গত কয়েক দশকে বাংলাদেশের শক্তি, অর্থাৎ জ্বালানি ও বিদ্যুৎ, খাতে অভাবনীয় পরিবর্তন এসেছে। বিশেষত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বড় বড় প্রকল্প নেয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার দাবি করা হয়েছে। কিন্তু নানা সময়ে নেয়া প্রকল্প ও অঙ্গীকারের আড়ালে থাকা শক্তি খাতের ক্ষত এখন খুব স্পষ্ট এবং জ্বালানি সংকটের ব্যাপ্তি ও ধরনেও ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। যদিও শক্তি খাতের সংকটের অন্তর্নিহিত কারণগুলো কয়েক দশক ধরে প্রায় একই রয়ে গেছে। এর মধ্যে তিনটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য—দুর্নীতি-লুণ্ঠন, কার্যকর কৌশলগত পরিকল্পনার অভাব এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও ব্যবস্থাপনার প্রতিটি স্তরে গভীর ও দীর্ঘস্থায়ী অদক্ষতা। উৎপাদন ও আমদানি থেকে শুরু করে সংরক্ষণ, সঞ্চালন, বিতরণ এবং চূড়ান্ত ব্যবহার—সব পর্যায়েই এ অদক্ষতা বিদ্যমান।
শক্তি খাতে সংকটের এ তিনটি কারণ, তথা তিন অভিশাপ কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সংকটকে গভীর করছে তা গ্যাস খাতের দিকে তাকালে সহজেই বোঝা যায়। বছরের পর বছর বাংলাদেশ পর্যাপ্ত নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন করেনি। পুরনো কূপগুলোর যথাযথ সংস্কারও হয়নি। এসব দুর্বলতা কাটিয়ে ওঠার পরিবর্তে গ্যাসের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে আমদানি বাড়ানো হয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা তৈরি করা হয়েছে। সরবরাহ ঘাটতি পূরণে এলএনজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও একে অগ্রাধিকারমূলক সমাধান হিসেবে প্রতিষ্ঠা করায় আমদানি সংশ্লিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী লাভবান হয়েছে এবং তারা স্থানীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানের উদ্যোগকে নানা সময় আটকে দিয়েছে।
দুর্বল পরিকল্পনা এ সমস্যাকে আরো জটিল করেছে। ২০১৮ সালের আগস্টে ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে বাংলাদেশ এলএনজি আমদানি শুরু করে। দ্রুত সক্ষমতা বাড়ানোর প্রয়োজন হলে ভাসমান টার্মিনাল কার্যকর সমাধান হতে পারে। কিন্তু সেসময়ই এটা অনুমেয় ছিল যে দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহের একটি অংশ হিসেবে এলএনজি ব্যবহৃত হবে। তাহলে প্রশ্ন হলো, শুরু থেকেই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেয়া হলো না কেন? দুর্বল পরিকল্পনা ছাড়াও এর আরেকটি ব্যাখ্যা হতে পারে, ভাসমান টার্মিনাল পর্যায়ক্রমে যুক্ত করার সুযোগ রয়েছে এবং এ ব্যবস্থায় অল্প কয়েকটি দেশী-বিদেশী প্রতিষ্ঠান বিপুল অংকের মুনাফা করতে পারে। এরা স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে। বিদ্যুৎ খাতেও একই প্রবণতা দেখা গেছে। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র অলস পড়ে থাকলেও সেগুলো প্রস্তুত রাখার জন্য সরকারকে কেন্দ্রের মালিকদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক হিসাব কখনই জনসমক্ষে যথাযথভাবে যাচাই করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে তাদের মুনাফার হার ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রকৃত প্রতিযোগিতামূলক বাজারে এমন অস্বাভাবিক মুনাফা হওয়ার কোনো সুযোগ নেই। এর সঙ্গে দুর্নীতি জড়িত।
বিগত সময়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদনে স্থাপিত সক্ষমতার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে মনে করে, কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বাড়লে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্থাপিত সক্ষমতা বলতে একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্ধারিত উৎপাদন ক্ষমতাকে বোঝায়। কোনো কেন্দ্রই বছরের ৮ হাজার ৭৬০ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে চলতে পারে না। নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি নির্দিষ্ট সময় পর বড় ধরনের সংস্কারের প্রয়োজন হয়। যেমন প্রায় ২০ হাজার ঘণ্টা চালানোর পর একটি বিদ্যুৎ কেন্দ্রের বড় ধরনের সংস্কার বা ওভারহোলিং প্রয়োজন হতে পারে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে যেকোনো সময় উৎপাদন বন্ধও হয়ে যেতে পারে। যে কারণে প্রকৌশলীরা বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা মূল্যায়নে ‘অ্যাভেইলেবিলিটি’ বা প্রাপ্যতার ধারণা ব্যবহার করেন। অর্থাৎ বছরের কতটা সময় একটি ইউনিট বাস্তবে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকে, সেটিই এখানে বিবেচ্য।
উন্নত যন্ত্রপাতি ও যথাযথ রক্ষণাবেক্ষণ থাকলেও জ্বালানি ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব নয়। গোলাবারুদ ছাড়া কামান যেমন অকার্যকর, জ্বালানি ছাড়া বিদ্যুৎ কেন্দ্রও তেমনই। উপরন্তু, জ্বালানির অভাব কিংবা রক্ষণাবেক্ষণজনিত কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। তা সত্ত্বেও স্থাপিত উৎপাদন সক্ষমতার হিসাবে সেগুলো অন্তর্ভুক্ত থাকছে। ফলে জাতীয় গ্রিডের জন্য ঘোষিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ কেবল কাগজে-কলমেই বিদ্যমান। গ্রিডের প্রকৃত উৎপাদন সক্ষমতা জানতে প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও ইউনিটের নিরীক্ষা করা দরকার।
কার্যকর বিদ্যুৎ পরিকল্পনার জন্য আমাদের নির্ধারণ করতে হবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা কী অর্জন করতে চাই? শক্তি পরিকল্পনার শুরুতেই এর চূড়ান্ত ব্যবহার কোথায় হবে তা নির্ধারণ করা দরকার। কারখানা, কৃষি, পরিবহন, আবাসিক খাত ও রান্নার কাজে কী পরিমাণ জ্বালানি ও বিদ্যুতের প্রয়োজন, অর্থনীতির ভবিষ্যৎ লক্ষ্য কী—এসব বিষয় বিবেচনায় নিতে হবে। অর্থনীতির জন্য একটি সুস্পষ্ট উন্নয়নপথ নির্ধারণ করলেই বোঝা সম্ভব, কতটা জ্বালানি ও বিদ্যুতের প্রয়োজন হবে, কোন ধরনের জ্বালানি লাগবে।
কৃষির উদাহরণ বিবেচনা করা যাক। দেশের শ্রমশক্তির ৪০ শতাংশের বেশি মানুষ প্রধানত কৃষির ওপর নির্ভরশীল। অথচ জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১১-১৩ শতাংশ। কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে যান্ত্রিকীকরণ ও বিদ্যুতের ব্যবহার বাড়ানো প্রয়োজন। কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ—ফসলভেদে ১০-৪০ শতাংশ পর্যন্ত—খেত থেকে ভোক্তার কাছে পৌঁছার আগেই নষ্ট হয়ে যায়। প্রতি টন ফসল নষ্ট হওয়ার অর্থ হলো সেটি উৎপাদনে ব্যবহৃত সার, কীটনাশক, জ্বালানি ও শ্রমেরও অপচয়। ফলে কৃষিতে জ্বালানি সরবরাহ বাড়ানোই একমাত্র সমাধান না। উৎপাদন-পরবর্তী অপচয় কমানো ও ফসল সংরক্ষণের উদ্যোগ ছাড়া এ ধরনের পরিকল্পনা বরং অপচয় বাড়াতে পারে।
একইভাবে আমদানিনির্ভর ও ব্যয়বহুল জ্বালানি কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার ৯০ শতাংশের বেশি এবং গ্যাসের প্রায় ৬০ শতাংশ আমদানি করতে হয়। এ ব্যয়বহুল জ্বালানির একটি বড় অংশ শেষ পর্যন্ত দেশের সড়কে চলাচলকারী ৫০-৬০ লাখ ব্যাটারিচালিত রিকশার বিদ্যুৎ জোগাতে ব্যবহৃত হচ্ছে। যার শক্তি দক্ষতা খুব কম। এটা আমদানীকৃত জ্বালানির বদলে সৌরবিদ্যুৎ নির্ভর হওয়া দরকার। আবার গ্রীষ্মকালে এয়ারকন্ডিশন লোডের কারণ বাড়তি প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা যোগ হয়, যা দিয়ে আমি বরং কারখানা চালানোর পক্ষপাতি। সুতরাং জ্বালানি কোন কাজে কতটুকু ব্যবহার করা হবে, কোন খাতকে অগ্রাধিকার দেয়া হবে, এসব নির্ধারণ করে সেই অনুযায়ী সরবরাহ পরিকল্পনা কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত হতে হবে।
জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো নিয়ে নানা সময়ে ব্যাপক আলোচনা হয়েছে, এখনো চলছে। বর্তমান সরকারের পক্ষ থেকে বহুমুখী পদক্ষেপও নেয়া হয়েছে। তবে এর যেমন সম্ভাবনা রয়েছে, সীমাবদ্ধতাও রয়েছে।
বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, বিপরীতে ভূমির পরিমাণ অত্যন্ত সীমিত। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে, বিশেষ করে সৌরবিদ্যুতের জন্য, জমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ধারণা, শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়েই দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব। বাস্তবে তা নয়। তবে প্রযুক্তির ব্যবহার নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে।
আগামী এক দশকের মধ্যে বাণিজ্যিক সৌর প্যানেলের কার্যদক্ষতা ৩০ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌরবিদ্যুতের উৎপাদন ও চাহিদার মধ্যে সময়গত অসামঞ্জস্য রয়েছে। দিনের মাঝামাঝি সময়ে সৌরবিদ্যুতের উৎপাদন সর্বোচ্চ থাকে। অন্যদিকে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি বাড়ে সন্ধ্যায়, যখন মানুষ ঘরে ফিরে এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার শুরু করে। এ সন্ধ্যকালীন সর্বোচ্চ চাহিদার ধরন মূলত এমন একটি অর্থনীতির বৈশিষ্ট্য, যেখানে এখনো ব্যাপক শিল্পায়ন ঘটেনি। শিল্পের সম্প্রসারণ হলে দিনের বেলায় বিদ্যুতের চাহিদা বাড়বে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মতো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে জাতীয় গ্রিড কতটা নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রহণ করতে পারবে, তা নিরূপণ করা জরুরি। অনুমাননির্ভর সিদ্ধান্ত না নিয়ে যথাযথ মডেলিং ও সিমুলেশনের মাধ্যমে গ্রিডের সক্ষমতা যাচাই করতে হবে।
জ্বালানি সার্বভৌমত্ব বা জ্বালানি নিরাপত্তাকে প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে মনে করেন, দেশের সব ধরনের জ্বালানি নিজস্ব উৎস থেকেই সরবরাহ করতে পারলেই প্রকৃত জ্বালানি স্বনির্ভরতা অর্জিত হবে। বাস্তবতা হলো, বাংলাদেশে গ্যাস থাকলেও তরল জ্বালানির নিজস্ব উৎস খুবই সীমিত। ডিজেল ছাড়া আধুনিক বিশ্ব চলতে পারে না। তাই অপরিশোধিত তেল আমদানি করে দেশে পরিশোধন করা, এর ভিত্তিতে বৃহত্তর পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে তোলা কিংবা এলপিজি ও এলএনজি আমদানি করা কোনো খারাপ কিছু নয়। মূল বিবেচ্য হওয়া উচিত কী কাজে তা ব্যবহার হচ্ছে, জ্বালানি সরবরাহের অবকাঠামো কতটা দক্ষ এসব।
বর্তমানে বড় জাহাজে করে এলপিজি দেশে আনার পর তা ছোট জাহাজে স্থানান্তর করতে হয়। এতে পণ্য পরিবহন ব্যয় অনেক বেড়ে যায়। মাতারবাড়ীতে গভীর ড্রাফট বা অধিক গভীরতার জাহাজ ভেড়ার উপযোগী স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করা গেলে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব। সিঙ্গাপুরের জুরং আইল্যান্ডের মতো মাতারবাড়ীকেও আঞ্চলিক জ্বালানি বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে।
বিদ্যুৎ আমদানির ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। বিদ্যুৎ আমদানি নিজেই কোনো সমস্যা নয়; সমস্যা হলো কেবল ভারতের ওপর নির্ভরশীল থাকা। বাংলাদেশের নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে মিয়ানমার হয়ে পূর্ব দিকে থাইল্যান্ড, লাওস ও চীনের সঙ্গেও বিদ্যুৎ সংযোগের সম্ভাবনা বিবেচনা করা উচিত। দেড় হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটি বৃহৎ ও বহুমুখী বিদ্যুৎ বাজারের সঙ্গে সংযুক্ত হতে পারলে বিভিন্ন সরবরাহকারীর মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। এতে বাংলাদেশের দরকষাকষির সক্ষমতাও বাড়বে।
তাৎক্ষণিক করণীয় ও রাজনৈতিক বাস্তবতা
স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। দেশের বিদ্যমান এলএনজি টার্মিনালগুলোর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। নতুন টার্মিনাল নির্মাণ করতে কয়েক বছর লেগে যায়। তাই উচ্চমূল্য হলেও নির্ভরযোগ্যভাবে কয়লা ও তরল জ্বালানি আমদানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ জ্বালানির দাম যত বেশিই হোক, কারখানা বন্ধ থাকায় রফতানি বাজার হারানোর অর্থনৈতিক ক্ষতি তার চেয়ে অনেক বেশি। এ মুহূর্তে দুর্নীতির সুযোগও এখানে বেশি। এখানে সবার কড়া নজরদারি প্রয়োজন। একই সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনাও জরুরি। এসি ব্যবহারকারীদের কাছ থেকে এমন বিদ্যুৎ মূল্য নেয়া উচিত, যাতে উৎপাদন ও বিতরণের পূর্ণ ব্যয় উঠে আসে। এতে গরমের দিনে বিদ্যুৎ ব্যবহার অনেকখানি কমবে।
তবে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। দেশে প্রায় ৬০ লাখ রিকশা চলাচল করে এবং এগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত ৩০০ কোটি টাকার লেনদেন হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে লাখ লাখ মানুষের জীবিকা। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে এ খাতের মানুষের জীবিকা কেড়ে নেয়া চলবে না। উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত এসব রিকশা সৌরবিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়ার ব্যবস্থা পর্যায়ক্রমে করতে হবে।
শেষে এসে বলব, কৃষি, শক্তি, শিক্ষা, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার দিকে সর্বাধিক মনোযোগ দিতে হবে। এ চার ক্ষেত্রের সমস্যার সমাধান করা গেলে স্বাভাবিকভাবেই শিল্পায়নের পথ প্রসারিত হবে। কিন্তু বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কাঠামোগত, দেশের রাজনৈতিক অর্থনীতি। গত পাঁচ দশকে দেশে কার্যত দুর্নীতি ও লুণ্ঠননির্ভর খাজনাখোরি (রেন্ট সিকিং) একটি ব্যবস্থা গড়ে উঠেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোকে সম্পদ সৃষ্টি করার পরিবর্তে সম্পদ আত্মসাতের কাজে ধারাবাহিকভাবে ব্যবহার করা হয়েছে।
দুর্নীতি ও লুণ্ঠননির্ভর ব্যবস্থা থেকে নিয়মতান্ত্রিক ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামোয় উত্তরণ অত্যন্ত কঠিন। এটা আবশ্যিকভাবে একটি রাজনৈতিক কাজ। যত দিন পর্যন্ত দুর্নীতিবাজ লুণ্ঠনজীবী খাজনাখোর গোষ্ঠীটি রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ধরে রাখবে, তত দিন কোনো শক্তি পরিকল্পনাই বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকটের টেকসই সমাধান করতে পারবে না—সেটি যতই প্রযুক্তিগতভাবে নিখুঁত হোক না কেন।
ড. আব্দুল হাসিব চৌধুরী : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপ-উপাচার্য; অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বুয়েট
