নদীমাতৃক বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাবে কখনো অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি হয়ে থাকে। চলছে কৃষি উৎপাদনে তাপ প্রবাহের উত্থান-পতন। কৃষি ব্যবস্থাপনায় বহুমাত্রিক সীমাবদ্ধতায় আগামী দিনে দেশের প্রধান খাদ্যপণ্য ধান উৎপাদনে শঙ্কার ছায়া দৃশ্যমান। বাংলাদেশের কৃষি সমাজ কাঠামোয় ধান উৎপাদন দীর্ঘদিন ধরেই খাদ্য নিরাপত্তার মূল ইমারত হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোর প্রদেয় কৃষি তথ্যের আলোকে দেশের কৃষিবিজ্ঞানীগণ মনে করেন, ধানের উৎপাদন সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আগামী ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায় বড় ধরনের সংকট তৈরি করবে। আমাদের দেশে প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে এখনো একক ফসল ধান চাষ করা হয়।

\r\nবাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। গবেষণায় দেখানো হয়, ধানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কৃষি অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। বোরো ধানের উৎপাদন বৃদ্ধির হার বিগত কয়েক বছর ধরে স্থবির হয়ে আছে। নতুন হাইব্রিড জাত, পানিসাশ্রয়ী প্রযুক্তি কিংবা লবণাক্ত সহনশীল ধানের জাত উদ্ভাবন না হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মৌসুমটি ভবিষ্যতে গুরুতর সংকটে পড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। গবেষকরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাতের হিসাব-নিকাশ বদলে যাওয়ায় সঠিক সময়ে চাষ, সেচ কিংবা কাটা-মাড়াই করা কঠিন হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ধান উৎপাদনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

\r\nদেশের মাঠ পর্যায়ের তথ্য থেকে জানা যায়, কৃষি শ্রমিকেরা স্বাভাবিক কর্মঘণ্টা ধরে রাখতে পারছেন না তাপপ্রবাহের ফলে। এর ফলে জমি প্রস্তুত, চারা রোপণ ও ফসল কাটায় দেরি হচ্ছে, যা উৎপাদন কমিয়ে দিচ্ছে। ফলে কৃষি শ্রমঘণ্টা কমেছে প্রায় ২০ শতাংশ। এ ছাড়াও কৃষিজমির অত্যধিক ধাননির্ভরতা তৈরি করছে একমুখী ঝুঁকি। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে রয়েছে ধীরগতি যা আশানুরূপ উৎপাদনে তৈরি করছে প্রতিবন্ধকতা। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে জমির উর্বরতা কমছে এবং পানির গুণগত মানও পড়ছে হুমকির মুখে। প্রান্তিক কৃষকরা উচ্চমূল্য, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও তথ্য ঘাটতির কারণে আধুনিক কৃষিযন্ত্রের সাথে সংযুক্ত হতে পারছে না। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, আর মাঠ পর্যায়ে কমছে দক্ষতা। দীর্ঘমেয়াদে যার প্রভাব পড়ছে ধান উৎপাদনে। আগামী দিনের খাদ্য নিরাপত্তার জন্য জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন এবং পরিমিত সার ব্যবহারের দিকে এখনই যত্নবান হতে হবে। অন্যথায় ধান উৎপাদন কমে গণমানুষের খাদ্য নিরাপত্তা পড়বে চরম ঝুঁকির মধ্যে।