২০২৫ সালের এপ্রিলের প্রথম দিকে ঢাকায় বিনিয়োগ সম্মেলন চারদিকে এমন একটা আবহ তৈরি হয়েছিল যেন অর্থনীতির আকাশে নতুন সূর্য উঠতে যাচ্ছে। আন্তর্জাতিক আয়োজনে ব্যয়ও তুলনামূলক কম মাত্র ৫ কোটি টাকা। মানুষের মনে স্বাভাবিকভাবেই আশা জেগেছিল: রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, এবার বুঝি কর্মসংস্থান বাড়বে, নতুন কারখানা হবে, তরুণদের জন্য খুলবে কাজের দরজা। সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের খবরও শিরোনাম হলো। কিন্তু শিরোনাম আর বাস্তবতার দূরত্ব যে কতটা, তা বোঝা গেল সময় গড়াতেই। \r\nআমাদের সমস্যা একটাই। সমস্যা হলো আমরা প্রায়ই কোনো ঘটনাকে সমাধান ভেবে বসি। সম্মেলন একটি ঘটনা, সফর একটি ঘটনা, আশ্বাস একটি ঘটনা। কিন্তু বিনিয়োগ বিশেষত দীর্ঘমেয়াদি শিল্প বিনিয়োগ ঘটনাবলির জোরে ঘটে না।
ঘটে আস্থা, স্থিতি, পরিষেবা, নীতি-ধারাবাহিকতা এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জোরে। আর গত দেড় বছরে এই জায়গাগুলোতেই আমরা টের পাই- প্রচারণা ছিল কিন্তু কাঠামোগত অগ্রগতি ছিল না। ঢাকায় বিনিয়োগ সম্মেলন হয়, বিদেশ সফরের ছবি ছাপা হয়, বড় অঙ্কের প্রতিশ্রুতির খবর আসে। তবু বাস্তব বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে না। অথচ একই বৈশ্বিক সংকটের মধ্যেও ভিয়েতনাম, ভারত বা ইন্দোনেশিয়া বিদেশি বিনিয়োগ টানছে। প্রশ্ন হলো সমস্যাটা কি বাইরের, নাকি আমাদের ভেতরের? বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনা শুরু হলেই আমরা ঘটনাকে সাফল্য ধরে নিই। একটি সম্মেলন, একটি সফর, একটি ঘোষণাই যেন আমাদের কাছে বড় অর্জন। কিন্তু বিনিয়োগ কোনো ইভেন্ট নয়, এটা একটি দীর্ঘ প্রক্রিয়া।
বিনিয়োগকারীরা ক্যামেরার ফ্ল্যাশে নয়, সিদ্ধান্ত নেন হিসাবের খাতায়।\r\nবিডার তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বেসরকারি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে ৬৬ হাজার ৫৭ কোটি টাকা যা আগের অর্থবছরের তুলনায় কমেছে ৫৮ শতাংশ। প্রকল্প সংখ্যাও কমেছে। এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়। এটি বিনিয়োগকারীর মনের ভাষা। কোনো উদ্যোক্তা যখন কাগজে-কলমে আগ্রহ দেখানোও কমিয়ে দেন, তখন বোঝা যায়, তিনি ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। আর অনিশ্চয়তা বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু। আরও কঠিন সত্য হলো নিবন্ধন যদি কমে আসে তাহলে বাস্তব বিনিয়োগ (যা মাঠে নেমে আসে) তা আরও কম হওয়ার আশঙ্কা থাকে। কারণ আমাদের দেশে নিবন্ধনের পরও নানা বাধায় অনেক প্রকল্প আটকে যায়।
যেমন-সংযোগ পেতে দেরি, অনুমোদনের জট, জমি, কাস্টমস, ব্যাংকিং প্রক্রিয়া এবং সবচেয়ে বড় বিষয় জ্বালানি। বিডার নির্বাহী চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর একের পর এক দেশ সফর করেছেন যেমন-যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, কাতার, চীন, মালয়েশিয়া, তুরস্ক, কোরিয়া। কিন্তু সফরের তালিকা বড় হলেই কি বিনিয়োগের তালিকা বড় হয়? তথ্য বলছে, অন্তত এই সময়ে তা হয়নি। কাতার থেকে কোনো বিনিয়োগ আসেনি; যুক্তরাজ্য থেকে নিট এফডিআই কমেছে ৪০.৭১ শতাংশ; যুক্তরাষ্ট্রে এসেছে কম, ফিরেছে বেশি।\r\nগত কয়েক বছরে বারবার দেখা গেছে, সম্মেলনের পর আশাবাদের ঢেউ ওঠে। কিন্তু কয়েক মাসের মধ্যেই তা মিলিয়ে যায়। কারণ মাঠের বাস্তবতা বদলায় না।
বিদ্যুৎ-গ্যাসের অনিশ্চয়তা, প্রশাসনিক ধীরগতি, নীতির ঘনঘন পরিবর্তন এই বাস্তবতা বিনিয়োগকারীর মনে একটি বার্তা দেয়- এখন অপেক্ষা করাই ভালো। এখন অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন- ভিয়েতনাম আমাদের জন্য সবচেয়ে কাছের তুলনা। জনসংখ্যা, শ্রমশক্তি ও রপ্তানিনির্ভর অর্থনীতির দিক থেকে দেশটি বাংলাদেশের মতোই। তবু বিদেশি বিনিয়োগে তারা এগিয়ে। কেন?\r\nপ্রথমত, ভিয়েতনামের বড় শক্তি নীতির ধারাবাহিকতা। সেখানে সরকার বদলালেও শিল্পনীতি হঠাৎ বদলায় না। বিনিয়োগকারী জানেন, আজ যে কর-কাঠামো দেখে কারখানা বসাবেন, কয়েক বছরের মধ্যেই তা আমূল পাল্টে যাবে না। দ্বিতীয়ত, জ্বালানি ও অবকাঠামোর নিশ্চয়তা। ভিয়েতনামে শিল্পাঞ্চলে বিদ্যুৎ একটি প্রতিশ্রুতি, বাংলাদেশে তা এখনো শর্তসাপেক্ষ।
আমাদের দেশে অনেক উদ্যোক্তা অনুমোদন পাওয়ার পর জানতে পারেন গ্যাস নেই, বিদ্যুৎ সীমিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত সিদ্ধান্ত। ভিয়েতনামে বিনিয়োগ প্রস্তাব আটকে থাকে না বছরের পর বছর। সময় বাঁচে বলেই টাকা সেখানে যায়। অন্যদিকে ভারতের বড় শক্তি তার বিশাল অভ্যন্তরীণ বাজার। কিন্তু শুধু বাজার থাকলেই বিনিয়োগ আসে না, ভারত সেটি বুঝেছে। তাই তারা দীর্ঘদিন ধরে প্রশাসনিক সংস্কারে জোর দিয়েছে। আজ ভারতে ব্যবসা নিবন্ধন, কর পরিশোধ বা আমদানি-রপ্তানির বড় অংশই ডিজিটাল। বাংলাদেশেও ডিজিটাল সেবার কথা বলা হয়। কিন্তু বাস্তবে বিনিয়োগকারীদের এখনো এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে হয়। আমাদের তথাকথিত ওয়ানস্টপ সার্ভিস অনেক সময়ই একাধিক স্টপে রূপ নেয়। আরেকটি বড় পার্থক্য হলো রাজনৈতিক পূর্বানুমেয়তা। ভারতে নির্বাচন হয়।
কিন্তু অর্থনৈতিক নীতির দিকনির্দেশনা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয় না। বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লেই বিনিয়োগকারীরা ব্রেক টেনে ধরেন। এছাড়া ইন্দোনেশিয়াতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ, ঝুঁকি কম। ইন্দোনেশিয়া দেখিয়েছে, বিনিয়োগ টানতে প্রাকৃতিক সম্পদের চেয়েও জরুরি হলো প্রক্রিয়া সহজ করা। তারা লাইসেন্স ও অনুমোদন ব্যবস্থায় বড় সংস্কার এনেছে। যেখানে আগে বহু অনুমোদন লাগত, সেখানে এখন অনেক কিছু এক ছাতার নিচে আনা হয়েছে।\r\nবাংলাদেশে চিত্র উল্টো। একটি শিল্প স্থাপনে জমি, পরিবেশ ছাড়পত্র, বিদ্যুৎ, গ্যাস, ব্যাংকিং এসব প্রতিটি জায়গায় আলাদা জটিলতা। ফলে বিনিয়োগকারী তুলনা করলে দেখেন, ঝামেলা যেখানে কম, সেখানেই লাভ বেশি। তবে আমাদের দেশের ক্ষেত্রে ভিন্নতা লক্ষ করা যায়। বাংলাদেশে জিডিপি বাড়ে। কিন্তু আস্থা কেন বাড়ে না?
বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে এটা বাস্তব। কিন্তু টেকসই বিনিয়োগ ব্যবস্থা গড়ে উঠছে না। কিন্তু বিনিয়োগকারীরা শুধু জিডিপির আকার দেখেন না, দেখেন ঝুঁকি। আর আমাদের ঝুঁকির তালিকা ছোট নয়। বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বিদেশিদের মনে আস্থা বাড়াতে হবে যাতে তারা ঝুঁকি কম মনে করে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ডলার প্রাপ্যতার অনিশ্চয়তা, নীতির পরিবর্তন, প্রশাসনিক বিলম্ব- এই সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীর মনে একটাই প্রশ্ন জাগে, এই দেশে এখন বিনিয়োগ করা কতটা নিরাপদ? এই প্রশ্নের স্পষ্ট উত্তর আমরা এখনো দিতে পারিনি। তাই সমস্যা কোথায় সম্মেলনে না সংস্কারে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারলে আমাদের দেশের অর্থনীতি ও বিনিয়োগের গতি বাড়বে। অন্যথায় আমাদের অবস্থা আরও খারাপ হতে থাকবে।
দেখা দিবে আমাদের ব্যবসা ও অর্থনীতিতে নেতিবাচক আশঙ্কা।\r\nভিয়েতনাম, ভারত বা ইন্দোনেশিয়াও বিনিয়োগ সম্মেলন করে। পার্থক্য হলো, তারা সম্মেলনের আগে ঘরের কাজটা সারে। বাংলাদেশে অনেক সময় উল্টোটা হয়, আগে প্রচার, পরে প্রস্তুতির কথা। একটি সম্মেলন কয়েক দিনের ঘটনা। কিন্তু বিনিয়োগ পরিবেশ প্রতিদিনের অভিজ্ঞতা। বন্দরে পণ্য আটকে থাকলে বা সংযোগ পেতে মাসের পর মাস অপেক্ষা করলে কোনো সম্মেলনের স্মৃতি কাজে আসে না। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য যা করতে হবে তা হল- আমাদের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। অন্য দেশের অভিজ্ঞতা আমাদের স্পষ্ট করে বলে বিনিয়োগ আসে স্লোগানে নয়, সিস্টেমে।\r\nবাংলাদেশ যদি সত্যিই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে চায়, তাহলে অগ্রাধিকার বদলাতে হবে-শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সিদ্ধান্তে সময়সীমা ও জবাবদিহি আনতে হবে, নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিতে হবে। বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক চাপে আছে। কিন্তু যারা এগোচ্ছে, তারা সমস্যা ঢাকছে না, সমাধান করছে। বাংলাদেশও পারে। তবে তার জন্য দরকার কম কথা, বেশি কাজ; কম অনুষ্ঠান, বেশি সংস্কার। নইলে আমরা প্রতি বছর একই প্রশ্নই করে যাব-এত আয়োজনের পরও বিনিয়োগ কোথায়? আর উত্তরটা বদলাবে না, যতদিন না পদ্ধতিটা বদলায়।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
