আওয়ামী লীগের শাসনামলে মেধার চেয়ে দলীয় আনুগত্যকে বড় করে দেখানোর দরুন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান তাদের পেশাদারিত্ব হারিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্ট গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রথমদিকে জনমনে বিপুল আশাবাদ জাগালেও, খোদ সেই সরকারের প্রধান ব্যক্তিদের নিয়োগ ও নিয়্যত- উভয়ই ছিল প্রশ্নবিদ্ধ। জনগণ তাই নির্বাচিত একটি সরকারের জন্যে এই ভেবে অপেক্ষা করতে থাকে যে, গণতান্ত্রিক ম্যান্ডেট হয়তো প্রশাসনের ভেতরে নৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কিন্তু সরকারের সাম্প্রতিক নিয়োগগুলো সেই আশার জায়গাটিকেই পুনরায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

নবগঠিত সরকারের নিয়োগ বিতর্কের সাম্প্রতিক কেন্দ্রবিন্দু হিসেবে দেখা দিয়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদ। ১৬ মার্চ ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয় দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি পেশাগতভাবে একজন শিক্ষক হলেও তাঁর সবচেয়ে পরিচিত পরিচয় হলো- সরকার দলের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক। একটি রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যখন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকে, তখন প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- একাডেমিক নেতৃত্বের ক্ষেত্রে কি গবেষণা ও জ্ঞানচর্চার মানদণ্ডই প্রধান হওয়া উচিত, নাকি রাজনৈতিক আনুগত্যও গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে? আর সেই প্রশ্ন থেকেই জন্ম নেয় আরও একটি সংশয়: বর্তমান সরকার কি সত্যিই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আগ্রহী, নাকি অনুগত শিক্ষক বাহিনী গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ!

একইভাবে ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এমন একজন শিক্ষক, যিনি একটি সরকার দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং সেই দলের একটি অঙ্গসংগঠনের সভাপতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সরাসরি দলীয় নেতাদেরকে ভিসির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে। প্রতিটি নিয়োগেই একাডেমিক শ্রেষ্ঠত্ব কিংবা আন্তর্জাতিক মানের গবেষণায় অভিজ্ঞতার বদলে ‘সাদা দল’ বা নির্দিষ্ট দলের প্রতি আনুগত্যকেই পরম ও প্রধান যোগ্যতা বিবেচনা করা হয়েছে। প্রশ্ন উঠছে, বর্তমান সরকারও কি পূর্ববর্তী রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখে মেধার চেয়ে তদবির ও রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে?

বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিতর্কের প্রায় একই সময়ে স্থানীয় সরকার ব্যবস্থাতেও স্পষ্ট দলীয়করণের চিত্র দৃশ্যমান হয়েছে। ২০২৬ সালের ১৫ মার্চ সারা দেশের ৪২টি জেলা পরিষদ এবং বরিশাল, রাজশাহী, ময়মনসিংহসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে সরকার দলের নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর আগেও ফেব্রুয়ারির শেষ দিকে একই ধারা অনুসরণ করা হয়েছিল। প্রশাসনিক প্রয়োজনের যুক্তি সামনে আনা হলেও এই ধারাবাহিক পদক্ষেপ স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনকে প্রশ্নবিদ্ধ করে। কারণ, প্রশাসনিক নিয়োগের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের নেতৃত্বে আনা হলে তাদের দায়বদ্ধতা স্বাভাবিকভাবেই জনগণের পরিবর্তে রাজনৈতিক কেন্দ্রের দিকে সরে যাওয়ার ঝুঁকি তৈরি করে, যা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

কারণ, স্থানীয় সরকারের প্রভাব সবচেয়ে প্রত্যক্ষভাবে নাগরিক জীবনে প্রতিফলিত হয়। এই কাঠামো দলীয় আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হলে, জনসেবার গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়া অবশ্যম্ভাবী। পাশাপাশি প্রশাসনিক ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব একীভূত হওয়ার ফলে ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সম্ভাবনাও জোরালো হয়। এতে করে স্থানীয় সরকার তার স্বতন্ত্র গণতান্ত্রিক চরিত্র হারিয়ে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থায় রূপ নেয়, যেখানে অংশগ্রহণের পরিবর্তে প্রাধান্য পায় নিয়ন্ত্রণ, আর জবাবদিহিতার জায়গায় স্থান নেয় দলীয় আনুগত্য।

অর্থনৈতিক ক্ষেত্রেও সাম্প্রতিক একটি নিয়োগ দেশজুড়ে বিস্তৃত আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে একজন ঋণখেলাপী ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের আর্থিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত। সাধারণত এই গুরুত্বপূর্ণ পদে অর্থনীতিবিদ বা অভিজ্ঞ ব্যাংকারদেরই অগ্রাধিকার দেওয়া হয়। কারণ, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রানীতি নির্ধারণ, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং ব্যাংকিং খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মূল দায়িত্ব পালন করে। এই প্রেক্ষাপটে এমন একটি নিয়োগ, যেখানে বাণিজ্যিক স্বার্থের সম্ভাব্য সংশ্লিষ্টতা রয়েছে, স্বাভাবিকভাবেই ‘স্বার্থের সংঘাত’ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। টিআইবি ও সিপিডির মতো সংস্থাগুলো ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা এই বিতর্ককে আরও প্রাতিষ্ঠানিক মাত্রা দিয়েছে।

আরেকটি আলোচিত অধ্যায় তৈরি হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বকে ঘিরে। একটি দেশের পররাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক পরিচয়, কূটনৈতিক অবস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের দিকনির্দেশ নির্ধারণ করে। এই মন্ত্রণালয়ের নেতৃত্বে তাই এমন একজনের প্রয়োজন, যার প্রতি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আস্থা সমানভাবে প্রতিষ্ঠিত। কিন্তু সাম্প্রতিক নিয়োগে দেখা গেছে, অতীতে বিতর্কিত অবস্থানে থাকা একজন ব্যক্তিকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষত, সরকারে আসার আগে যাঁর ভূমিকা নিয়ে একই রাজনৈতিক শিবিরের নেতারাই প্রশ্ন তুলেছিলেন, তাকেই অল্প সময়ের ব্যবধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পদে বসানো হয়েছে। এই দ্রুত অবস্থান-পরিবর্তনের ফলে তৈরি হওয়া রাজনৈতিক স্মৃতি ও বাস্তব রাজনীতির মধ্যেকার দ্বৈততা স্বাভাবিকভাবেই জনমনে সংশয় তৈরি করেছে।

রাজনীতির ইতিহাসে কৌশলগত অবস্থান বদল নতুন কিছু নয়। কিন্তু যখন সেই পরিবর্তনের কোনো গ্রহণযোগ্য নৈতিক ব্যাখ্যা থাকে না, তখন তা গভীর আস্থার সংকটে রূপ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি রাষ্ট্রের সার্বভৌম মর্যাদা ও আন্তর্জাতিক ভাবমূর্তির ধারক; তাই এখানে শীর্ষ নেতৃত্বের প্রশ্নটি একইসাথে যেমন প্রশাসনিক, তেমনি গভীরভাবে নৈতিকও। যখন এমন কাউকে এই সংবেদনশীল পদে নিয়োগ দেওয়া হয় যিনি খোদ দলীয় অভ্যন্তরেই প্রশ্নবিদ্ধ, তখন রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে- যাকে কিছুদিন আগে জনসমক্ষে অগ্রহণযোগ্য হিসেবে চিত্রিত করা হয়েছিল, ক্ষমতার কী এমন সমীকরণে তাকে এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করা হলো?

রাষ্ট্রের শক্তিমত্তা ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নির্ভর করে তার প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর। কোনো রাষ্ট্রই হঠাৎ করে ভেতর থেকে দুর্বল হয় না, বরং ভুল মানুষের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমেই এর প্রাতিষ্ঠানিক পঙ্গুত্ব শুরু হয়। বর্তমান নিয়োগ প্রক্রিয়াগুলোতে স্বচ্ছতার অভাব এবং মেধার চেয়ে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার যে সংস্কৃতি দেখা যাচ্ছে, তা মূলত পুরনো অদক্ষতা ও দুর্নীতিকেই পুনরায় উৎসাহিত করছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করতে যোগ্য ও দূরদর্শী মানুষ নিয়োগ দেওয়া কোনো বিলাসিতা নয়, বরং এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার পূর্বশর্ত। যখন পেশাদারিত্বের জায়গায় রাজনৈতিক আনুগত্য জেঁকে বসে, তখন কেবল প্রতিষ্ঠানের সক্ষমতাই নষ্ট হয় না, বরং রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থাও বিপন্ন হতে শুরু করে।

শেষ পর্যন্ত সব প্রশ্নই জনগণের প্রত্যাশার জায়গায় ফিরে আসে। গণতন্ত্র যতটা না ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পদ্ধতি, তারচেয়ে বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা পুনর্গঠনের একটি প্রক্রিয়া। প্রতিটি নিয়োগে তাই স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করা কোনো বিকল্পহীন পছন্দ নয়, বরং রাষ্ট্রের সম্মানজনক সুরক্ষার অনিবার্য শর্ত। মেধা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা না হলে, রাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট অমীমাংসিতই থেকে যাবে।

চারু হক: গবেষক ও অনুবাদক charuhaque@gmail.com