সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিকে চাহিদামতো বই পাওয়া যায়নি। ফলে নতুন বই হাতে পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে বহু শিক্ষার্থীকে। অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে অসন্তোষ। শতভাগ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন পাঠ্যবই তুলে দেওয়ার অঙ্গীকার করেছিল সরকার। কিন্তু এবারও সে অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শুধু যে পাঠ্যবই পায়নি বিষয়টি এমন নয়, পাঠ্যবইয়ের মান নিয়েও অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন। প্রতিষ্ঠানগুলোতে কোনো শ্রেণির শিক্ষার্থী ৩টি বই পেয়েছে, আবার সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী বই না পেয়েই খালি হাতে ফিরেছে।
এ সময় তাদের মন খারাপ করতেও দেখা গেছে।\r\nজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণের জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক, দাখিল, (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমের মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৬৬ শতাংশ বই উপজেলার পর্যায়ে পাঠানো হয়েছে।\r\nনববর্ষে নতুন শ্রেণিতে নতুন বই, শিক্ষানুরাগী কিশোর-তরুণদের মাঝে ঢেউ তোলে আনন্দের। তবে প্রতি বছর জানুয়ারি মাসে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে এক বেহাল দশার অবতারণা হয় দেশে।
তাছাড়া পাঠ্যবইয়ের মান নিয়েও রয়েছে প্রশ্ন। অনেক অভিভাবকের অভিযোগ শিক্ষার্থীদের বই নতুন হলেও সেগুলো নিম্নমানের। যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। \r\nবাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচি দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় অর্জন। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উৎসব আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। কিন্তু সেই অর্জন এখন নিয়মিত প্রশ্নের মুখে পড়ছে। এই অব্যবস্থাপনায় দরপত্র বাতিল, পুনরায় দরপত্র আহ্বান, অনুমোদন পেতে দেরি এবং চুক্তি সম্পাদনে সময়ক্ষেপণ- সব মিলিয়ে আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতা ও আন্তরিকতার অভাব রয়েছে সংশ্লিষ্টদের। দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয়হীনতা সংকটকে আরও ঘনীভূত করেছে। এছাড়াও রয়েছে কাগজ সংকটসহ মুদ্রণ সমস্যা। শিক্ষাবর্ষের শুরুতে বই না পাওয়া শুধু একটি সরবরাহগত ব্যর্থতা নয়; এটি শিক্ষার্থীদের প্রতি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে ব্যর্থতারও বহিঃপ্রকাশ। এই অব্যবস্থাপনার যথাযথ সংস্কার না হলে বই উৎসব ক্রমেই পরিণত হবে কাগুজে স্লোগানে। আর বিড়ম্বনার দায় বহন করবে দেশের লাখ লাখ শিক্ষার্থী।
