মোবাইল আর্থিক সেবা, কিউআর পেমেন্ট ও অনলাইন ব্যাংকিংয়ের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবু অনেক কিছু এখনো মূলত নগদনির্ভর। নগদবিহীন অর্থনীতির পথে বড় বাধাগুলোর মধ্যে রয়েছে সীমিত আন্তঃসংযোগ (ইন্টারঅপারেবিলিটি), অবকাঠামোগত ঘাটতি, সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং কম ডিজিটাল সাক্ষরতা। গত সপ্তাহে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশের জন্য কৌশলগত রোডম্যাপ শীর্ষক কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে এ তথ্য জানানো হয়। \r\nআমরা জানি, নগদহীন সমাজ হলো এমন একটি সমাজ যেখানে নগদ অর্থ, যা ভৌত নোট এবং মুদ্রার আকারে, কোনো আর্থিক লেনদেনে গ্রহণ করা হয় না।
পরিবর্তে মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ডিজিটালভাবে একে অপরের কাছে অর্থ স্থানান্তর করেÑ ক্রেডিট বা ডেবিট কার্ড, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, ক্রিপ্টোকারেন্সি অথবা অনলাইন এবং মোবাইল পেমেন্ট পরিষেবা, যেমনÑ পেপ্যাল এবং অ্যাপল পে। যদিও বিদ্যমান কোনো সমাজ নগদহীন নয়, অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে, ভোক্তাদের পছন্দ, ব্যবসার ওপর প্রতিযোগিতামূলক চাপ, ব্যাংকগুলোর মুনাফা অর্জন এবং নগদহীন লেনদেন সহজ করার জন্য তৈরি সরকারি নীতিগুলো শীঘ্রই কমপক্ষে কয়েকটি নগদহীন সমাজের দিকে পরিচালিত করবে।\r\nক্যাশলেস নামক বিপ্লবে পৃথিবীর অন্যান্য দেশের বর্তমান চিত্র দেখলে আমরা ভবিষ্যৎ ডিজিটাল বিশ্বের রূপ সম্পর্কে ধারণা পেতে সক্ষম হব। মার্কেট মার্চেন্টের বিশ্লেষণকৃত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৪টি দেশ সম্পূর্ণ ক্যাশলেস হওয়ার পক্ষে আছে। আর ৩২টি দেশ এখনো নগদ অর্থের মাধ্যমে বিনিময় করতে চায়। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, সবচেয়ে বেশি ক্যাশলেস লেনদেন করা দেশগুলোর মধ্যে অবস্থান করছে শীর্ষে। এতে বোঝা যায়, আগামী বিশ্ব নগদ টাকা ছেড়ে ক্যাশলেস সোসাইটি তৈরির দিকে ধাবিত হচ্ছে।
