বিগত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্টরা ক্ষমতায় আসছে বলে ব্যাপক হাইপ তুলেছে। বিষয়টি এমনভাবে তারা তুলে ধরছে যে, জামায়াতের ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, জামায়াত প্রভাবিত প্রতিষ্ঠান থেকে একের পর এক জরিপ প্রকাশ করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে, জামায়াতই ক্ষমতায় আসছে। যদিও বিএনপিকে এগিয়ে রেখে ভোটের হারের পার্থক্য এক-দুই পার্সেন্ট দেখানো হচ্ছে। এসব জরিপ দিয়ে এই ম্যাসেজ এবং পারসেপশন ছড়িয়ে দেয়া হচ্ছে যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তার জনপ্রিয়তা আকাশচুম্বি হয়ে পড়েছে। একটা সময় যে জামায়াতের ভোটের হার ছিল, সাত থেকে আট পার্সেন্ট, তা বেড়ে পয়ত্রিশ-ছত্রিশ পার্সেন্ট হয়ে গেছে।
ভোটের এই হার বৃদ্ধি দেখিয়ে এটাই বোঝাতে চাচ্ছে, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ ক্রমেই প্রশস্ত হবে। যদিও বলাই বাহুল্য, ভোটের হারের ওপর আসন সংখ্যা বাড়ে না। অনেক দলের ভোটের হার বেশি থাকলেও দেখা যায়, ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন প্রয়োজন তা পায় না। আমরা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তা দেখেছি। সে নির্বাচনে হিলারি ক্লিন্টনের ভোটের হার বেশি থাকলেও তিনি ক্ষমতায় যেতে পারেননি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গিয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অ্যাক্টিভিস্টদের হাইপ তোলা এবং জামায়াত অনুগত প্রতিষ্ঠানের জরিপে তার অভাবনীয় ভোটের হার বৃদ্ধি জনমনে কিছুটা হলেও প্রভাব ফেলছে। যেমনটি প্রভাব ফেলেছিল, দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার উন্নয়নের ফানুস ওড়ানোর বিষয়টি জামায়াতের অ্যাক্টিভিস্টরা এন্তার প্রচার-প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার সেই ফানুসই উড়াচ্ছে। এটা একটা মনস্তাত্বিক প্রক্রিয়া। এর মাধ্যমে মানুষের মনে এক ধরনের বিস্ময় সৃষ্টি হয় যে, জমায়াত ক্ষমতায় আসলেও আসতে পারে। তবে জামায়াত ক্ষমতায় যাওয়ার মনস্তাত্বিক এই ফানুস ওড়ানোতেই থেমে নেই, সে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পর্যন্ত তার অনুসারিদের বসিয়েছে বলে ব্যাপক আলোচনা রয়েছে। নির্বাচনের ফল অনুকূলে আনার জন্য যা যা করার দরকার তা সে করে যাচ্ছে, যাতে তার অনুকূলে প্রকাশিত জরিপের সাথে মিলে যায়।
দুই. নির্বাচন ক্ষমতায় যাওয়ার একটি যুদ্ধ। এ যুদ্ধ জয়ে যেকোনো দল যত ধরনের কৌশল আছে, তা অবলম্বন করতে পারে। কৌশল নিয়ে যতই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকুক না কেন, তাতে কিছু যায় আসে না। কাক্সিক্ষত ফলাফল অনুকূলে আনাটাই বড় কথা। জামায়াত অত্যন্ত সূচারুভাবেই সেই কৌশল অবলম্বন করছে। ইতোমধ্যে সেই কৌশল, কারো কারো কাছে অপকৌশল, তা প্রকাশিত হয়েছে। সম্প্রতি পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেংকারির ঘটনা ঘটেছে, তাতে দেখা যায়, নির্বাচন কমিশন যে ব্যালটগুলো (১৫ লাখের বেশি) বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে পাঠিয়েছে, তার মধ্যে বাইরাইনে এক জমায়াত নেতার বাসায় অসংখ্য ব্যালট পেপার গণনা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গণে তোলপাড় চলছে।
বিএনপির পক্ষ থেকে একটি উচ্চ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এ নিয়ে আপত্তি জানিয়েছে। নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়ে বিষয়টিকে ঢাকার চেষ্টা করেছে এবং এ ধরনের কাজ কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। নির্বাচন কমিশনের সচিব এ কথাও বলেছেন, এ ব্যালট পরিবর্তন করা হবে না। যেভাবে আছে সেভাবেই থাকবে। গত শনিবার বিএনপির গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি এ কথাও বলেছেন, আমরা ধৈর্য্য ও সহনশীলতার মধ্যে থাকব। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শীষও এমন জায়গায় রাখা হয়েছে, যা পেপারের ভাঁজের মধ্যে পড়ে।
এতে প্রতীকটি ভোটাররা সহজে দেখতে পাবে না। অন্যদিকে, জামায়াতের প্রতীক দাড়িপাল্লা একেবারে উপরে রাখা হয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা একে ‘পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং’ ও ‘ব্যালট অর্ডার ইফেক্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। এতে বিএনপির মূল প্রতিপক্ষ জামায়াত ও তার জোট ১ থেকে ১০ শতাংশ ভোট বেশি পেয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রে জর্জ বুশের নির্বাচনের সময় তার প্রতীক ব্যালট পেপারের নিচে থাকায় প্রতিপক্ষ ১ থেকে ১০ শতাংশ ভোট পেয়েছিল বলে গবেষণায় দেখা গেছে। তখন থেকে একে ‘ব্যালট অর্ডার ইফেক্ট’ বলা হয়। যদিও তাতে ভোটের ব্যবধানের হার কিঞ্চিৎ কমা ছাড়া জর্জ বুশের বিজয় ঠেকানো যায়নি। পর্যবেক্ষকদের মতে, নির্বাচন কমিশনের মধ্যে থাকা জামায়াতের অনুসারিরা কারসাজি করে এ ধরনের ব্যালট ইঞ্জিনিয়ারিং বা ব্যালট অর্ডার ইফেক্ট তৈরি করেছে।
প্রচলিত রয়েছে, নির্বাচন কমিশনে জামায়াতের অনুসারিদের প্রাধান্য বেশি। তারা সুপ্ত অবস্থায় থেকে সূক্ষ্মভাবে জামায়াতের পক্ষে কাজ করছে। বিএনপিও এ অভিযোগ করেছে। তবে এ ধরনের অভিযোগ নতুন নয়। ’২৪-এর ৫ আগস্টের পর থেকেই জামায়াত অত্যন্ত দ্রুততার সাথে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র তার অনুসারিদের বসিয়ে দিয়েছে। প্রায় ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতের অনুসারি ভিসি নিয়োগ দিতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও জামায়াতের ব্যাপক প্রাধান্য রয়েছে। ৫ আগস্টই জামায়াতের আমীর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ সরকারে আমাদের প্রভাব রয়েছে বলে বলেছিলেন। যতই দিন গেছে তার এ কথার প্রতিফলন সরকারের মধ্যে দেখা গেছে। বলা হয়ে থাকে, স্বাধীনতার পর জামায়াত এত ক্ষমতা কখনো উপভোগ করেনি। সর্বোচ্চ প্রশাসন থেকে মাঠ প্রশাসনে দলটি তার অনুসারিদের দিয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে ক্ষমতাশালী হয়ে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে তার নমুনা এখন দেখা যাচ্ছে। যার ‘টিপস অফ আইস বার্গ’ হিসেবে পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং-এর বিষয়টি প্রকাশিত হয়েছে।
তিন. সরকার থেকে শুরু করে প্রশাসনে জামায়াতের আধিপত্য বিস্তারের এই ধারণা সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। প্রশ্ন আসতে পারে, বিএনপি তাহলে কী করেছে? এ নিয়ে বিএনপিকে কোনো প্রতিবাদ বা বিবৃতি দিয়েছে? দেয়নি। বরং বিএনপির মধ্যে ‘দেখি না কী হয়’ এমন একটি উন্নাসিক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিএনপি কি মনে করেছে, তার বিপুল জনসমর্থন দিয়ে প্রতিপক্ষের সাজানো প্রশাসন ডিঙিয়ে বিজয় লাভ করবে? এ চিন্তা করা যে কত বড় ভুল, তা তো আমরা ’৯১ সালে আওয়ামী লীগের পরাজয়ের মধ্য দিয়ে দেখেছি। সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুরো প্রশাসন নিরপেক্ষ ছিল। আওয়ামী লীগ এতটাই আত্মবিশ্বাসী ছিল যে, তার আকাশচুম্বি জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় চলে যাবে। নির্বাচনের আগেই দলটি ছায়া সরকার গঠন করে ফেলেছিল। কে কোন মন্ত্রী হবে, এমন বন্টনও হয়ে গিয়েছিল।
বিএনপি এবং তার সমর্থকরাও ধরে নিয়েছিল, তারা বিরোধীদলের আসনে বসছে। দেখা গেল, সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার মতো আসনই পায়নি। বরং বিএনপি সরকার গঠন করেছে। আওয়ামী লীগের এমন ফলাফলের মূল কারণ ছিল, অতি আত্মবিশ্বাস, যা তাকে ডুবিয়েছিল। অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সে সময় দিনরাত এককরে নির্বাচনী প্রচারণায় সরাদেশ চষে বেড়িয়েছিলেন। রাত তিনটা-চারটার সময়ও তিনি পথসভা করেছেন। তাঁর এই অক্লান্ত পরিশ্রমই আওয়ামী লীগের নিশ্চিত বিজয়কে পরাভূত করে বিএনপিকে ক্ষমতায় এনেছিল। ’৯১ সালে আওয়ামী লীগের সেই একই সিম্পটম বা আলামত এখন যেন বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। দলটি যেন ‘সেট ব্যাক অ্যান্ড রিলাক্স’-এর মধ্যে রয়েছে।
ওদিকে তার প্রধান প্রতিপক্ষ জামায়াত ও তার জোট বহু আগে থেকেই আঁটঘাট বেঁধে বিজয় নিশ্চিত করার জন্য যা করা দরকার, তাই করে ফেলেছে। অনেকের মধ্যে এই ধারণা জন্মাতে পেরেছে, জামায়াত ক্ষমতায় চলেও যেতে পারে। এই ধারণা জন্মানোকেই এখন অনেকে বিএনপির প্রথম পরাজয় হিসেবে বিবেচনা করছে। কারণ, যারা কখনোই চিন্তা করেনি, জামায়াত ক্ষমতায় আসবে, সেই তারাই এখন ‘জামায়াত ক্ষমতায় আসতে পারে’ বলছে। এটা যে তারা আনন্দ নিয়ে বলছে তা নয়, বিএনপির উদাসীনতায় ক্ষোভ থেকেই এ কথা বলছে। বলা বাহুল্য, অনেকের মধ্যে এই ধারণা জন্মানোর ক্ষেত্রে জামায়াতের যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি কৃতিত্ব বিএনপির উদাসীনতা এবং ‘ক্ষমতায় চলে গেছি’ বা ‘ক্ষমতায় যাওয়া সময়ের ব্যাপার মাত্র’ এই মানসিকতা। বলা বাহুল্য, যুদ্ধে প্রতিপক্ষকে হারানোর জন্য যত কৌশল নেয়া প্রয়োজন, তাই নিতে হয়। সেটা রক্তক্ষয়ী যুদ্ধ হোক, আর রক্তপাতহীন যুদ্ধ হোক। নির্বাচন নামক যুদ্ধ একটি রক্তপাতহীন ও কৌশলী যুদ্ধ। এ যুদ্ধের প্রথম অস্ত্র ভোটারদের মন জয় করার কৌশল। কোন আদর্শ ও প্রতিশ্রুতিতে ভোটারদের মন ভজবে, তাদেরকে ভোট দিতে উৎসাহ যোগাবে, সেই কৌশল অবলম্বন করতে হয়। জামায়াত এই কাজটি বহুদিন ধরেই করে আসছে। ভোটাররা তা গ্রহণ করল কি করল না, তা দেখার বিষয় নয়। সে তার এজেন্ডা নিয়ে বিএনপির নেতাকর্মীদের অনেক আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা এখন যাচ্ছে বটে, তবে তা অনেকটা খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার মতো হয়ে গেছে। এই গল্পের ফলাফল উল্টে দিতে হলে ভোটের আর যে কয়দিন বাকি আছে, তার জন্য বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের প্রাণান্ত চেষ্টা চলাতে হবে। মনে রাখা দরকার, সমর্থকদের নিজের ভোটারে পরিণত করতে না পারলে, কাক্সিক্ষত ফলাফল পাওয়া যায় না।
চার. প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, ডিসি-এসপি, ইউএনও থেকে শুরু করে নির্বাচন পরিচালনা সংক্রান্ত কাজে যারা জড়িত, তাদের বেশিরভাগের ওপর যে জামায়াতের প্রভাব রয়েছে, তা এখন স্বীকৃত। নির্বাচনে জয়ী হতে কৌশল হিসেবে জামায়াত এ কাজ করতেই পারে। এক্ষেত্রে বিএনপি কি করেছে? তার বিজয়ের জন্য প্রশাসনের আনুকূল্যের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু নিরপেক্ষতা। বিএনপি কি প্রশাসন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে কোনো চাপ প্রয়োগ বা উদ্যোগ নিয়েছে? নেয়নি। শুধু বক্তব্য-বিবৃতিতেই সীমাবদ্ধ। পপুলার ভোট যে বিজয়ের জন্য যথেষ্ট নয়, তার বহু উদাহরণ তো বিশ্বে রয়েছে। ভোটে জেতার জন্য ম্যাকানিজম বা কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত এ কাজটি ইতোমধ্যে সেরে ফেলেছে।
সর্বত্র তার অনুসারিদের এমনভাবে বসিয়েছে যে, রদবদল করলেও ঘুরেফিরে তারাই থেকে যাবে। তবে বিএনপি যখন নড়েচড়ে বসেছে, তখন বেলা বয়ে যায় অবস্থা। এই অবেলায় কী খুব বেশি কিছু করার আছে? অথচ জামায়াত একদিকে যেমন নির্বাচন পিছিয়ে দেয়া বা বানচাল নিয়ে সরব ছিল, আবার তলে তলে ঠিকই তার অনুকূলে প্রশাসন সাজিয়ে বসে আছে। এই উভয় নীতিই তার জন্য সুবিধা করে দিয়েছে। নির্বাচন পেছালেও তার জন্য সুবিধা, আবার নির্বাচন হলেও তার জন্য সুবিধা। বিএনপি শুধু নির্বাচন যাতে ভালয় ভালয় হয়ে যায়Ñএই একমুখী নীতি নিয়ে চলেছে। তার বিজয় সুনিশ্চিত করার জন্য যে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন এবং কৌশল অবলম্বন করতে হয়, তা উপেক্ষা করে গিয়েছে। আগামী নির্বাচনে যদি বিএনপির ফলাফল খারাপ হয় এবং তার জন্য যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলে, তাতে কি কিছু যায় আসবে? তখন অভিযোগ করে কি কোনো লাভ হবে? হবে না। তখন অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন থেকে বলা হবে, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। বিএনপির উচিৎ, নির্বাচনের যে কয়দিন বাকি রয়েছে এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সে বিষয়ে চাপ প্রয়োগ করা। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় বিজয়ের জোয়ার তৈরি করা।
darpan.journalist@gmail.com
