মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউনিপোলার বিশ্বব্যবস্থা বিশ্বকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। একদিকে কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণহীন পুঞ্জিভবন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতির প্রতিযোগিতার পাশাপাশি প্রযুক্তিগত একাধিপত্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনঠাসা অবস্থায় নাগরিক সমাজকে বলির পাঠা বানিয়ে একটি যুদ্ধবাদি অর্থনীতিকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বিশ্বকে একটি অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দেয়া হয়েছে। আব্রাহাম লিঙ্কন থেকে বারাক ওবামার মত প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে মার্কিন রাজনৈতিক নেতৃত্ব বিশ্বে যে সমীহ আদায় করতে সক্ষম হয়েছিল, জর্জ বুশ ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের কারণে সে অবস্থান ক্রমে ক্ষয়িষ্ণু হতে হতে তা এখন প্রান্তসীমায় উপনীত হয়েছে।

বৃটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জন এবং শত বছরের পরিক্রমায় বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হতে দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে পারমানবিক মারণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে হিরোশিমা-নাগাসাকিতে লাখ লাখ মানুষ হত্যার পথ বেছে নিতে হয়েছিল। গণবিধ্বংসী মারণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা এবং পুঁজির অনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর ভর করে কোনো বিশ্ববিব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। অদৃশ্য হিমবাহের আঘাতে টাইটানিক জাহাজের তলা ফেটে যাওয়ার পরও জাহাজটি ডুবতে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছিল।

আমেরিকান রেভ্যুলেশনারি ওয়ারের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন মার্কিন রাষ্ট্রের শাসকগোষ্ঠি বা নেতৃত্বে যখন এমন ব্যক্তিরা স্থান পায়, যারা ভিন্ন দেশের উপর পারমানবিক অস্ত্র ব্যবহার করে গণহত্যাসহ অনৈতিক-বেআইনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মানবিকতার সব স্তরকে অতিক্রম করতে শুরু করে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সা¤্রাজ্যবাদের পতন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মত উম্মাদ-প্রতিম ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের মধ্য দিয়েই এই পতনের সূচনা হয়েছে। যে রাষ্ট্রের শাসক ‘আমেরিকা ফার্স্ট’ শ্লোগান দিয়ে নির্বাচিত হয়ে মার্কিন জনগণের উপর বৈষম্য, নিপীড়ন ও বাড়তি করের বোঝা চাপিয়ে দেয়, বাণিজ্যিক অংশীদার রাষ্ট্র ও বিশ্বসম্প্রদায়ের উপর যুদ্ধবাদি অর্থনীতি চাপিয়ে দেয়, সে রাষ্ট্র স্বাভাবিকভাবেই বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা বা লিগ্যাসি হারায়। জায়নবাদি প্রটোকলের আওতায় অতি ক্ষুদ্র একটি গোষ্ঠির স্বার্থে বিশ্বকে বিভাজিত, অস্থিতিশীল করে কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে মার্কিন শাসকশ্রেণী বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা জাতি-গোষ্ঠির প্রতিপক্ষে পরিনত হয়েছে। কোনো বিশেষ রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, জায়ানিস্টদের প্রভাবাধীন কর্পোরেট নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় জুলুম, আগ্রাসনের এই বিশ্বব্যবস্থার উপর মার্কিনীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মূলসুত্র একটি নির্দিষ্ট জিও-পলিটিক্যাল-কালচারাল হেজিমনিক এজেন্ডা দ্বারা পরিচালিত হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে ইউরোপ-আমেরিকার গাঁটছড়ায় প্রতিষ্ঠিত নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রধান টার্গেট ছিল সোভিয়েত সমাজতান্ত্রিক বলয়ের ঐক্য, শক্তিমত্তা ও প্রভাবকে খর্ব করতে সম্ভাব্য সবকিছু নিশ্চিত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিগুনের বেশি বড় সোভিয়েত ইউনিয়নের বিশাল ও বৈচিত্র্যময় ভূগোল, বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পরমাণু বোমার মজুদ এবং কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ সত্ত্বেও তার ক্ষয়িষ্ণু অর্থনৈতিক বাস্তবতার গ্যারাকল থেকে রাশিয়া বাঁচতে পারেনি। বিগত শতকের আশির দশকের শেষদিকে বিনাযুদ্ধে, বিনা নোটিশে অনেকটা আকস্মিকভাবে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ফেডারেশন ভেঙ্গে ইউক্রেন, বেলারুশসহ মধ্য এশিয়ার দেশগুলো আলাদা হয়ে যাওয়ার পরও আয়তনের দিক থেকে রাশিয়া এখনো বিশ্বের বৃহত্তম রাষ্ট্র।

সোভিয়েত সমাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে ওয়ারশ’ সামরিক জোটের বিলুপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দুই পরাশক্তির পারমানবিক সংঘাতের আশঙ্কা অনেকটা দুরিভূত হলেও ন্যাটো জোটের প্রয়োজনীয়তা না থাকলেও নব্বই দশক থেকে এই জোটের আয়তন, বাজেট এবং যুদ্ধ উন্মাদনা আগের চেয়ে বেড়ে যায়। সেই যুদ্ধ উন্মাদনার মূল টার্গেট মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের উপর পশ্চিমাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। প্রথম গাল্ফ ওয়ার, ওয়ার অন টেররিজমের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর উপর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের রাষ্ট্র দখল ও নৈরাজ্য সৃষ্টিকারী আগ্রাসনের মধ্য দিয়ে তথাকথিত যুদ্ধবিরোধী বিশ্বব্যবস্থার অকার্যকারিতা প্রমানিত হয়েছে।

ইউরোপে বিশ্বযুদ্ধের ঘনঘটা, বৃটিশ ঔপনিবেশিক নিয়ন্ত্রণ ও ম্যান্ডেট থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির আওতায় ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ প্রক্রিয়ায় ইসরাইল প্রতিষ্ঠা করে যে বিষফোঁড়ার জন্ম দেয়া হয়েছিল তা এখন দূরারোগ্য ক্যান্সারে পরিনত হয়েছে। এই ক্যান্সারের টিউমার অপসারণ না করে পশ্চিমারা মধ্যপ্রাচ্যের অখন্ড রাজনৈতিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক দেহটিকে খন্ড-বিখন্ড করে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে। নাইন-ইলেভেনে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মঘাতি-সন্ত্রাসী বিমান হামলার প্রথম প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ কোনো রকম, তদন্ত বা তথ্য-প্রমান ছাড়াই সেই ঘটনার দায় তথাকথিত আল কায়েদা বা মুসলিম সন্ত্রাসি গোষ্ঠির ঘাড়ে চাপিয়ে মুসলিম বিশ্বের উপর আক্ষরিক অর্থেই ‘ক্রুসেড’ ঘোষণা করেছিলেন। এরপর আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে একের পর এ মুসলিম রাষ্ট্রের উপর সামরিক আগ্রাসন, বাণিজ্য ও অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা দিয়ে দুই দশক ধরে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বকে সন্ত্রস্ত করে রাখা হয়। ওয়ার অন টেররিজমের নামে ন্যাটো জোটের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রথম লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতার ইস্যুটিকে আড়াল করে ইসরাইলের নিরাপত্তাকে সামনে নিয়ে আসা এবং মার্কিন নিয়ন্ত্রণের বাইরে থাকা মধ্যপ্রাচ্যের সম্ভাব্য রাজনৈতিক-অর্থনৈতিক শক্তি নির্মূল করার সাথে সাথে চুড়ান্ত টার্গেট হিসেবে ইরানে রেজিম চেঞ্জের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে একটি পশ্চিমা বশংবদ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা।

ওয়ার অন টেররের নামে দুই দশক ধরে যে যুদ্ধ যুদ্ধ খেলা ও রক্তের হোলিখেলা চালানো হয়েছে; তার নেপথ্যে ছিল জায়ানিস্ট এলডারদের এক ঢিলে দুই পাখি মারার কৌশল। একদিকে এমআইসির (মিলিটারি ইন্ডাসট্রিয়াল কমপ্লেক্সে) ট্রিলিয়ন ডলারের গেম চেঞ্জার বাণিজ্য কৌশল, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সম্পদ লুন্ঠন, অশান্ত ও খন্ড-বিখন্ড করে গ্রেটার ইসরাইল(ওল্ড টেস্টামেন্টে বর্ণিত প্রমিজ্ড ল্যান্ড) গঠণের রূপরেখা বাস্তবায়ন করা। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের মানচিত্রের উপর দাগ কেটে ভূমি দখল ও গ্রেটার ইসরাইল রাষ্ট্রের রূপরেখা প্রকাশ করেন। সেখানে ইরাণের উপর সম্ভাব্য সামরিক হামলার ব্লু প্রিন্টসহ তার ন্যায্যতা প্রমানের চেষ্টা করেন নেতানিয়াহু।

তার সেই বক্তব্যের পর ইহুদি সেটেলাররা আগের চেয়ে বেপরোয়া হয়ে ওঠে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, জমি দখল, আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা, মসজিদে হামলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাত্রা আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ার এক পর্যায়ে গাজার নির্বাচিত শাসকদল হামাসের সামরিক শাখা আল আকসা ব্রিগেড ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ‘অপারেশন আল আকসা ফ্লাড’ আকষ্মিক এক কমান্ডো অভিযান পরিচালনা করে কয়েকশ সামরিক-বেসামরিক ইসলারাইলী নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে। মূলত ফিলিস্তিনের স্বাধীনতা সহ অমিমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা ও দরবষাকষির জন্যই তারা এই অভিযান পরিচালনা করেছিল বলে মনে করা হয়।

যুদ্ধবাজ নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে দুই বছর ধরে গাজায় নির্বিচার বিমানহামলা ও গণহত্যা চালিয়ে গাজা উপত্যকাকে একটি ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরিতে পরিনত করে। তবে হামাসের টানেল ধ্বংস এবং জিম্মি হওয়া ইসরাইলীতেদর মুক্ত করার লক্ষ্যে ইতিহাসের বর্বরতম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েও তারা লক্ষ্য অর্জনের ধারে কাছেও যেতে পারেনি। আমেরিকা ও কাতারের মধ্যস্থতা ছাড়া দুই বছরে একজন ইসরাইলীকেও মুক্ত করতে পারেনি। হামাসের প্রতিরোধের কাছে ইসরাইল-আমেরিকার আগ্রাসন চরম ব্যর্থতায় পর্যবসিত হয়। মধ্যপ্রাচ্যের প্রতিবেশি ও বিশ্বসম্প্রদায়ের নিস্ক্রিয় ভূমিকার মধ্যে প্রতিদিন শত শত বিমান হামলা চালিয়েও যখন হামাস, হিজবুল্লাহ-হুতিদের নিরস্ত্র করা যাচ্ছিল না, তাদের নেটওয়ার্ক ধ্বংস করা যাচ্ছে না, তখন আকষ্মিকভাবে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর বিপুল উদ্দীপনায় ইরাণে ইসরাইল-আমেরিকা যৌথ সামরিক আগ্রাসন চালিয়ে মধ্যপ্রাচ্যের ওয়ার গেমের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গত বছরের জুনমাসে ১২ দিনের যুদ্ধে ইসরাইল আমেরিকার বিমান হামলাকে ব্যর্থ করে দিয়ে ইসরাইলে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে তাদের আয়রনডোম, থাডসহ চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দূর্গ ধসিয়ে তেল আবিবে ধ্বংস ডেকে আনার পর ইসরাইল -আমেরিকা ইরানের সাথে তড়িঘড়ি যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছিল। ইসরাইল-আমেরিকা ইরাণের অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইরানকে ভেতর থেকে বিশৃঙ্খল, খন্ড-বিখন্ড ও ধ্বংস করে দেয়ার যে পরিকল্পনার প্রথম থাপে বড় সাফল্য পেলেও ইরানি গোয়েন্দা নেটওয়ার্ক ও আইআরজিসির পাল্টা ব্যবস্থার মধ্য দিয়ে সিআইএ-মোসাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দিতে বেশি সময় লাগেনি।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বব্যবস্থা আক্ষরিক অর্থেই আর তার ভারসাম্য বজায় রাখতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পের মত চরমপন্থী বর্ণবাদী ব্যক্তিকে দ্বিতীয়বারের মত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন রাজনৈতিক বন্দোবস্ত ও এর নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর জায়নিষ্টদের আধিপত্যের প্রমান পাওয়া যায়। ইরান কখনো কোনো প্রতিবেশি দেশের উপর আগ্রাসন বা দখলদারিত্ব চালায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা আঞ্চলিক-আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ইরান কখনো হুমকি হয়ে ওঠেনি। শুধুমাত্র নতুন করে আরব ভূমি দখল করে গ্রেটার ইসরাইল গঠন পরিকল্পনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে ইসরাইলের অস্তিত্বের সংকট ছাড়া ইরান আর কোনো শক্তির জন্য হুমকি নয়।

এককোটিরও কম জনসংখ্যার ইসরাইলকে তার প্রতিবেশিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে হাজার বছরের গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের ধারক ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যকেই মানবসভ্যতার ধ্বংসস্তুপের ভাগাড়ে পরিনত করতে চায় ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তিনি বিশ্বসম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ সংস্থা ও কর্মসূচি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতেও পিছ পা হচ্ছেন না। শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, গাজা যুদ্ধের ভয়াবহতা বাড়িয়ে তোলতে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক। মার্কিন রাজনীতির নাটাই জায়নবাদি ইসরাইলিদের হাতে, এর মধ্য দিয়ে এমন বক্তব্যের সারবত্তা প্রমানিত হয়।

পঞ্চাশের দশকে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানের নির্বাচিত গণতান্ত্রিক সরকার হটিয়ে পশ্চিমা বশংবদ রেজা শাহ পাহলবিকে পুনরায় ক্ষমতায় বসানো, ইরাক, লিবিয়া, মিশর ও সিরিয়ায় রেজিম চেঞ্জের আদলে কিংবা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে সমাজতন্ত্রের পতন নিশ্চিত করার মত ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে সেখানকার জনগণকে মুদ্রাস্ফীতি ও দুর্ভোগ চাপিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে তা সরকারবিরোধী অভ্যুত্থানে পরিনত করার পশ্চিমা নীলনকশার সর্বশেষ প্রয়াস ছিল ইরানের সাম্প্রতিক সরকার বিরোধি আন্দোলন। ইরানিদের প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা শেষ পর্যন্ত সে চেষ্টাকেও ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।

আন্দোলনের সময় ইসরাইল ও মার্কিন নেতারা ইরানি জনগণকে আন্দোলন চালিয়ে যেতে প্রকাশ্য গণমাধ্যমে উস্কানি দিয়েছিল। শত শত ইসরাইলি গোয়েন্দা এজেন্ট ইরানের গোয়েন্দা জালে ধরা পড়ার পর লাখ লাখ ইরানি সরকারের সমর্থনে রাস্তায় নেমে এসে খামেনির প্রতি তাদের সমর্থন প্রকাশ করে বিশ্বকে যে বার্তা দিয়েছে, তাতে ইসরাইলী ও মার্কিনীদের মুখের উপর চুনকালি পরেছে। মুখ রক্ষা করতেই ডোনাল্ড ট্রাম্প এখন ইরানে সামরিক আগ্রাসনের নাটক সাজাচ্ছেন। ইরান ভয় পেয়ে সুর নরম করলে ট্রাম্পের মুখ রক্ষা হতো। কিন্তু বেরসিক ইরানিরা হুমকি ও আগ্রাসনের প্রত্যাঘাতের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হুরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে আবারো সাহস ও বীরত্বের জানান দিয়েছে। মার্কিন রণতরি ইউএস আব্রাহাম লিঙ্কনসহ নৌবহরের জাহাজগুলো এখন ইরানি মিসাইলের টার্গেট। এহেন বাস্তবতায় ডোনাল্ড ট্রাম্পের নাটকীয় পিছুটানের অপেক্ষায় বিশ্ব। অন্যথায় ইরানের সাথে আসন্ন যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ইউনিপোলার বিশ্বের পরিসমাপ্তি হতে পারে। মাৎস্যন্যায় , আগ্রাসন ও যুদ্ধবাদী অর্থনীতির গ্যারাকল থেকে বিশ্বসম্প্রদায়কে মুক্ত করতে হলে এই একাধিপত্যের বিশ্বব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনো গত্যন্তর নেই। ইরানের সাথে চীন, রাশিয়া, উত্তর কোরিয়াসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকায় এবার বদলে যেতে পারে বিশ্বব্যবস্থার চিত্র।

bari_zamal@yahoo.com