সম্প্রতি প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এ রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার প্রয়োজনে বৈধভাবে মুঠোফোনে আড়ি পাততে নতুন একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আড়ি পাততে হলে আগে থেকে অনুমোদন পাওয়া সংস্থাকে এই প্ল্যাটফর্মে অনুরোধ জানাতে হবে। আদালত বা আধা বিচারিক কাউন্সিলের অনুমোদন পেলে তবেই সংশ্লিষ্ট সংস্থা আড়ি পাততে পারবে। আড়ি পাতা (ইন্টারসেপশন) কেবল তখনই অনুমোদিত হবে, যখন অন্য কোনো তথ্যসংগ্রহের পদ্ধতি দিয়ে উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়। তবে কোনোভাবেই রাজনৈতিক কারণে দমন-পীড়নের উদ্দেশে কোনো সংস্থা আড়ি পাততে পারবে না। আড়ি পাতা কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিবছর এ-সংক্রান্ত প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্তাবও করা হয়েছে অধ্যাদেশে।
অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। \r\n রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আড়ি পাতার প্রয়োজনীয়তার কথা বলে আসছে সরকার। তবে আড়ি পাতার অপব্যবহার রোধে প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী জরুরি নয়-এমন ইন্টারসেপশন কার্যক্রম আধা বিচারিক কাউন্সিল বা আদালতের অনুমোদন ছাড়া শুরু করা যাবে না। নাগরিকের জীবনরক্ষা বা তাৎক্ষণিক বিপদ হলে সীমিত পরিসরে ইন্টারসেপশন শুরু করা যাবে। \r\nআড়ি পেতে টেলিফোন ও ইন্টারনেটনির্ভর যোগাযোগমাধ্যমে তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের চর্চা সারা বিশ্বেই গোয়েন্দা সংস্থাগুলো করে থাকে। তবে সমস্যাটা এর ব্যবহারের মধ্যে নয়, অপব্যবহারের মধ্যে। মুঠোফোনে আড়িপাতা বন্ধ করতে হলে বেআইনি নজরদারি রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ জরুরি, যেখানে অনুমতি ছাড়া ইন্টারসেপশন নিষিদ্ধ হবে। ব্যক্তিগত পর্যায়ে, ফোনের অস্বাভাবিক আচরণ, দ্রুত ব্যাটারি ক্ষয়, অপরিচিত অ্যাপ, বা ডেটা ব্যবহার বৃদ্ধি পেলে সতর্ক হতে হবে এবং পরিবর্তন আনতে হবে জরুরি সেটিংসে। তবে শুধু আইন দিয়ে এর সমাধান করা কঠিন। কেননা অনেক ক্ষেত্রে আইনের ফাঁক গলে মনগড়া ব্যাখ্যা দাঁড় করিয়ে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়। এতে ক্ষুণ্ন করা হয় নাগরিক অধিকার। দেশের আইনজ্ঞসহ মানবাধিকারকর্মীরা মুঠোফোনে আড়ি পাতার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন। তাদের মতে, বেআইনি বা অন্যায়ভাবে কোনো ব্যক্তিগত বিষয়ে গোপনে অনুপ্রবেশ বা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আড়ি পাতা গ্রহণযোগ্য নয়।
