রাষ্ট্র সংস্কার তো বটেই; খাতওয়ারি ছোটখাটো সংস্কার নিয়েও রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। স্রেফ ‘রাজনৈতিক অবস্থান’ দুর্বল হয়ে যাওয়ার শঙ্কায়ও অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো দল এমনকি ‘যুক্তিপূর্ণ’ ইস্যুতেও একমত হচ্ছে না। শঙ্কা প্রকাশ না করে দলটি হয়তো তখন আচরণ দিয়ে বুঝিয়ে দেয় তার অবস্থান। সে ক্ষেত্রে কী করা! অন্যরা একত্র হয়ে জোরাজুরি করে তো তাকে রাজি করাতে পারবে না। আর আপত্তি জানানো দলটি যদি হয় মাঠে থাকা সর্ববৃহৎ রাজনৈতিক দল; তখন কাজটা প্রায় অসম্ভব।
জুলাই জাতীয় সনদ ঘিরে শেষ পর্যন্ত এমন পরিস্থিতিই সৃষ্টি হয়েছে। এটি নিয়ে গণভোটে সব পক্ষ রাজি হওয়ার পর প্রধান দুই দল সনদে স্বাক্ষর করায় যে স্বস্তি মিলেছিল, তার অনেকটাই মিলিয়ে গেছে এর বাস্তবায়ন পদ্ধতি ঘিরে। কার্যপরিধির বাইরে গিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়ন পদ্ধতি অনুসন্ধানে নেমে যাওয়াতে সংকট তৈরি হলো কিনা, সে প্রশ্নও তোলা যায়। জুলাই সনদ চূড়ান্ত করে তারা কার্যক্রম শেষ করতে পারতেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের অনেকখানি ব্যয় করে ফেলেছেন। অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল সংস্কার প্রশ্নে দলগুলোর মতপার্থক্য কমাতে। দেখা গেল, সংবিধান সম্পর্কিত অনেক সংস্কারে দলগুলো কাছাকাছি এলেও তাতে সন্তুষ্ট হয়নি ঐকমত্য কমিশন। এমনও বলাবলি হচ্ছে, রাজনীতির একটি পক্ষের পছন্দসই সংস্কারে আরেক পক্ষকে বাধ্য করার কাজে ব্যবহৃত হয়েছে কমিশন। তারা অবশেষে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত বাদ দিয়ে গণভোট আয়োজনের লক্ষ্যে সরকারকে আদেশ জারির সুপারিশ করায় এ অভিযোগ বেশি করে উঠেছে।
বিপুলসংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণে দীর্ঘ সংস্কার আলোচনার পর এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া মোটেও কাঙ্ক্ষিত ছিল না। আলোচনার শুরুতে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন, রাজনৈতিক ঐকমত্যের বাইরে তারা নিজে থেকে কিছুই করবেন না। ঘোষিত এ অবস্থান বজায় থাকলে গণঅভ্যুত্থান-পরবর্তী টালমাটাল পরিস্থিতিতে অল্প সময়েই প্রধান সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করে বলে দেওয়া যেত– কোথায় ঐকমত্য আছে আর কোথায় নেই। ঐকমত্যের জায়গাগুলো ধরে বাস্তবায়নের গ্রহণযোগ্য পথেও এগিয়ে যাওয়া যেত। এর বদলে ঐকমত্য কমিশন গঠন করে দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়েছে কিছু গুরুতর মতপার্থক্যের প্রশ্নে দলগুলোকে এক জায়গায় আনতে। তাতে সাফল্য একেবারে নেই, তা নয়। তবে এতে সন্তুষ্টি কম। আছে ব্যর্থতা ঘিরে এক প্রকার অসন্তোষ। সংবিধান সংস্কারের সব প্রশ্নে গণঅভ্যুত্থানের পক্ষগুলোকে যেন এ মুহূর্তেই একমত হয়ে নির্বাচনে যেতে হবে। নইলে কিছুই যেন অর্জিত হলো না। এমন মানসিক অবস্থান থেকে সম্ভবত ভিন্নমত বাদ দিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এর ভেতর দিয়ে রাজনীতির বড় পক্ষটির বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যক্রম শেষ করলেন তারা।
সংস্কারের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো, তা তো নয়। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সংস্কারের সুপারিশ তৈরির আন্তরিক উদ্যোগ নেওয়া হয়। এক-এগারোর পরও রাষ্ট্র সংস্কারে কম উদ্যোগ-আয়োজন পরিলক্ষিত হয়নি। এর ফল সবার জানা। অতঃপর সংস্কারের বিপরীতেই চলেছে দেশ। এর পরিণতিও জানা। এ অবস্থায় ছোটখাটো সংস্কার তো বটেই; রাষ্ট্র সংস্কারও প্রত্যাশিত। মাঠে থাকা কোনো রাজনৈতিক দল কিন্তু এর বিরোধিতা করেনি। সংস্কারের প্রয়োজনে দ্রুত নির্বাচনের দাবি থেকেও দ্রুত সরে এসেছে একটি দল; সুষ্ঠু নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে বলে সবার ধারণা। কৌশল ও বাহুবলে দীর্ঘ সময় তাদের ক্ষমতার বাইরে রাখে বিগত সরকার, এটাও অনস্বীকার্য। গণঅভ্যুত্থানের পর তারাও কি সংস্কার আলোচনায় সময় ও শ্রম দিতে দ্বিধা করেছেন? যাদের এখনই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম বা নেই বললেই চলে, তারা ‘বেশি সংস্কার’ চেয়েছেন, তাতেও দোষের কিছু নেই। সমস্যাটা ওখানে যে, সরকার দৃশ্যত তাদের পক্ষ নিয়েছে শুরু থেকে। এর পরিণতিতে ভিন্নমত বাদ দিয়ে বিষয়বস্তু স্থির করে গণভোট আয়োজনের সুপারিশ উৎপাদিত হয়েছে, বললে ভুল হবে না।
অন্তর্বর্তী সরকারের আমলে গণভোট আয়োজনের প্রশ্নেও তো ঐকমত্য তৈরি হয়েছিল। এর আগে নির্বাচিত সংসদে সিদ্ধান্ত নিয়ে গণভোট আয়োজনের কথা বলছিল একটি পক্ষ। জুলাই সনদের এক প্রকার ‘আইনি ভিত্তি’ তৈরির দাবিতেও তারা সম্মত হয়। কিন্তু এর নাম করে তাদের ভিন্নমত উড়িয়ে দিয়ে অন্য পক্ষের পছন্দমতো প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরির চেষ্টা কি গ্রহণযোগ্য হবে? উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘উদ্বেগ’ জানানো হয়েছে সংস্কার সম্পর্কিত কিছু প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য রয়ে গেছে বলে। দলগুলোকে অতঃপর বলা হলো নিজেরা আলোচনা করে পারলে সাত দিনের মধ্যে ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ দিতে। সরকার নাকি এতে কোনো ভূমিকা রাখবে না। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে পরে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সরকারের এমন অবস্থানে শুভবুদ্ধিসম্পন্ন মানুষও উদ্বিগ্ন হতে পারে। তারা তো জানে, কোন প্রশ্নে কোন দলের কী অবস্থান। দীর্ঘ দর-কষাকষিতেও এসব মতপার্থক্য যায়নি। সরকারেরও এটি ভালো করে জানা। তারপরও সর্বশেষ চেষ্টা হিসেবে হয়তো আরও কিছুটা বাড়তি সময় তারা দিল। নিজেরাও সময় নিল। তবে মনে রাখা প্রয়োজন, ডিসেম্বরের শুরুতেই তপশিল ঘোষণার কথা বলা আছে নির্বাচনের রোডম্যাপে। সংস্কার ঘিরে আরও কালক্ষেপণে সবচাইতে গুরুত্বপূর্ণ এ কাজটি যেন পিছিয়ে না যায়। ক্ষমতাচ্যুতদের অপরাধী অংশের বিচার ও সংস্কারে দৃশ্যমান বা প্রত্যাশিত অগ্রগতি আনার শর্ত দিয়ে নির্বাচন আর পেছানোর সুযোগ কিন্তু নেই। বিচারে কতটা কী অগ্রগতি শেষ পর্যন্ত হবে, সেটি এরই মধ্যে স্পষ্ট। এদিকে ‘অধিকতর সংস্কার’ নিশ্চিত করার চেষ্টায় ‘কম সংস্কার’ও সংকটে পড়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব ‘আশু বাস্তবায়নযোগ্য’ সংস্কার সেরে ফেলা যেত, সে কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মৌলিক সংস্কারে প্রত্যাশামতো অগ্রগতি আনার চেষ্টায় ব্যস্ত সরকার ছোটখাটো সংস্কারে সময় দিতে পারেনি বোধ হয়! পুলিশেও সংস্কার আনতে পারেনি এক বছরেরও অধিক সময়ে। ব্যাংক খাতের বাইরে অর্থনৈতিক সংস্কারে কোনো বলিষ্ঠ উদ্যোগ পরিলক্ষিত হয়নি। এ ক্ষেত্রটিতে রাজনৈতিক মতপার্থক্যের ঝুঁকিও ছিল না বলা চলে। ঝুঁকিমুক্ত অথচ ব্যাপক মানুষের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো কি তাহলে আকর্ষণ করেনি সরকারকে? দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে সমাধানযোগ্য এবং এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোই কি তাহলে আকর্ষণ করেছিল? যা হোক এটা ঘিরে এক প্রকার ‘ষড়যন্ত্রতত্ত্ব’ অবশ্য এখনও উড়ে বেড়াচ্ছে বাজারে।
আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো ‘পিন পয়েন্ট’ করা কিছু ইস্যুর নিষ্পত্তি করতে পারলে তো ভালোই। সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এতে অনানুষ্ঠানিকভাবে ভূমিকা রাখলেও ক্ষতি নেই। গণভোট হলে সেটি একাধিক কারণে জাতীয় নির্বাচনের সঙ্গেই হতে যাচ্ছে বোধ হয়। সে ক্ষেত্রেও বেশি ‘না’ ভোট পড়ার ঝুঁকি যেন তৈরি না হয়, সেটি ভাবতে হবে সংস্কারে অতিউৎসাহীদের। তেমনটি ঘটলেও সংস্কারের মাধ্যমে গণতন্ত্র মজবুত করার পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। জুলাই গণঅভ্যুত্থান এ ক্ষেত্রে অসাধারণ সুযোগ তৈরি করেছিল, তাতে কোনো সন্দেহ নেই।
হাসান মামুন : সাংবাদিক, কলাম লেখক
