সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পর পর কয়েকদিন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেল অনুযায়ী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকে- পর্যন্ত স্থায়ী ছিল। উৎপত্তিস্থল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে হওয়ায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে দেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এটি। এতে অবকাঠামোগত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শিশুসহ নিহত হয়েছে অন্তত ১০ জন ও আহত হয়েছে কয়েকশ’।
গত ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ছিল মূল আঘাত (Mainshock) এবং পরবর্তী ছোট ছোট কম্পনগুলো (৩.৩ ও ৩.৭ মাত্রার) হলো আফটারশক (Aftershocks), যা প্রত্যাশিত ছিল। ভূ-বিশেষজ্ঞদের মতে, এটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল বা ‘ফল্ট লাইন’ স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, যার ফলে এই ছোট ছোট কাঁপুনি হয়। তবে লক্ষণ ভালো এ কারণে যে, কম্পনগুলোর মাত্রা এবং তীব্রতা ধীরে ধীরে কমছে। এটি নির্দেশ করে যে, মাটির নিচের শক্তি খরচ হয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা কম।
ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করেছেন ভূ-তত্ত্ববিদগণ। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত ৫ দফা বেশ জোরালো ভূকম্পন অনূভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্তসংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি-১, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রায় ২১ লাখের মতো ভবন রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম। এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। কিন্তু ৪ থেকে ৩০ তলা পর্যন্ত বাকি ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। এজন্য সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে তোলার কথা বলা হচ্ছে।
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের (বন্যা, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, বজ্রপাত, জলোচ্ছ্বাস, খরা, নদীভাঙন) চেয়ে ভূমিকম্প এক মহাপ্রাকৃতিক দুর্যোগের নাম। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ-অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমি কম্পন হয়। পৃথিবীপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে। যেমনÑ দেয়ালঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যেকোন আসবাব। তখন বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই ভূমিকম্প। ভূতত্ত্ববিদদের মতে, ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূ-পৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূ-পৃষ্ঠে প্রবল কম্পন অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। ভূ-পৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ও শিলাচ্যুতিজনিত কারণে।
ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে। কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫-৫.৯৯ মাঝারি, ৬-৬.৯৯ তীব্র, ৭-৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর উপর অত্যন্ত ভয়াবহ।
পৃথিবী একটা গোলক। এর কেন্দ্রে রয়েছে গলিত-গরম লাভা। এর ওপরে নানা স্তরে বিভক্ত শিলাস্তর। একেবারে ওপরে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ আসলে অবিচ্ছিন্ন নয়, বেশ কয়েকটি চলনক্ষম প্লেটে বিভক্ত। এই প্লেটগুলোকেই বলে টেকটোনিক প্লেট। এর মধ্যে বড় আকারের সাতটা মহাদেশীয় প্লেট যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছু ছোট প্লেট। বাংলাদেশ যে প্লেটের ওপরে অবস্থান করছে, এর নাম ভারতীয় প্লেট। আদিকালে গোটা ভূম-ল তথা পৃথিবীর সবগুলো মহাদেশ একসঙ্গে যুক্ত ছিল। কোটি কোটি বছরের বিবর্তনে এগুলো একসময় আলাদা হয়ে যায়। নড়াচড়া করার শক্তিও অর্জন করে। ভারতীয় প্লেট একসময় ছিল আফ্রিকার কাছাকাছি। চলতে চলতে এই প্লেট একসময় ইউরেশিয়া আর বার্মিজ প্লেটের কাছাকাছি চলে আসে। ধাক্কা লাগে ওই দু’টো প্লেটের সঙ্গে, যার ফলে জন্ম হয় হিমালয় পর্বতশ্রেণির। যখন একটা প্লেট আরেকটা প্লেটের সঙ্গে ধাক্কা খায় তখনই ভূমিকম্প হয়। ভূমিকম্পের তরঙ্গ ছড়িয়ে পড়ে দু’টি প্লেটেই। আবার প্লেটগুলো যদি পরস্পর থেকে দূরে সরে যায় তাহলেও ভূমিকম্প হবে। বাংলাদেশের ভূমিকম্পের প্রধান কারণ ভারতীয় প্লেটের সঙ্গে বার্মিজ প্লেটের এই সংযোগ।
কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে মেঘনা নদীর ওপর দিয়ে পার্বত্য চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে আন্দামানের পাশ দিয়ে এই দুই প্লেটের সংযোগ রেখা প্রবাহিত হয়ে গেছে। ভূবিজ্ঞানীদের মতে, ধাক্কা লাগার ফলে ভারতীয় প্লেট বার্মিজ প্লেটের বেশ খানিকটা ওপরে উঠে গেছে। ফলে এখানে জমা হয়েছে প্রচুর শক্তি। টেকটোনিক প্লেটেও এমন ঘটনা ঘটেছে। ভারতীয় প্লেট একটু একটু করে উত্তর ও পূর্ব দিকে সরে যাচ্ছে, অন্যদিকে বার্মিজ প্লেটটি সরে আসছে পশ্চিমের দিকে। অর্থাৎ ভারতীয় প্লেটটি ওপরে উঠে যাচ্ছে আর নিচে তলিয়ে যাচ্ছে বার্মিজ প্লেট। ফলে দুই প্লেটের সংযোগস্থলের কাছাকাছি জমা হচ্ছে শক্তি। দুই প্লেটের সংঘর্ষের কারণেই এখন ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এটাকে বড় ভূমিকম্পের আভাস মনে করছেন গবেষকরা।
কারণ, দুই প্লেটের কাছাকাছি হয়ে স্থির হওয়ার আগ পর্যন্ত শক্তি জমা হচ্ছে। এর মধ্যে সংঘর্ষের কারণে স্বল্প আকারে শক্তি অবমুক্ত হচ্ছে। তার কারণেই এই ভূমিকম্পগুলো হচ্ছে। কিন্তু শক্তি যখন অনেক বেশি করে অবমুক্ত হবে, দুটো প্লেট পরস্পর থেকে দূরে সরে যেতে চাইবে, তখন বড় বড় ভূমিকম্প হবেই। ধারণা করা হয়, সেটার মাত্রা হতে পারে ৮.২ থেকে ৯ মাত্রার। ভূমিকম্পের সবচেয়ে বড় সমস্যা হলো, এটা ঠিক কবে কখন ঘটবে সেটা নিশ্চিত করে বলার মতো কোনো প্রযুক্তি বা পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। তাই বন্যা বা ঘূর্ণিঝড় মোকাবেলায় যতটা সাফল্য এসেছে, ভূমিকম্পে সেটা আসেনি। শুধু সচেতনতা, সঠিক নগর পরিকল্পনা ও সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণই পারে ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমাতে। সারা পৃথিবীতে বছরে গড়ে ছয় হাজার ভূমিকম্প অনুভূত হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত তিন ধরনের ভূমিকম্প হয়ে থাকে। প্রচ-, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে তিন ভাগে ভাগ করা যায়Ñ অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূ-পৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়।
ভূতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, গোটা ভূপৃষ্ঠই কয়েকটি স্তরে বিভক্ত। আবার প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এসব বিশাল আকারের টেকটোনিক প্লেট যখন একের সঙ্গে অপরে ধাক্কা খায় তখন কেঁপে ওঠে মাটির নিচের তলদেশ। আর আমরা ভূপৃষ্ঠের ওপর ভূকম্পন অনুভূব করি। ভূপৃষ্ঠের ওপরের স্তরে অনেকগুলো প্লেট রয়েছে। এগুলো আবার অনেকগুলো সাবপ্লেটে বিভক্ত। এগুলো সবসময় নড়াচড়া করছে। একটার সঙ্গে আরেকটার ঘর্ষণে এই ভূকম্পনের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূ-অভ্যন্তরের ভেতর থেকেও ভূকম্পনের সৃষ্টি হয়ে থাকে। আবার কোনো কোনো এলাকায় ভূ-গর্ভ থেকে অতিরিক্ত পানি কিংবা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ উত্তোলনের ফলে ভূপৃষ্ঠের অবস্থানের তারতম্য ঘটে।
ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্পের মতো দুর্যোগে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাতারে রয়েছে ঢাকা। ঘনবসতির এ শহরটির ঝুঁকি কমাতে বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও তার বেশিরভাগই আলোর মুখ দেখেনি। ভূমিকম্পের কোনো পূর্বাভাস ব্যবস্থা নেই। সে জন্য দিনক্ষণ সুনির্দিষ্ট করে বলতে না পারলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, সেটা হতে পারে যেকোনো সময়। কিন্তু তা মোকাবিলার প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বহু পুরোনো ভবন, অপরিকল্পিত ভবন নির্মাণ, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ না করা ভূমিকম্প ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দেশের কোনো কোনো স্থানে তো ভূমিকম্প ছাড়াই ভবন ধসে যাচ্ছে। এমনিতেই অনেক ঝুঁকিতে আছে, তার মধ্যে যদি ভূকম্পন হয়, না আছে পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা, না আছে খালি জায়গা; যেখানে মানুষ গিয়ে দাঁড়াবে। তার মধ্যে গ্যাস-বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ থেকে ভূমিকম্পের সময় আরও বড় দুর্ঘটনা হতে পারে। সব মিলে অনেক ঝুঁকিপূর্ণ একটা শহর ঢাকা। ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় ঢাকা অন্যতম।
সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ব্যাপক ভূমিকম্পের ঝুঁকির মুখোমুখি। এখানকার ঘনবসতি, পুরোনো অবকাঠামো এবং বিল্ডিং কোডের দুর্বল প্রয়োগ এই বিপদগুলোকে আরও বাড়িয়ে তুলেছে। অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ভৌগোলিকভাবে নাজুক অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশ। যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। বিশ্বের বিভিন্ন স্থান বিভিন্ন সময় ভূমিকম্পে কেঁপেছে। পৃথিবীর অভ্যন্তরে যে কেন্দ্র থেকে ভূকম্পন-তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে শিলার পীড়ন-ক্ষমতা সহ্যসীমার বাইরে চলে গেলে শিলায় ফাটল ধরে ও শক্তির মুক্তি ঘটে। তাই প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে ১৮৬৯ সাল থেকে ১৯৩০ সালের মধ্যে পাঁচটি বড় ঘটনা রিখটার স্কেলে ৭-এর ওপরে রেকর্ড করা হয়েছে। এরপর থেকে উচ্চমাত্রার ভূমিকম্প স্তিমিত হয়ে এসেছে।
সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে বেশি বিধ্বংসী। এই বিধ্বংসী ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় বা পূর্বাভাস নেই। ভূমিকম্প রেখার ঝুঁকিপূর্ণ সীমানার মধ্যে বাংলাদেশের অবস্থান। তাই আমাদের শক্তিশালী ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। বাংলাদেশে অনেকবার বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বেশিমাত্রার ভূমিকম্পে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সুতরাং বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে এখনই ভবন নির্মাণের জাতীয় নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ও দুর্বল স্থাপনাগুলো চিহ্নিতকরণপূর্বক ভেঙে ফেলতে হবে। (চলবে)
লেখক: কবি, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ।
