রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই কারণে মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। দিন যতই যাচ্ছে এই সংকট ভয়াবহ রূপ ধারণ করছে। দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত শিল্পায়ন, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলোবালি এবং ইটভাঁটির বিষাক্ত ধোঁয়া মিলিয়ে শহরের বাতাস ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। বিশেষভাবে রাজধানীর প্রতিটি সড়কে চলমান গণপরিবহনে কালো ধোঁয়ার অস্তিত্ব¡ পাওয়া যায়। শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়। যখন বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা (PM2.5 I PM1 ) স্বাভাবিক মাত্রার বহুগুণ ছাড়িয়ে যায়। ফলে নগরবাসী প্রতিদিন অদৃশ্য এক স্বাস্থ্যঝুঁকির মধ্যে জীবনযাপন করছে।\r\nবিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হলো পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত ধোঁয়া।
এছাড়া বিভিন্ন স্থানে চলমান নির্মাণ কাজের কারণে সৃষ্ট ধুলা এবং শহরের আশপাশের ইটভাঁটির কালো ধোঁয়া বায়ু দূষণকে তীব্রতর করছে। শিল্প-কারখানা থেকে নির্গত ধোঁয়াও নষ্ট করছে বাতাসের মান। অনেক ক্ষেত্রে পরিবেশ আইন থাকলেও তার যথাযথ প্রয়োগের অভাবে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বায়ু দূষণের সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের সংক্রমণ এবং হৃদরোগের মতো জটিল রোগের সংখ্যা বাড়ছে। দীর্ঘমেয়াদি বায়ুদূষণের প্রভাবে ফুসফুসের ক্যান্সার ও স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পায়।
বিশেষ করে যারা রাস্তায় বেশি সময় কাটান, যেমন- ট্রাফিক পুলিশ, রিক্সাচালক ও পথচারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।\r\nবিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, নিরাপদ বায়ুমানের তুলনায় ঢাকার বাতাস প্রায়ই অস্বাস্থ্যকর পর্যায়ে অবস্থান করে। দূষিত বাতাসের কারণে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও এটি মারাত্মক ঝুঁকি তৈরি করে, যা অনাগত শিশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। প্রথমত, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করতে হবে এবং গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে হবে। দ্বিতীয়ত, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তৃতীয়ত, ইটভাঁটিগুলোকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তর এবং পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। পাশাপাশি নগরীতে বৃক্ষরোপণ বৃদ্ধি ও সবুজায়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সবশেষে বলা যায়, বায়ুদূষণ কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক। ঢাকার বাসিন্দাদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিশেষভাবে নতুন সরকারকে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় পালন করতে হবে সক্রিয় ভূমিকা।
