স্বৈরাচার হাসিনার ভারতে পলায়ন, অন্তর্বর্তী সরকারের দেড় বছর দায়িত্ব পালন এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্র পরিচালনায় ফিরে এসেছে বিএনপি। রাজনৈতিক নেতৃত্বেও এসেছে বড় পরিবর্তন। সরকারের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক জটিলতা। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা, দুর্বল ব্যাংকিং খাত, বৈদেশিক ঋণের চাপ, সীমিত আর্থিক সক্ষমতার মধ্যেই সরকারকে তার রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ খুঁজতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার চার মাসের মাথায় তার প্রথম বাজেট সংসদে পেশ করেছে। এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, বিনিয়োগ এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা।
সরকার আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা গতবারের থেকে ২৫ হাজার বৃদ্ধি পেয়ে পৌনে চার লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করার বিবেচনায় আনা উচিত। সামরিক খাতে বাজেটে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সামরিক ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত নয় বলে প্রতীয়মান হয়। এ ক্ষেত্রে প্রতিরক্ষা বাজেট ৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৪৭ হাজার ৪৯৭ কোটি টাকার প্রস্তাব বিবেচনায় আনা উচিত। এবারের বাজেটে সরকারের সুচিন্তিত পরিকল্পনায় ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেন ভাড়া লাগবে না এবং মেট্রোরেলেও তাদের জন্য ছাড় রয়েছে ২৫ শতাংশ। এদুটো সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, সেই হিসেবে নারী ও শিশু উন্নয়নে বাজেট বাড়ানো উচিত।
বাজেটে ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খুলতে এই টিআইএন সনদ দেখাতে হবে না। মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে ধরে রাখার চেষ্টা থাকবে সরকারের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ(বিবিএস) সর্বশেষ তথ্যে দেখা যায়, মে মাসে মূল্যস্ফীতির হার আরো বেড়ে ১৬ মাসের সর্বোচ্চ হয়েছে। সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ৯ দশমিক ৪২ শতাংশ সার্বিক মূল্যস্ফীতির অর্থ দাঁড়ায় গত বছর মে মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরে মে মাসে পেতে খরচ করতে হয়েছে ১০৯ দশমিক ৪২ টাকা। সেই হিসেবে মূল্যস্ফীতির লাগাম ৭.৫ শতাংশের মধ্যে টেনে ধরা কতটা সম্ভব সেটাই প্রশ্ন। বাজেটে যে ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এডজাস্ট হবে সেটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে।
বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়ছে ১৭,৩৪৫ কোটি টাকা: সরকারের নীতিগত সিদ্ধান্তকে সাধুবাদ। বাজেটে বিদ্যুৎ খরচ কমেছে। শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে সৌরবিদ্যুৎ উপকরণ আমদানি। ২০৩০ সালের মধ্যে ৩৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। নতুন অর্থ বছরে বরাদ্দ বাড়ছে ৩৯৩ কোটি টাকা। শুল্ক তুলে দিতে যে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে, এতে গড়ে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক থেকে রেহাই পাবে সৌরবিদ্যুৎ খাত। এর মধ্যে দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ ইতিবাচক সাড়া দিতে হবে। ফলে দেশের জ্বালানি নিরাপত্তার নতুন ধারা শুরু হবে। প্রতি মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে অন্তত ৬০ জনের কর্মসংস্থান তৈরি হয়। এখন এ খাতে ব্যাপক কর্মসংস্থান হবে। এতে আগামী ৫ বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের ব্যাপারে বাজেটে সুখবর আছে। এর আগে বিগত সরকারগুলো নির্বাচনের সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি, বরং তিস্তা পাড়ের মানুষের ভাগ্যবদল ও জীবনযাত্রা নিয়ে তালবাহানা করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যবদল ও জীবনযাত্রার মান উন্নয়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যার মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫৯৮ কিলোমিটার খাল খননের কার্যক্রম চলমান রয়েছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ বলছে, ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসেবে মোট দেশজ উৎপাদন দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। সেই হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলনে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা অনেকটাই অসম্ভব। তারপরও অর্থমন্ত্রী ২০২৭-২৮ অর্থবছরের জন্য প্রাক্কলন করেছেন জিডিপির ৭ শতাংশ ও ২০২৮-২৯ অর্থবছর সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি। যেটা অনেকটা অসম্ভব বলে মনে করেন পর্যবেক্ষকরা। বাজেটে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার কীভাবে পূরণ করা হবে সে ব্যাপারে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অনেকের মতে, বাজেটটি সংখ্যাভিত্তিক বাস্তব পরিকল্পনার চেয়ে ইশতেহারনির্ভর প্রতিশ্রুতির ওপর বেশি দাঁড়িয়ে আছে। জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অস্থিরতা অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে বলে প্রতীয়মান হয়, তাছাড়া রাজস্ব আদায়ে তরিৎ দিকনির্দেশনাও নেই।
লেখক: অর্থনৈতিক বিশ্লেষক।
