আন্তর্জাতিক সম্পর্কের রাজনৈতিক অর্থনীতিতে রাষ্ট্রসমূহের আচরণ ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, যাকে বলা যায় কৌশলগত অসামঞ্জস্য। সহজ ভাষায়, কোনো রাষ্ট্র যখন বৈশ্বিক পরাশক্তির সামনে নিজের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় মর্যাদা বিসর্জন দিয়ে নীরব থাকে, অথচ আঞ্চলিক রাজনীতিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিবেশীর উপর অতিরিক্ত ও অযৌক্তিক চাপ এবং আগ্রাসন চালায়, তখন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তাকে উৎপীড়কের বৈপরীত্য বা ‘বুলি প্যারাডক্স’ বলা যায়। সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি এই বৈপরীত্যের একটি উজ্জ্বল ও উদ্বেগজনক কেস স্টাডিতে পরিণত হয়েছে।

গত এক বছরের ভৌগোলিক রাজনীতি ও কূটনৈতিক মিথস্ক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের পররাষ্ট্রনীতি এখন প্রায় দুটি সম্পূর্ণ বিপরীত মেরুতে বিভক্ত। একদিকে, গ্লোবাল নর্থ বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপ) প্রতি কৌশলগত নমনীয়তা এবং নীরবতা; অন্যদিকে, গ্লোবাল সাউথ বা নিকট প্রতিবেশীর, বিশেষত বাংলাদেশের প্রতি অসামঞ্জস্যপূর্ণ আগ্রাসন। এই প্রবন্ধে সেই দ্বান্দ্বিক আচরণের রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষণ করা হয়েছে। নির্ভরতা তত্ত্বের অন্যতম প্রবক্তা আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক (১৯৬৭) তাঁর ক্যাপিটালিজম অ্যান্ড আন্ডারডেভেলপমেন্ট ইন ল্যাটিন আমেরিকা গ্রন্থে দেখিয়েছেন, কীভাবে প্রান্তিক রাষ্ট্রগুলো কেন্দ্রের অর্থনীতির কাছে বহুস্তরে জিম্মি থাকে। ভারতের বর্তমান অবস্থানে সেই তত্ত্বের আধুনিক প্রতিধ্বনি স্পষ্ট। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভারতীয় অর্থনীতিকে ‘ডেড ইকোনমি’ বলে কটাক্ষ করেছেন। বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি ভারতকে অত্যন্ত উচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে, ভারত-রাশিয়া বাণিজ্যের কারণে তিনি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ অব্যাহত রাখবেন।

কূটনৈতিক শিষ্টাচারের ভাষায় এটি কেবল অর্থনৈতিক চাপ নয়, একটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদায়ও আঘাত। অথচ ভারতের মূলধারার জাতীয়তাবাদী মিডিয়া ও রাজনৈতিক নেতৃত্ব এই মন্তব্য ও শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় প্রকাশ্যে খুব সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি খাত, রপ্তানি বাণিজ্য ও সেবা খাত যুক্তরাষ্ট্রের বাজারের ওপর দীর্ঘদিন ধরে গভীরভাবে নির্ভরশীল। ফলে অর্থনীতির এই কাঠামোগত নির্ভরতাই ভারতকে অপমান সহ্য করেও নীরব থেকে যাওয়ার দিকে ঠেলে দিয়েছে। রাজনৈতিক অর্থনীতির ভাষায় এটি সার্বভৌমত্বের ধীরে ধীরে আত্মসমর্পণ।

জন মেয়ারশাইমার (২০০১) তাঁর দ্য ট্র্যাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স গ্রন্থে আক্রমণাত্মক বাস্তবতার ধারণা তুলে ধরেছেন, যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্রমাগত প্রভাববলয় সম্প্রসারণে আগ্রহী থাকে। চীন ভারতের ক্ষেত্রে অনেকাংশে এই বাস্তববাদী নীতি অনুসরণ করছে, আর ভারত সেখানে অনেক ক্ষেত্রে সীমিত প্রতিক্রিয়াশীল ভূমিকায় অবস্থান করছে। বাস্তবে দীর্ঘদিন ধরে চীন আকসাই চীন অঞ্চলের বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে রেখেছে এবং লাদাখ সীমান্তে দখল ও টহল-রুটের পরিবর্তনসহ নানা কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সংসদ ও সরকারিভাবে একাধিকবার জানানো হয়েছে যে, লাদাখ অঞ্চলের প্রায় আটত্রিশ হাজার বর্গকিলোমিটার এলাকা ১৯৬২ সাল থেকেই চীনের নিয়ন্ত্রণে রয়েছে এবং অরুণাচল প্রদেশের ওপরও তারা নিজেদের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে। চীনের সরকারি মানচিত্রে অরুণাচলকে তার অংশ হিসেবে দেখানো হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে সেই দাবি আরও স্পষ্টভাবে সামনে এসেছে; এমনকি ২০২৫ সালে অরুণাচলের একজন ভারতীয় নারীকে সাংহাই বিমানবন্দরে প্রায় আঠারো ঘণ্টা ধরে আটকে রেখে তার পাসপোর্টকে ‘অবৈধ’ বলা হয়েছিল, শুধু এই যুক্তিতে যে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ আছে, যা বেইজিং নিজেদের ভূখ- বলে দাবি করে। চীনের এই মানচিত্র-রাজনীতি সত্ত্বেও ভারতের প্রতিক্রিয়া বহু সময়েই সীমিত কূটনৈতিক ভাষ্যের মধ্যে থেকে যায়। সামরিক ও অর্থনৈতিক শক্তির অসমতা ভারতের আচরণকে অনেক ক্ষেত্রে বাধা দেয়, যা শক্তির অসমতা ধারণার বাস্তব প্রতিফলন।

ভারত দীর্ঘদিন ধরে সামরিক সরঞ্জাম আমদানিতে রাশিয়ার ওপর নির্ভরশীল। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে উৎস বৈচিত্র্য বাড়লেও রাশিয়া এখনও ভারতের অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী। এই প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য জেএফ-১৭ যুদ্ধবিমান প্রকল্পে রাশিয়া-উৎপন্ন ইঞ্জিন ব্যবহারের বিষয়টি ভারতের জন্য একটি কৌশলগত অস্বস্তি তৈরি করেছে। পাকিস্তানের সাথে সাম্প্রতিক বড় ধরনের রপ্তানিচুক্তির পরিমাণ বিভিন্ন সূত্রে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। জনপ্রিয় আলোচনায় অনেক সময় এই অঙ্কটি আরও বড় করে বলা হলেও মূল রাজনৈতিক অর্থগত দিকটি হলো, যে সরবরাহকারীর ওপর ভারতের নির্ভরতা গভীর, সেই রাষ্ট্র একই সঙ্গে ভারতের প্রতিপক্ষকেও শক্তিশালী করছে। রাজনৈতিক অর্থনীতির ভাষায় এটিকে ভেন্ডর-নির্ভরতার জিম্মিদশা হিসেবে দেখা যায়। ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান চুক্তির ক্ষেত্রেও প্রযুক্তিগত সার্বভৌমত্বের সংকট স্পষ্ট। বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, রাফাল বিমানের সফটওয়্যার ও উৎস-কোডে পূর্ণ প্রবেশাধিকার না থাকায় ভারতীয় উৎপাদিত কিছু অস্ত্র ও উপব্যবস্থা, যেমন বিভিন্ন ক্ষেপণাস্ত্র, সম্পূর্ণভাবে একীভূত করার ক্ষেত্রে ভারত সীমাবদ্ধতার মুখে পড়ছে। এই দুই ক্ষেত্রে সামগ্রিক বার্তাটি একই; সামরিক প্রযুক্তি ও অস্ত্রক্রয়ে বহির্ভরতা একটি রাষ্ট্রকে রাজনৈতিক ও কৌশলগতভাবে দুর্বল করে।

জোসেফ নাই (২০০৪) তাঁর সফট পাওয়ার দ্য মিনস টু সাকসেস ইন ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে দেখিয়েছিলেন যে একটি দেশের আন্তর্জাতিক প্রভাব কেবল কঠোর সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে নয় বরং তার সংস্কৃতি, ভাবমূর্তি ও মূল্যবোধের আকর্ষণ দ্বারাও নির্ধারিত হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কিছু ইউরোপীয় রাষ্ট্রে রাজনৈতিক হত্যাকা-, গুপ্তচরবৃত্তি এবং প্রবাসী ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারির অভিযোগ ভারতের বৈশ্বিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এসব ঘটনায় ভারতীয় নাগরিকদের সামাজিকভাবে বর্জন বা হেনস্তার শিকার হওয়ার খবরও গণমাধ্যমে এসেছে। ভারতের অর্থনীতি অনেকাংশেই প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। রাজনৈতিক অর্থনীতির ভাষায় একে বলা হয় রেমিট্যান্স ট্র্যাপ।

এই অর্থনৈতিক জিম্মিদশার কারণে প্রবাসীদের ওপর নেমে আসা অপমান বা সমালোচনা ভারত সরকার নীরবে মেনে নিতে বাধ্য হয়। এই সংকট সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে মধ্যপ্রাচ্যে। সেখানে ভারতের পররাষ্ট্রনীতি মূলত তেল আমদানি ও রেমিট্যান্স প্রবাহ রক্ষার চাপে এমন এক অবস্থানে দাঁড়িয়েছে, যেখানে নৈতিকতা ও মর্যাদা প্রায়ই গৌণ হয়ে পড়ে। উপসাগরীয় দেশগুলোতে কোটি ভারতীয় শ্রমিক নি¤œ মজুরি, পাসপোর্ট জব্দ, শ্রম নির্যাতন ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করলেও দিল্লি রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে শ্রমিক অধিকার প্রশ্নে নীরব থাকে। অন্যদিকে গাজা আগ্রাসনের পর ইসরাইলের প্রতি একতরফা সমর্থন এবং ফিলিস্তিনি বেসামরিক হতাহতের বিষয়ে অস্পষ্ট অবস্থান আরব জনমতের বড় অংশে ভারতের ঐতিহাসিক উপনিবেশবিরোধী ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে আরব বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের চোখে ভারত এখন শক্তিশালীর সামনে নতজানু এবং দুর্বল পক্ষের প্রশ্নে নীরব এক সুযোগসন্ধানী শক্তি হিসেবে প্রতিভাত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ভারতের সফট পাওয়ার ও নৈতিক অবস্থানকে ক্ষয় করছে।

বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আচরণ অন্তত তিনটি স্তরে স্পষ্ট। প্রথমত, সীমান্তে সহিংসতা। বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাবে ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ১,২৩৬ বাংলাদেশি নিহত হয়েছে; পরবর্তী কয়েক বছরের ঘটনার সাথে মিলিয়ে এই সংখ্যা দেড় হাজারের ঘর ছুঁয়ে ফেলেছে। ফেলানী হত্যাকা- এবং তার ঝুলন্ত দেহের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছিল। তবু কাঠামোগত পরিবর্তন খুব সীমিতই হয়েছে। দ্বিতীয়ত, ৫ আগস্টের গণআন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে ভারতীয় টেলিভিশন ও সামাজিক মাধ্যমে বাংলাদেশের ঘটনাবলিকে প্রায়ই অতিরঞ্জিত ও আতঙ্কসৃষ্টিকারী ভাষায় উপস্থাপন করা হয়েছে; কখনও ‘হিন্দু নিধন’, কখনও ‘সন্ত্রাসী দখল’ ইত্যাদি আখ্যায়।

প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবের তুলনায় এই ভাষ্যকে বিশ্লেষকগণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করেছেন। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশকে সন্দেহের চোখে দেখানো, অন্যদিকে দেশের অভ্যন্তরে ভয় ও ঘৃণার রাজনীতি সক্রিয় রাখাই হলো মূল উদ্দেশ্য। তৃতীয়ত, তিস্তা, গঙ্গা, ফেনীসহ যৌথ নদীর পানি বণ্টনে দীর্ঘস্থায়ী অচলাবস্থা, শুষ্ক মৌসুমে প্রবাহ কমে যাওয়া এবং বর্ষায় হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ঘটনাকে রাজনৈতিক অর্থনীতির আলোচনায় পানি-অস্ত্রায়ণ বলা যায়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তান এক ধরনের স্থায়ী শত্রুর ভূমিকায়। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, নির্বাচনী মেরুকরণ এবং জাতীয়তাবাদী উত্তেজনা জিইয়ে রাখার জন্য পাকিস্তানকে প্রয়োজনীয় পটভূমি হিসেবে ব্যবহার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক ভাষ্যে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে একই কাতারে রাখার প্রবণতা দেখা যায়; যেখানে বলা হয়, বাংলাদেশও ‘পাকিস্তানের পথে হাঁটছে’। এই ন্যারেটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের একক স্থিতিশীল শক্তির ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এবং পশ্চিমা নীতিনির্ধারকদের কাছে নিজেদের অপরিহার্যতা তুলে ধরা হয়।

২০১৫ সালে নেপালের নতুন সংবিধান প্রণয়নের পর ভারত যখন প্রকাশ্য ও অপপ্রকাশ্য চাপ প্রয়োগ করে এবং জ্বালানি ও পণ্য সরবরাহে বাধা সৃষ্টি করে, তখন নেপালের জনগণের মনে ভারতের প্রতি তীব্র আক্রোশ জন্মায়। পরবর্তীকালে নেপাল অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে ধীরে ধীরে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হয়। এটি দেখায়, একতরফা চাপ প্রয়োগ প্রায়শই ছোট প্রতিবেশীকে অন্য পরাশক্তির দিকে ঠেলে দেয়। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে নির্বাচনী প্রচারণায় ‘ইন্ডিয়া আউট’ স্লোগান এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারতবিরোধী অবস্থানের ফলে ভারতীয় সামরিক উপস্থিতি হ্রাস পেয়েছে। এর ফলে ভারত মহাসাগরে ভারতের কৌশলগত অবস্থান পুনরায় ভাবতে হচ্ছে এবং চীনের প্রভাবও সেখানে ক্রমশ দৃশ্যমান।

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে ভারত ঋণ, জ্বালানি ও খাদ্য সহায়তা দিয়েছে, তবে অতীতের তামিল ইস্যুতে হস্তক্ষেপ এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় কাচ্চাথিভু দ্বীপের প্রশ্ন উত্থাপন কলম্বোতে ভারতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত একদিকে চীনের ঋণ কূটনীতিকে সমালোচনা করলেও অন্যদিকে শ্রীলঙ্কার কিছু কৌশলগত স্থাপনা নিজ স্বার্থে ব্যবহারের আগ্রহ থেকেও সরে আসেনি। ভারতীয় মূলধারার একাংশের প্রচারযন্ত্র প্রায়শই প্রতিবেশী দেশসমূহকে ঘিরে তিন রকম কৌশলগত বয়ান নির্মাণ করে। প্রথমত, সীমান্ত সংঘাত, সংখ্যালঘু-ইস্যু বা কোনো বিচ্ছিন্ন বক্তব্যকে বৃহৎ নিরাপত্তা-সংকট হিসেবে ফ্রেম করা। দ্বিতীয়ত, দেশের ভেতরের রাজনৈতিক বিরোধী পক্ষকে বিদেশি প্রভাব বা প্রতিবেশী রাষ্ট্রের হাতিয়ার হিসেবে তুলে ধরা। তৃতীয়ত, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ভাষাকে এমনভাবে ব্যবহার করা, যাতে আলোচনায় তথ্য ও যুক্তির ক্ষেত্র সংকুচিত হয়ে আবেগ প্রাধান্য পায়। এর ফলে একদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামাজিক ও কূটনৈতিক দূরত্ব বাড়ে, অন্যদিকে ভারতীয় জনসমাজের মধ্যে ভয় ও সন্দেহ স্থায়ী রূপ পায়। থুসিডাইডিসের (প্রাচীনকাল) আলোচিত সেই বাস্তবতাই এখানে ফিরে আসে; শক্তিশালী যা পারে তাই করে, দুর্বল যা সহ্য করার তাই করে; তবে বর্তমান প্রেক্ষাপটে এই শক্তি সবসময় গ্লোবাল নয়, কখনও আঞ্চলিক, কখনও কেবল মিডিয়া-নির্মিত।

যখন কোনো রাষ্ট্র বিশ্বমঞ্চে বড় শক্তির সামনে বারবার অপমানিত হয় বা কাঠামোগত সংকটে পড়ে, তখন অভ্যন্তরীণ রাজনীতির চাপ সামাল দিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিবেশীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের প্রবণতা দেখা যায়। এটিকে ডাইভারশন বা মনোযোগ বিচ্যুতিভিত্তিক পররাষ্ট্রনীতি বলে। বাংলাদেশের কিছু প্রান্তিক রাজনৈতিক নেতার বক্তব্য, যেগুলো বাংলাদেশের ভেতরেই খুব সীমিত গুরুত্ব পায়, সেগুলোকেও অনেক ভারতীয় মিডিয়া প্ল্যাটফর্ম বিশাল রাজনৈতিক-কূটনৈতিক ইস্যুতে পরিণত করে। এতে বিশ্বশক্তির সামনে অসহায়তার যে মানসিক চাপ তৈরি হয়, সেটি কিছুটা হলেও কমাতে ভারতের অভ্যন্তরে ‘শক্তি প্রদর্শন’ সম্ভব হয়। মূলত এটি মনস্তাত্ত্বিক ক্ষতিপূরণ, বিশ্বমঞ্চে আপোষের গ্লানি মেটাতে আঞ্চলিক পরিসরে কঠোরতা দেখানো।

থুসিডাইডিসের হিস্ট্রি অব দ্য পেলোপনেশিয়ান ওয়ার-এ উল্লিখিত শক্তি ও দুর্বলতার দ্বন্দ্ব আজকের আন্তর্জাতিক রাজনীতিতেও অনুরণিত। শক্তি কেবল ভৌত সামর্থ্য নয়, বরং কৌশলগত আত্মমর্যাদা, নৈতিক অবস্থান ও বহুপাক্ষিক স্বীকৃতির সমষ্টি। ভারতের বর্তমান পররাষ্ট্রনীতিতে গ্লোবাল পরাশক্তির সামনে নতজানু, আর আঞ্চলিক প্রতিবেশীর সামনে আক্রমণাত্মক; এই দ্বৈততা এক ধরনের নিরাপত্তাহীনতা ও নীতিগত অসামঞ্জস্যতার ইঙ্গিত দেয়। অমর্ত্য সেন (১৯৯৯) তাঁর ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থে উন্নয়নকে মানুষের সক্ষমতা ও স্বাধীনতার সম্প্রসারণ হিসেবে দেখিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক পাঠ হওয়া উচিত; তোষামোদ, নতজানুতা বা আবেগনির্ভর বন্ধুত্বের চেয়ে সক্ষমতানির্ভর কূটনীতি। অর্থনৈতিক বৈচিত্র্য, কৌশলগত লিভারেজ, আঞ্চলিক সমবায় ও তথ্যকূটনীতির ওপর জোর দিয়ে বাংলাদেশকে নিজস্ব মেরুদ- দৃঢ় করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্কের বাস্তব জগতে বন্ধুত্বের ভাষা তখনই অর্থবহ হয়, যখন তা শক্তির ভারসাম্য, পারস্পরিক সম্মান ও ন্যায়বোধের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে। ভারতের দ্বান্দ্বিক পররাষ্ট্রনীতির মুখে বাংলাদেশের করণীয়ও সেখানেই নিহিত; অনুভূতিনির্ভর প্রতিক্রিয়ায় নয়, বরং সুসংগঠিত যুক্তি, কৌশল ও নিজস্ব সক্ষমতার সমন্বয়ে রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করা। এই প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের হঠাৎ ঢাকা আগমন এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ নিছক সৌজন্য নয়; গত দেড় বছরের চাপ, প্রোপাগান্ডা ও একমুখী মিত্রতানির্ভর নীতির পর নয়াদিল্লি যে বাস্তবতাকে নতুন করে পড়তে বাধ্য হয়েছে, তারও ইঙ্গিত। ভারতের কাছে এখন স্পষ্ট হয়ে উঠছে, বাংলাদেশে একদল বা এক ব্যক্তির ওপর ভর করে আঞ্চলিক প্রভাব ধরে রাখার দিন শেষ; টিকে থাকতে হলে তাকে বাংলাদেশের সব বৈধ রাজনৈতিক শক্তির সঙ্গেই নতুন করে কথা বলতে হবে। একই সঙ্গে, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়া বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের কঠোর ও মর্যাদাপূর্ণ অবস্থান স্পষ্ট বার্তা দিয়েছে যে, বাংলাদেশের নাগরিক মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রশ্নে ঢাকা এখন আর নীরব থাকবে না। এই দুই প্রান্ত; একদিকে কূটনৈতিক টেবিলে ভারতের ভঙ্গি বদলাতে বাধ্য হওয়া, অন্যদিকে খেলাধুলার ময়দানে বাংলাদেশের দৃঢ় প্রতিক্রিয়া দেখায় যে, সমতা ও সম্মানভিত্তিক সম্পর্কের পথে ঢাকা যত বেশি সক্ষমতা ও আত্মবিশ্বাস অর্জন করবে, তত বেশি ভারতকেও সেই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হবে। লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। ইমেইল: hhafij@yahoo.com