রহমান নিজেই “বিশ্ব দুর্নীতির চ্যাম্পিয়ান” হওয়ার মিথ্যা অভিযোগের বিষয়ে কথা বলেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি, যারা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে এবং ভবিষ্যতেও পারবে। ইতিহাস, তথ্য ও আন্তর্জাতিক সূচক সেই দাবিকেই সমর্থন করে।

এখন একটি কথাই স্পষ্টভাবে বলা যায়, বাংলাদেশকে দুর্নীতির তলানিতে নামিয়েছিল আওয়ামী লীগ, আর সেই তলানি থেকে দেশকে ধীরে ধীরে তুলে এনেছিল বিএনপি। দুর্নীতির স্কোর কমিয়ে আনা কোনো তাৎক্ষণিক বিস্ময় ছিল না, এটি ধারাবাহিক রাষ্ট্রীয় প্রয়াসের ফল, এটা দেশের প্রতি বিএনপির কমিটমেন্টের বহিঃপ্রকাশ। ইতিহাস বিকৃত করে সাময়িক বয়ান তৈরি করা যায়, কিন্তু সময়ের কাঠগড়ায় দাঁড়ালে শেষ পর্যন্ত সত্যই কথা বলে। সেই সত্যের পক্ষে দাঁড়ানোই এখনকার সময়ে রাষ্ট্র সচেতন নাগরিকদের নৈতিক দায়িত্ব।