শ্রম রপ্তানির নামে বাংলাদেশের তরুণদের রাশিয়ায় পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে ঠেলে দিচ্ছে কয়েকটি দেশি-বিদেশি সংঘবদ্ধ আদম পাচারকারী চক্র। যুগ যুগ ধরে বাংলাদেশের শ্রম রপ্তানি খাত বৈদেশিক মুদ্রার জোগান দিয়ে বহু পরিবারকে বাঁচিয়েছে দরিদ্রতার কশাঘাত থেকে। এ দেশের অর্থনীতির ইমারত মজবুত করেছে এবং প্রান্তিক পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। যুদ্ধবিগ্রহ পূর্ণ বৈশ্বিক বাস্তবতায় অযুত সম্ভাবনাময় সেই শ্রমবাজারই আজ ভয়াবহ প্রতারণার মুখে। মানব পাচারের বহুমাত্রিক রূপ সরলমনা যুকদের ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত। মূলত ঢাকার বাইরের ২৫-৩৫ বছর বয়সী তরুণ-যুবকদেরই টার্গেট করছে এ নেটওয়ার্ক।
লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও চুয়াডাঙ্গাসহ বহু অঞ্চলের বাবা-মা ও স্ত্রী-পরিজন জানেই না যে, তাদের প্রিয়জন জীবিত নাকি মৃত! কী হয়েছে তাদের প্রিয়জনের চূড়ান্ত পরিণতি। \r\nবন্যা বিজয় ওভারসিজ, এসপি গ্লোবাল রিসোর্স, ম্যানিজ পাওয়ার করপোরেশন ও ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড নামের চারটি এজেন্সির নাম এসেছে এ চক্রের সঙ্গে। এজেন্সিগুলো স্থানীয় দালালদের সহায়তায় এক থেকে দেড় লাখ টাকা বেতনের কথা বলে ৫-১১ লাখ টাকার চুক্তি করে। এসব লোকজনকে সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি নামের একটি চীনা প্রতিষ্ঠানে কাজের কথা বলে পাঠানো হয়। বাস্তবে সেখানে পৌঁছেই তারা জানতে পারেন, গন্তব্য আসলে যুদ্ধক্ষেত্র।
শ্রম রপ্তানির নামে যদি যুদ্ধের ময়দানে বাংলাদেশে তরুণদের ঠেলে দেওয়া হয়, তবে এটি শুধু প্রতারণা নয়- এটি দেশের মর্যাদার জন্যও চরম অবমাননার। সময় এসেছে কালবিলম্ব না করে সরকারকে কঠোর হওয়ার। প্রতারকদের প্রতিরোধ করতে রাষ্ট্রকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নয়তো বাংলাদেশি শ্রমিকদের ঘাম ও রক্ত দুটোই বিদেশের মাটি কিংবা সাগরে বিলীন হয়ে যাবে। যা আমাদের কারোরই কম্য নয়। \r\nসম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন জেলার অসংখ্য তরুণকে উচ্চ বেতনের চাকরি র লোভ দেখিয়ে পাঠানো হয়েছে রাশিয়ায়। তারা গেছেন শ্রমিক ভিসায়, অথচ পৌঁছে দেখেন তাদের কর্মক্ষেত্র যুদ্ধের ময়দান। রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে তাদের। এ ঘটনা আমাদের জন্য অতি উদ্বেগজনক এবং জাতীয় নিরাপত্তা ও মানবাধিকারের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিদেশে শ্রম রপ্তানিতে অশনি সংকেত। আমরা মনে করি, রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব হচ্ছে, তাদের খোঁজ নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জানানো, তাদের সন্তান বা স্বামী জীবিত না মৃত। দায়ীদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি নিশ্চিত করা। এ ঘটনা নিছক প্রতারণা নয়- এটি মানব পাচার ও জোরপূর্বক যুদ্ধে অংশগ্রহণের মতো আন্তর্জাতিক অপরাধ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একযোগে তদন্ত করে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
