ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির মধ্যে হজ চতুর্থ ভিত্তি। এটি শারীরিক, মানসিক ও আর্থিক ইবাদত। তাই হজ পালন করতে হলে ব্যক্তিকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয় এবং আর্থিক সামর্থ থাকতে হয়। হজ আরবি শব্দ, যার আভিধানিক অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, আগ্রহ পোষণ করা, কোথাও যাওয়ার ইচ্ছা করা, মনস্থির করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে মক্কার কা‘বা ঘর এবং তৎসংলগ্ন ও সংশ্লিষ্ট কয়েকটি স্থানে ইসলামের বিধান অনুসারে অবস্থান করা, জিয়ারত করা ও অনুষ্ঠানাদি পালন করাকে হজ বলা হয়। বিখ্যাত ইসলামী পন্ডিত ব্যক্তি আল্লামা আব্দুর রহমান আল-জাযাইরী বলেন, হজের আভিধানিক অর্থ- মহৎ কোনো কাজের ইচ্ছা পোষণ করা। ‘ফিকহুস সুন্নাহ’-এর গ্রন্থকার বলেন; আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর হুকুম পালনার্থে মক্কায় গমনের ইচ্ছা করাকে হজ বলে। অর্থাৎ হজের নিয়তে নির্দিষ্ট স্থান হতে ইহরাম বেঁধে আল্লাহর বিধান পালনার্থে কা‘বা ঘর তাওয়াফ, আরাফার ময়দানে অবস্থান, মিনায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, জামারাতে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ, সাফা-মারওয়া সাঈ করা এবং তৎসংশ্লিষ্ট কার্যাবলি নির্দিষ্ট নিয়মে সম্পাদন করাকেই হজ বলে। হজের মধ্যে দৈহিক, আর্থিক ও মানসিক সব ধরনের ত্যাগ বা সেক্রিফাইস বিদ্যমান থাকায় ইসলামে হজের গুরুত্ব অপরিসীম। এজন্য প্রত্যেক সামর্থবান মুসলিমের ওপর জীবনে অন্তত একবার হজ করা ফরজ। কোনো ব্যক্তি যদি সকল প্রকার সামর্থ থাকা সত্ত্বেও হজ পালন না করেন, তাহলে তিনি প্রকারান্তরে হজকে অস্বীকার করলেন। এজন্য তাকে ফরজ ইবাদত অমান্য করার গুনাহ ও অপরাধের শাস্তি পেতে হবে।

মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে হবে। মানুষ সুনাম করুক, প্রশংসা করুক, লোকেরা হাজী বলে সম্বোধন করুকÑ এমন নিয়তে হজ করা জায়েয নেই। এ সম্পর্কে আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ঘোষণা করেন; ‘মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কা‘বা ঘরের হজ পালন করা ঐ সমস্ত মানুষের ওপর ফরজ, যারা কা‘বা ঘর পর্যন্ত পথ অতিক্রম করার ক্ষমতা রাখে। আর যারা কুফরী করবে অর্থাৎ সামর্থ থাকা সত্ত্বেও হজ পালন করবে না তারা জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ তা‘আলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন।’ [সূরা আলে ইমরান: ৯৭]। সুতরাং বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করলে দেখা যায় যে, হজের মধ্যে নানাবিদ কল্যাণ নিহিত রয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে হাকিমে এরশাদ করেন; ‘এবং মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা প্রদান কর। তখন তারা পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটে আরোহণ করে দূর-দূরান্ত থেকে তোমার কাছে এসে উপস্থিত হবে’। [সুরা আল-হজ:২৭]।

হজ প্রতি বছর মুসলিম উম্মাহর নিকট আল্লাহ তা‘আলার আনুগত্য, মহিমা, ত্যাগ, দাসত্ব, সৌহার্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের পয়গাম নিয়ে উপস্থিত হয়। তাই হজের মৌসুম মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ মৌসুম। মুসলিম উম্মাহর পরম কাম্য ও বিশ্ব সম্মেলন হচ্ছে হজ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম হজের উদ্দেশ্যে সীমাহীন দূরত্ব পাড়ি দিয়ে তাদের মহামিলন কেন্দ্র আল্লাহর পবিত্র ঘর কা‘বার দিকে গমন করে। হজের কেন্দ্র ভূমি মক্কার এ পবিত্র ঘরের মাহাত্ম্য সম্পর্কে মহান আল্লাহ তা‘আলা নিজেই কুরআনে ঘোষণা করে বলেছেন, ‘মানুষ কি আমার এ মহিমা প্রত্যক্ষ করে না যে, আমরা হারামকে শান্তি নিকেতনে পরিণত করেছি? আর তার চতুর্পার্শ্বকে জনাকীর্ণ করে তুলেছি?

এরপরও কি তারা মিথ্যাকে বিশ্বাস করতে থাকবে এবং আল্লাহর নেয়ামতকে অস্বীকার করবে?’ [সুরা আল-‘আনকাবুত: ৬৭]। ত্যাগের মহিমায় উজ্জ্বল মুসলিম জাতির পিতা ইবরাহীম (আ.)-এর হাতে যে পবিত্র ঘরের ধারার সূচনা হয়েছিল, কালের বিবর্তনের গতিধারায় সেই মহিমান্বিত ঘর তার পবিত্রতা, মর্যাদা, ভাবগম্ভীরতা ও উজ্জ্বলতা হারিয়ে রূপান্তরিত হয়েছিল অশ্লীলতা, অনৈতিকতা ও অপসংস্কৃতির উপাদানে। যেখানে বিবস্ত্র বা দিগম্বড় অবস্থায় তাওয়াফ বা প্রদক্ষিণকে পুণ্য বলে মনে করা হতো। অবশেষে মহানবী মুহাম্মাদ (সা.)-এর ওপর এ পবিত্র ঘরের সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের দায়িত্ব অর্পিত হলো। এ বিষয়ে আল্লাহ তা‘আলা কুরআনে স্পষ্টভাবে এরশাদ করেন, ‘অতএব, এ মাসসমূহে যে নিজের ওপর হজ করে নিল তার জন্য অশ্লীল কথা, অশ্লীল আচরণ এবং ঝগড়া-বিবাদ নিষিদ্ধ।’ [সুরা আল-বাক্বারাহ: ১৯৭]। রাসুল (সা.) হজের বিকৃত রূপকে আমূল পরিবর্তন করে ইবরাহীম (আ.)-এর চেতনায় ফিরিয়ে আনলেন এবং মুসলিমদেরকে সঠিক চেতনায় উজ্জীবিত করলেন। তখন হজ হয়ে উঠল তাওহীদী চেতনার উৎস। আল্লাহর প্রতি ভয়, তার অপরিসীম ক্ষমতা, শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের প্রতীক। মমতা, ক্ষমা, দয়া, অনুগ্রহ ও অনুকম্পা পাওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে কালেমা বা তাওহীদ, সালাত ও সিয়াম এককভাবে ব্যক্তি-কেন্দ্রিক। অর্থাৎ এ তিনটি ইবাদত ধনী-দরিদ্র প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। বাকি দুটির মধ্যে যাকাত একটি আর্থিক ইবাদত। যা নির্দিষ্ট পরিমাণ আর্থিক যোগ্যতা থাকা সাপেক্ষে ফরজ এবং হজ দৈহিক, মানসিক ও আর্থিক ইবাদত। সালাত জামায়াতের সাথে আদায় করলেও তা একটি নির্দিষ্ট সমাজ বা এলাকা-ভিত্তিক। কিন্তু হজ ব্যক্তি কেন্দ্রিক হওয়া সত্ত্বেও তা বিশ্বজনীন। বিশ্বের সকল দেশ, ভাষা, বর্ণ, গোত্রের সামর্থবান মুসলিম নর-নারী একই স্রষ্টার উদ্দেশ্যে একটি মাত্র কেন্দ্রের দিকে একই সময়ে সমবেত হয় আল্লাহর ঘর পবিত্র কাবায়। অগণিত মানুষের ব্যাকুল হৃদয়ের একটি মাত্র আওয়াজে ধ্বনিত ও মুখরিত হয় বায়তুল হারামের আঙ্গিনা ও চতুর্দিকের পরিবেশ।

সে ধ্বনিটি হচ্ছে- ‘হে আল্লাহ! আপনার ডাকেই হাজির হয়েছি, আমি এসেছি, আপনার কোনো শরীক নেই, আমি আপনার নিকট হাজির হয়েছি। সকল প্রশংসা একমাত্র আপনার জন্যই, সব নেয়ামত আপনারই দান, রাজত্ব আর প্রভুত্ব সবই আপনার। আপনার কোনো শরীক নেই।’ ওমরাহ বছরের যে কোনো সময় আদায় করা যায়। এমনকি হজের সময়ও আদায় করা যায়। কিন্তু হজ কেবল নির্দিষ্ট দিনসমূহে আদায় করতে হয়। হজ উপলক্ষে ধৈর্য, সহিষ্ণুতা ও আত্মসংযমের পরাকাষ্ঠা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে এ গুণগুলো অর্জন করতে হয়। তবে সিয়াম ও হজের মধ্যে একটি বিরাট পার্থক্য এই যে, সিয়াম সাধারণত নিজ গৃহে, পরিবার-পরিজনসহ আদায় করা হয়। আর হজের জন্য সফরের অবসাদ, ক্লান্তি ও ক্লেশ, পরিবার পরিজনহীন অবস্থায় অজানা পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এ অবস্থায় একমাত্র আল্লাহর স্মরণ, তার ওপর একান্ত নির্ভরতা ও নিজ লক্ষ্যের কথা চিন্তা করে আত্মসংযমের পরাকাষ্ঠা প্রদর্শন করার কোনো বিকল্প নেই। বরং অত্যাবশ্যক বটে। মহান আল্লাহ তা‘আলা পবিত্র কোরআনে এ প্রসঙ্গে বলেন; ‘মানবজাতির জন্য সর্ব প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয় তা মক্কায়। এটা বরকতময় ও বিশ্ব জগতের জন্য হেদায়াত। এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন ‘মাকামে ইবরাহীম’। যে কেউ সেখানে প্রবেশ করবে, সে নিরাপদ। সামর্থবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহ হজ করা ফরজ। আর যে হজকে অস্বীকার করবে, নিশ্চয় আল্লাহ সৃষ্টি জগত হতে অমুখাপেক্ষী। [সুরা আলে ‘ইমরান: ৯৬-৯৭]।

মহানবী (সা.) বিদায় হজে যে ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন, তা শুধু সেখানে উপস্থিত মুসলিমদের জন্যই নয়; বরং উপস্থিত-অনুপস্থিত সকল মুসলিম তথা সমগ্র মানব জাতির জন্য দিক-নির্দেশনা স্বরূপ ও অপরিসীম গুরুত্ববহ এক মহা মূল্যবান চিরন্তন দলিল। উল্লেখ্য যে, ১০৩৭ খ্রি. বৃটেনে ঘোষিত ম্যাগনাকার্টা, যেটাকে স্বাধীনতা সনদ বা মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে চিহ্নিত করা হয়। তার চেয়ে বিদায় হজের ভাষণ ছিল বহুগুণে শ্রেষ্ঠ। মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। আরাফাতের ময়দানে আজও সেই একই স্থানে দাঁড়িয়ে খুতবা পেশ করার রীতি প্রচলিত রয়েছে। মসজিদে নামিরায় এখনো বিভিন্ন দেশের মুসলিম পন্ডিত ও মুসলিম মনীষীগণ আধুনিক যুগ-জিজ্ঞাসার প্রয়োজন ও উপযুক্ত প্রেক্ষিত অনুযায়ী মুসলিম উম্মাহর প্রতি দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে থাকেন। যা সমগ্র মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা।

পবিত্র কা‘বাঘর সারা বিশ্বের কেন্দ্রস্থল, যেখানে পৃথিবীর সকল রাষ্ট্র-গোত্র, ভাষা-বর্ণ নির্বিশেষে সকলে সমবেত হয়ে তাওহীদী জনতার সুললিত কণ্ঠে সুস্পষ্ট ঘোষণা, স্রষ্টার সমীপে বান্দার এ যে বিশ্বজনীন আবেগ উচ্ছ্বসিত উচ্চারিত কণ্ঠ, এর ফলে মানব জাতির এক ভ্রাতৃত্বপূর্ণ সত্তার সর্বজনীন প্রকাশ। হজের গুরুত্ব বা তাৎপর্য সীমাহীন ও অনন্য মহিমায় সমুজ্জ্বল। ইসলামের এ আন্তর্জাতিকতা ও বিশ্বজনীনতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে- প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে মুসলিম উম্মাহর প্রতিনিধিত্বকারী ব্যক্তিগণ একত্রিত হয়ে মিল্লাতের সকল সমস্যা, উন্নতি-অগ্রগতি আলোচনা-পর্যালাচনা করা এবং পরবর্তীতে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। সাথে সাথে এ কাজে যত প্রকারের প্রতিবন্ধকতা আছে, তা যথাযথরূপে মোকাবেলা করার উদ্দেশ্যে সর্বাত্মক কার্যকর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের পথ নির্দেশ প্রদান করা। তাই হজ শুধু ব্যক্তিগত ইবাদত ও সাধারণ মুসলিমদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলনই নয়, বরং বিশ্ব মুসলিমের নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গেরও এক আন্তর্জাতিক মহাসম্মেলন। যা গোটা মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের শক্তিশালী বন্ধন সৃষ্টি করে। তাই নির্দ্বিধায় বলা যায়, ‘হজ মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন’।

হজ সাম্য, ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন মানবতার বিকাশের অন্যতম একটি মাধ্যম। হজের দু’টি দিক বিশেষ গুরুত্বপূর্ণ। একটি ব্যক্তিগত, অন্যটি আন্তর্জাতিক বা সর্বজনীনতা। দু’টি দিকই বিশেষভাবে প্রণিধানযোগ্য। হজ সত্যিকার অর্থে ছোট-বড়, উঁচু-নিচু ভেদাভেদ ও পার্থক্য রোধ করে। ইহরাম বেঁধে ‘লাব্বাইক’ বলে যখন পবিত্র কা’বার চতুর্দিক থেকে মানুষ ছুটে আসে এবং বায়তুল্লাহ তাওয়াফ করতে থাকে। তখন ছোট-বড়, সাদা-কালো সকল ভেদাভেদ লোপ পায়। যে মহান স্রষ্টা আসমান-জমিন, জিন-ইনসান সকলের স্রষ্টা, যিনি আমাদের ইহকালীন ও পরকালের একমাত্র প্রভু। তার ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির হওয়ার পর দুনিয়ায় প্রচলিত মানুষের মনগড়া কৃত্রিম ভেদাভেদের কথা কখনও মনে স্থান পায় না। এমন অকৃত্রিম সাম্য, ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন মানবতার বিকাশ আর কোনোভাবেই কল্পনা করা যায় না। মিনা ও আরাফার দৃশ্য ভিন্ন কিছুই নয়, বরং সেখানকার অনুভূতি সম্পূর্ণ ব্যতিক্রমী। মিনার ময়দানে যেখানে ইবরাহীম (আ.) তার প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাঈল (আ.)-কে আল্লাহর নির্দেশে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং কিশোর বালক আল্লাহর হুকুম পালনার্থে পরম স্নেহ বৎসল পিতার ছুরির সামনে সাগ্রহে নিঃসংকোচে নিজেকে কোরবানি করতে আত্মসমর্পণ করেছিলেন, সেই মহান আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত পুণ্যভূমিতে সর্বকালের মানুষের জন্য যে শিক্ষা ও অত্যন্ত প্রজ্জ্বলিত আদর্শ বিদ্যমান, তা চোখের সামনে ভাস্বর হয়ে ওঠে। ঐতিহাসিক সেই আত্মত্যাগের দৃষ্টান্ত অনুসরণ করে ইবরাহীম (আ.)-এর সুন্নাত হিসেবে সেখানে কোরবানির অনুষ্ঠান করতে হয়। মিনার ময়দানে কুমন্ত্রণাদাতা শয়তানের বুকে বার বার পাথর নিক্ষেপ করে নফসের সমস্ত শয়তানী ওয়াসওয়াসা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে হয়। এটিই হজের মাহাত্ম্য।

অতএব, ইসলামী শরীয়তে হজের মর্যাদা, গুরুত্ব ও অন্তর্নিহিত তাৎপর্য অপরিসীম। সাম্য, ভ্রাতৃত্ব ও ঐক্যের চেতনা প্রতিষ্ঠায় হজের সীমাহীন গুরুত্ব রয়েছে। হিংসা-বিদ্বেষ, আত্ম-অহমিকা বর্জনে এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন সৃষ্টিতে হজের প্রভাব সত্যিই অনস্বীকার্য। সংস্কৃতি, ভাষা, বর্ণ, গোত্র ভিন্নতা থাকা সত্ত্বেও বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ প্রতি বছর একই গন্তব্যে হাজির হয়। সেখানে থাকে না কোনো দ্বন্দ্ব-সংঘাত, হিংসা-বিদ্বেষ, আত্ম-অহংকারের দাম্ভিকতা, দুনিয়ার চাকচিক্য আর অর্থের আত্মম্ভরিতা। সবাই যেন সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রজ-অনুজ সহোদর হয়ে বিশ্ব জাহানের পালনকর্তা মহান প্রভু আল্লাহর দরবারে হাজির হওয়ার আগ্রহে ব্যাকুল হয়ে ওঠে। নিজ নিজ গুনাহ মাফ করিয়ে নেয়ার চূড়ান্ত ব্যস্ততায় নিমগ্ন থাকে। সত্যিই এক অকল্পনীয় ও অচিন্তনীয় দৃশ্য। মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের এমন বন্ধন তৈরির দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সুতরাং মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার ভিত শক্তিশালী করা এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন মজবুত ও সুদৃঢ় করতে হজের গুরুত্ব অপরিসীম। লেখক: শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট।