মানুষ সামাজিক জীব। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নৈতিকতা অপরিহার্য। নৈতিকতা হলো মানুষের অন্তরের সেই গুণ, যা তাকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করে। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু ইবাদতের শিক্ষাই নয়; বরং মানুষের চিন্তা, আচরণ ও চরিত্রকে পরিশুদ্ধ করার দিকনির্দেশনা দেয়। ইসলামের পরিভাষায় নৈতিকতা হলো মানুষের এমন গুণ, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অন্যায় থেকে বিরত রাখে।

মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন– ‘নিশ্চয় আল্লাহ ন্যায়বিচার, সৎকর্ম ও আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমা লঙ্ঘন নিষেধ করেন।’ (সুরা আন-নাহল, আয়াত-৯০)

এ আয়াত ইসলামী নৈতিকতার মূল ভিত্তি। নৈতিকতা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে প্রকাশ পায়। নৈতিকতা ইমানেরই অংশ। হাদিস শরিফে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যার নৈতিকতা উত্তম, তার ইমানও পরিপূর্ণ।’ (সুনান আত-তিরমিজি)

এ হাদিসে স্পষ্ট, নৈতিকতা ছাড়া ইমান পূর্ণ হয় না। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো ইবাদত তখনই গ্রহণযোগ্য হয়, যখন তা মানুষকে নৈতিকভাবে সঠিক পথে রাখে। যে ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যের অধিকার নষ্ট করে, তার ইবাদতের প্রকৃত ফল লাভ হয় না। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরিত। তিনি বলেন, ‘আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্য।’ (সহিহ বুখারি)

রাসুলে কারিম (সা.) তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদিতা, ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা ও ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শত্রুর প্রতিও তিনি দয়া দেখিয়েছেন, যারা তাঁকে কষ্ট দিয়েছে, তাদের জন্যও ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁর চরিত্রই ইসলামী নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড। ইসলামের নৈতিকতা সমাজে শান্তি, আস্থা ও ভালোবাসা প্রতিষ্ঠা করে। যদি সমাজে সবাই সত্যবাদী, ন্যায়পরায়ণ ও দয়ালু হয়; তাহলে অপরাধ, হিংসা, প্রতারণা ও বিভেদ থাকবে না।

ইসলাম শুধু ব্যক্তিগত নৈতিকতার কথা বলে না, বরং সামাজিক নৈতিকতার দিকেও গুরুত্ব দেয়। ব্যবসায় সততা বজায় রাখা, বিচার ব্যবস্থায় ন্যায়পরায়ণতা, প্রতিবেশীর প্রতি সহানুভূতি, নারী-পুরুষের প্রতি সম্মান এসবই ইসলামী নৈতিকতার বাস্তব রূপ। উত্তম নৈতিকতার ফল সম্পর্কে হাদিস শরিফে বর্ণিত, রাসুলে কারিম (সা.) বলেন, ‘কিয়ামতের দিনে আমার নিকটতম ব্যক্তি হবে সে, যার চরিত্র উত্তম’ (তিরমিজি)।

অর্থাৎ নৈতিক আচরণ শুধু দুনিয়ায় নয়, পরকালেও মর্যাদা এনে দেয়। উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহ ও মানুষের কাছে সমাদৃত হয়। অন্যদিকে অনৈতিক চরিত্রের মানুষ দুনিয়াতেও অবিশ্বাস ও অবজ্ঞার শিকার এবং পরকালে শাস্তির মুখোমুখি হয়। ইসলামে নৈতিকতার ক্ষেত্র বিস্তৃত। তা শুধু ধর্মীয় আচরণে সীমাবদ্ধ নয়, বরং জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। যেমন সত্যবাদিতা অবলম্বন, মিথ্যা থেকে বিরত থাকা, আমানতদারিতা রক্ষা, দায়িত্ব ও প্রতিশ্রুতি পালন করা, ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা, বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রাখা, অন্যের প্রতি দয়া প্রদর্শন, ক্ষমা করে দেওয়া, অহংকার না করা, বিনয় ও নম্রতা অবলম্বন করা। এসব গুণই একজন মুসলমানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

বর্তমান সমাজে নৈতিকতার চর্চা খুবই জরুরি। কেননা, আজকের পৃথিবীতে প্রযুক্তি ও জ্ঞান উন্নত হলেও নৈতিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্নীতি, প্রতারণা, ঘুষ, অসততা, হিংসা-বিদ্বেষে সমাজ ভরে গেছে। ইসলাম এসব অনৈতিক কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। নৈতিকতার আলোকে মানুষ আবার যদি কোরআন ও সুন্নাহর শিক্ষা মেনে চলে তাহলে সমাজে ন্যায়, শান্তি ও মানবিকতা ফিরে আসবে।

ড. মো. শাহজাহান কবীর: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি