আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ইতোমধ্যে এতে অংশগ্রহণকারী দলগুলোর নেতাকর্মী প্রচারণায় নেমে পড়েছেন। কেউ কেউ বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ কেউ ধর্মীয় লেবাস ও বার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাও করছেন। এ চিত্র কেবল গণঅভ্যুত্থানের পরই দেখা দিয়েছে, এমন কিন্তু নয়। বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় এই ধারা বহু পুরোনো হলেও গণঅভ্যুত্থানের পরে রাজনীতিবিদদের চিন্তাভাবনা ও তৎপরতায় পরিবর্তন প্রত্যাশিত ছিল। কিন্তু এখনও পুরোনো রাজনৈতিক ধ্যান-ধারণা থেকে আমরা বের হতে পারছি না।

মানুষের পোশাক-পরিচ্ছদ ওই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন। যারা উত্তর-উপনিবেশবাদ নিয়ে লেখালেখি করেছেন, তাদের অনেকের ভাবনায় পোশাক-পরিচ্ছদ ও সংস্কৃতির প্রশ্নটি বেশ জোরেশোরে গুরুত্ব পেয়েছে। বিশেষত উপনিবেশ-উত্তর সমাজকে চিন্তাভাবনায় সক্ষম করে গড়ে তোলার জন্য নিজ মাটি ও মানুষের সক্রিয় চর্চার দিক থেকে পোশাকের ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এর বাইরে বিভিন্ন ধর্মাবলম্বী ও মতাদর্শের মানুষ রয়েছে। এখানকার জীবনবোধ, আদব-কায়দা, আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদেরও বিভিন্ন ধরন রয়েছে। ফলে বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসকেও বিশেষ কোনো ফ্রেমে পুরোপুরি আটকে ফেলা অসম্ভব। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ইসলাম হলেও তাদের জীবনধারা ও চিন্তাভাবনায় যুক্ত হয়েছে নানা ধ্যান-ধারণা ও আচার-আচরণ। কিন্তু আমরা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদ অনেককেই যে পোশাক-পরিচ্ছদে দেখতে পাচ্ছি, তা বেশ কৌতূহলোদ্দীপক। কারণ এ প্রবণতায় যতটা আচার-আচরণ যুক্ত, তার চেয়ে ছদ্মবেশটা প্রকট।

এক পক্ষ বিভিন্ন কার্ড ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ভোট দিতে প্ররোচিত করছে। অপরপক্ষ পরকাল সম্পর্কিত ধর্মীয় বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত। তবে উভয় পক্ষেরই অনেক প্রার্থী ধর্মীয়ভাবে সংখ্যাগুরু জনগোষ্ঠীকে ধোঁকা দেওয়ার জন্য বিশেষ লেবাস পরছে, যা তাদের সচরাচর করতে দেখা যায় না।

একজন ধার্মিক কিংবা বিশেষ ধর্মানুসারী বিশেষ পোশাক-পরিচ্ছদ পরিধান করতে পারেন। এটা যে কোনো নাগরিকের ব্যক্তিগত পছন্দ। সুতরাং একজন ব্যক্তি তাঁর বিশ্বাস অনুযায়ী বিশেষ কোনো পোশাক পরিধান করে জনসমক্ষে গেলে তাঁর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ তোলার সুযোগ নেই। কিন্তু শুধু নির্বাচনকালে বিশেষ পোশাক কিংবা চিহ্ন পরিধান করে মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা জাতীয় রাজনৈতিক চর্চার জন্যই ক্ষতিকর। রাজনীতিতে ক্ষতিকর প্রবণতাটি কেবল কোনো বিশেষ দলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সব দলই সুযোগমতো এর ব্যবহার করছে। জনগণকে ধোঁকা দেওয়ার এই প্রবণতাই বুঝিয়ে দেয়– আমরা পুরোনো রাজনৈতিক চর্চা থেকে উল্লেখযোগ্যভাবে বেরিয়ে আসতে পারিনি। ফলে রাজনীতিবিদরা কতটা পরিবর্তন ও সংস্কার করবেন, তা আমরা বুঝতেই পারছি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হলে প্রথমেই আমাদের সংযত আচরণের চর্চা করা জরুরি। প্রতিশ্রুতির চেয়ে এখন আমাদের দরকার কাজ করে দেখানো। ‘কথামালার রাজনীতি’ দিয়ে হয়তো খানিক সময়ের জন্য কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে, কিন্তু এতে মৌলিক কোনো পরিবর্তন ঘটবে না। বরং শোষণ ও প্রতারণাভিত্তিক রাজনৈতিক ধারাটি আরও শক্তিশালী হবে। তা ছাড়া জনগণের মধ্যে গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তনের যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে, তা আবার ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষত তরুণদের এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী হিসেবে এগিয়ে এলে তারাই বেশি উপকৃত হবে। কারণ পুরোনো ক্ষমতার বলয় টিকে থাকার যতই চেষ্টা করুক না কেন, গণঅভ্যুত্থানের প্রজন্মই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং ইতিহাস তাদের সেই সুযোগ দিয়েছে। তবে আমরা বিদ্যমান ক্ষমতা কাঠামোর ধারকদের অনুকরণে তরুণ রাজনীতিকদের মধ্যেও যে প্রবণতা দেখছি, তাতে গণঅভ্যুত্থানের ফসল নিয়ে বেশ শঙ্কিত। যদি এই আশঙ্কা বাস্তব হয়, তাহলে বাংলাদেশ আরও জোরালো শোষণের বলয়ে ঢুকে পড়বে।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল