বাংলাদেশের কৃষিব্যবস্থা দীর্ঘদিন ধরেই রাসায়নিক সার; বিশেষ করে নাইট্রোজেনভিত্তিক ইউরিয়ার ওপর অত্যন্ত নির্ভরশীল। এই নির্ভরতা গত কয়েক দশকে বর্ধিত ফসল উৎপাদন, বিশেষত ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাম্প্রতিক সার সরবরাহে বিঘ্ন ঘটেছে। প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে দেশের কয়েকটি ইউরিয়া কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে প্রধান সরবরাহকারী অঞ্চলগুলো থেকে গ্যাস-সার আমদানিও বাধাগ্রস্ত। এর ফলে ফসলের ফলন কমার পাশাপাশি উৎপাদন ব্যয় বাড়তে পারে। শেষ পর্যন্ত যা জাতীয় খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফসলের গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে সার সরবরাহে ব্যাঘাত ঘটলে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
তবে এ সংকট একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি করেছে। বিশেষ করে বর্তমান ইনপুট-নির্ভর মডেলের ভঙ্গুরতা স্পষ্ট দেখা যাচ্ছে। ফলে ক্রমবর্ধমান সার ব্যবহারের ওপর নির্ভর না করে বাংলাদেশ এখন আরও দক্ষ, সহনশীল ও টেকসই পুষ্টি ব্যবস্থাপনার দিকে অগ্রসর হতে পারে।
বর্তমানে ব্যবহৃত সারের একটি বড় অংশ অনুপযুক্ত প্রয়োগের কারণে উড়ন্ত ক্ষতি, ধৌত হওয়া এবং পানির সঙ্গে বেরিয়ে যাওয়ার মাধ্যমে অপচয় হয়। গুটি ইউরিয়া বা ইউরিয়া ডিপ প্লেসমেন্ট, ধাপে ধাপে নাইট্রোজেন প্রয়োগ এবং মাটির পরীক্ষাভিত্তিক সার ব্যবহারের মতো পদ্ধতি এই ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। পাশাপাশি সিদ্ধান্ত সহায়ক প্রযুক্তি ব্যবহার করে ক্ষেত্রভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনা সম্প্রসারণ করলে সার ব্যবহারের দক্ষতা আরও বাড়ানো সম্ভব। গবেষণা বলছে, এই পদ্ধতিগুলোর মাধ্যমে ফলন অক্ষুণ্ন রেখেই ইউরিয়া ব্যবহারে ২০-৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয় সম্ভব, যা উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশগত চাপও হ্রাস করবে।
সমানভাবে গুরুত্বপূর্ণ হলো সারের সুষম ব্যবহার নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহার এবং ফসফরাস, পটাশ, সালফার, দস্তা ও বোরনের মতো অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতির ফলে দেশের অনেক অঞ্চলে মাটির উর্বরতা কমে গেছে। তাই প্রয়োজন মাটির পরীক্ষাসেবা জোরদার, ব্লেন্ডেড সার সহজলভ্য এবং সম্প্রসারণ কার্যক্রম শক্তিশালী করা। একই সঙ্গে জৈব উপাদানের সঙ্গে রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার মাটির গঠন ও পুষ্টি প্রাপ্যতা উন্নত করতে পারে।
সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা একটি টেকসই সমাধান প্রদান করে। জৈব ও অজৈব উভয় উৎসের সমন্বয়ে সার প্রয়োগ করলে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, পুষ্টি চক্র সক্রিয় হয় এবং দীর্ঘ মেয়াদে মাটির উর্বরতা বজায় থাকে। কম্পোস্ট, গোবর, সবুজ সার এবং ফসলের অবশিষ্টাংশ ব্যবহারের পাশাপাশি বায়োফার্টিলাইজার প্রয়োগের মাধ্যমে পুষ্টির জৈব প্রাপ্যতা বাড়ানো যায়। এতে আমদানি-নির্ভরতা কমে এবং কৃষি ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি পায়।
স্থানীয় ও বিকল্প পুষ্টি উৎসের ব্যবহার বাড়ানোও গুরুত্বপূর্ণ। শহর ও গ্রামের জৈব বর্জ্য কম্পোস্টে রূপান্তর করে কৃষিতে ব্যবহার করা যেতে পারে। ধইঞ্চার মতো সবুজ সার মাটিতে নাইট্রোজেন যোগ করতে সহায়তা করে। বায়োচার (কার্বন সমৃদ্ধ জৈব সার) মাটির পুষ্টি ধারণক্ষমতা বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য উন্নত করে। এ ধরনের উদ্যোগে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করলে একটি বহুমুখী ও টেকসই পুষ্টি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
ফসল ব্যবস্থাপনাতেও পরিবর্তন প্রয়োজন। ডাল ও তেলবীজের মতো কম সারনির্ভর ফসলের আবাদ বাড়ালে রাসায়নিক সারের ওপর চাপ কমবে এবং মাটির উর্বরতা বাড়বে। স্বল্পমেয়াদি ও পুষ্টি-দক্ষ জাতের ব্যবহার সারের প্রয়োজন কমাতে সহায়ক হতে পারে। বহুমুখী ফসল চক্র পদ্ধতি পুষ্টি চক্রকে উন্নত এবং কৃষি ব্যবস্থাকে আরও স্থিতিশীল করে তোলে। পানি ব্যবস্থাপনাও সমানভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান চাষে। বিকল্প ভেজানো-শুকানো পদ্ধতি পানির ব্যবহার কমানোর পাশাপাশি নাইট্রোজেনের অপচয় কমায়। সেচ ও সার প্রয়োগের সময় সমন্বয় করলে পুষ্টি গ্রহণ বৃদ্ধি পায় এবং ফলন উন্নত হয়।
ডিজিটাল কৃষি ও নির্ভুল পরামর্শ ব্যবস্থাও নতুন সম্ভাবনা তৈরি করেছে। মোবাইলভিত্তিক পরামর্শ, সিদ্ধান্ত সহায়ক সিস্টেম এবং তাৎক্ষণিক তথ্য ব্যবহার করে কৃষক সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে পারেন।
এ সংকট মোকাবিলায় সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নীতিনির্ধারকদের উচিত গুরুত্বপূর্ণ ফসলের জন্য সার সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, কৌশলগত মজুত গড়ে তোলা এবং আমদানির উৎস বহুমুখীকরণ করা। মাটির স্বাস্থ্য, গবেষণা ও সম্প্রসারণে বিনিয়োগ যেমন বাড়াতে হবে, তেমনি বিজ্ঞানীদের পুষ্টি-দক্ষ জাত উদ্ভাবন, নতুন প্রযুক্তি যাচাই এবং মাটির মানচিত্র উন্নয়নে কাজ করতে হবে। সম্প্রসারণ কর্মীদের কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
ড. মো. শহিদুল ইসলাম: মৃত্তিকাবিজ্ঞানী ও প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) dmsislam12@gmail.com
