ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এর কোনো অগ্রিম বার্তা পাওয়া যায় না বিধায় এটি যেন এক নীরব দুর্যোগ। আচমকা ভূমিকম্পে বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের বহু দেশ। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের নাম বলা চলে প্রথমেই। কয়েক সেকেন্ডের কম্পনই হাজারো ভবন ধসিয়ে দিতে পারে, থামিয়ে দিতে পারে একটি শহরের স্বাভাবিক জীবনযাত্রা। এমনটাই হয়েছে সম্প্রতি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি। এই ভূমিকম্পে রাজধানীর বেশ কিছু জায়গায় নির্মাণাধীন ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। এছাড়াও পুরান ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ভবন ধসে পড়েছে এবং অনেকে নিহত ও আহত হয়েছে বলে তথ্য জানা যায়।

এই ভূমিকম্প শুধু বাংলাদেশেই নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায়ও অনুভূত হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ভূমিকম্প-ঝুকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। কারণ বাংলাদেশ ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এই অঞ্চলে প্লেটগুলো একে অপরের দিকে ধীরে ধীরে ধাক্কা দিচ্ছে। অনেক চাপ জমে গিয়ে একসময় হঠাৎ মুক্তি পেলে ভূমিকম্প হয়। এছাড়া তিনটি সক্রিয় ফল্টলাইন- ডাউকি ফল্ট, চিটাগাং–আরাকান ফল্ট এবং মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের ফল্টস লাইন বাংলাদেশকে ঘিরে রয়েছে। এই ফল্টগুলো খুবই সক্রিয় বিধায় এখানে বড় ভূমিকম্প হওয়ার ইতিহাস আছে। তাছাড়াও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের মতো স্থানে নরম মাটি, ঘনবসতি, উঁচু ভবন ও অনিয়ন্ত্রিত নির্মাণ প্রভৃতি হতে পারে ভূমিকম্পের অন্যতম কারণ।

ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থের একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে জনসচেতনতার অভাব। বাংলাদেশের অধিকাংশ মানুষ ভূমিকম্পের সময় কী করতে হবে সে সম্পর্কে অবগত নয়। এছাড়া স্কুল-কলেজে ড্রিল বা মহড়ার অভাব এবং অফিস, বাজার, আবাসিক এলাকায় কোনো জরুরি পরিকল্পনা এবং দ্রুত প্রস্থানের ব্যবস্থা নেই। ভূমিকম্প মোকাবেলায় সরকারি উদ্যোগের সীমাবদ্ধতা বহুলাংশে লক্ষণীয়। দুর্যোগের সময় কোথায় কার দায়িত্ব সেটা অনেক ক্ষেত্রেই অস্পষ্ট। পরিকল্পনা থাকা সত্ত্বেও বাস্তবে সমন্বয় দুর্বল। এছাড়াও বড় ভূমিকম্পের যে হেভি রেস্কিউ সরঞ্জাম প্রয়োজন– অনেক ক্ষেত্রেই তা নেই। তাছাড়া ভবন ধসের পর উদ্ধারকাজ চালানোর পর্যাপ্ত যন্ত্রপাতি সীমিত। দেশের ৫০ শতাংশের বেশি ভবন কোড অনুযায়ী তৈরি নয়। সরকারি তদারকি দুর্বল। ফলে ঝুঁকি থেকেই যায়।

বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চল ঝুকিপূর্ণ হলেও নতুন ডাটা ব্যবহার করে আপডেট করা হয়নি। ফলে সঠিক ঝুঁকি মূল্যায়ন ছাড়া পরিকল্পনা করা কষ্টকর হয়ে দাঁড়ায়। বহির্বিশ্বে জাপান, চিলি, নেপালের মতো দেশগুলো আজ প্রযুক্তি, প্রশিক্ষণ, কঠোর ভবন কোড এবং জনসচেতনতার মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হয়েছে। তুরস্কে উন্নত সিসমিক অ্যালার্ট সিস্টেম রয়েছে; যা কয়েক সেকেন্ড আগে সতর্ক করে। অনেক গুরুত্বপূর্ণ ভবন নিজেরাই সাপোর্ট-ব্রেকিং সিস্টেম সক্রিয় করে দেয়, যেন ভবন ধসে না পড়ে। তাদের সাফল্যের সবচেয়ে বড় সহস্য হলো প্রস্তুতি। আর ঠিক এখানেই পিছিয়ে আছে বাংলাদেশ। \r\nভূমিকম্পের ঝুঁকি কমাতে সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়। যেমন- বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) বাধ্যতামূলক মানাতে হবে।

নতুন ভবন নির্মাণে ইঞ্জিনিয়ারিং নকশা ঠিকমতো যাচাই করতে হবে। অনিয়ম করা নির্মাতা ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পুরানো ফাটল ধরেছে এমন ভবনগুলো রেস্ট্রোফিটিং করে শক্তিশালী করতে হবে। ভূমিকম্পের সময় কী করতে হবে এটা শেখাতে স্কুল-কলেজ ও অফিসে নিয়মিত ড্রিল জরুরি। ডাক-কভার-হোল্ড অনুশীলন শেখানো উচিত। মহড়া বাধ্যতামূলক করা গেলে হয়রানি, আতঙ্ক ও অব্যবস্থাপনা কমবে। প্রতিটি স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, শপিং মল ও বড় ভবনে জরুরি প্রস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উদ্ধার কাজে আধুনিক সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নতুন রাস্তাঘাট, আবাসন বা বাণিজ্যিক প্রকল্প অনুমোদনের আগে ভূমিকম্প ঝুঁকি চেক করতে হবে। একটি বড় ভূমিকম্প হলে ঢাকা শুধু ভবনধসেই থেমে থাকবে না; আগুন, রাস্তাঘাট বন্ধ, উদ্ধার কাজ আহত, হাসপাতাল অচল, আর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে পুরো শহর একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হতে পারে। তাই আমাদের উচিত উক্ত পদক্ষেপগুলো প্রহণ করে পূর্ব সতর্কতা অবলম্বন করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।