রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ষষ্ঠবারের মতো রাষ্ট্র ক্ষমতার আসনে সমাসীন হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার গঠন করেছে বিএনপি। নতুন  সরকারের কাছে দেশের মানুষের অযুত  প্রত্যাশা রয়েছে। দল হিসেবে বিএনপির প্রথম দায়িত্ব হলো দেশের মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণে সুদৃঢ় ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। আগামী দিনে বাংলাদশে গণতান্ত্রিক রূপান্তর কতটা টেকসই হবে, জুলাই সনদের আলোকে নতুন বন্দোবস্ত কতটা আলোর মুখ দেখবে। তা মূলত নির্ভর করছে বিএনপির সদিচ্ছার ওপর। ইতোমধ্যে বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডা.

শফিকুর রহমান দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এটি আশার দিক। বাংলাদেশের মতো বিভাজিত একটি  সমাজকে ঐক্য ও সম্প্রীতির পথে নেওয়া বিএনপির জন্য এক বড় চ্যালেঞ্জ। রাজপথ থেকে রাজনীতিকে সংসদমুখী রাখা, প্রান্তিক জনপদের গরিব-দুঃখী মানুষের মুখচ্ছবি সামনে রেখে অর্থনীতির আমূল সংস্কারসহ যেসব গুরুদায়িত্ব বিএনপি সরকারের ওপর পড়েছে, তা বাস্তবায়ন হতে পারে একটি সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে। এক্ষেত্রে মন্ত্রীদের কাজের আমলনামার মূল্যায়ন প্রতি ছয় মাস অন্তর করা যেতে পারে। কাজের পরীক্ষা-নিরীক্ষার মূল্যায়ন জনমুখী করতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়ানোর সৎ সাহস থাকতে হবে তাদের।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘ অত্যাচার-নির্যাতনের শিকার একটি দল কীভাবে রাষ্ট্র পরিচালনার করতে যাচ্ছে, তার প্রতিচ্ছবি অনেকটাই সুস্পষ্ট হবে নতুন মন্ত্রীদের কর্মকাণ্ডে। \r\nস্মরণ করা যায়, ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান যেদিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন, ঠিক ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৬ এপ্রিল তার পিতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। রাজনীতির ময়দানে একদলীয় বাকশালী সংস্কৃতি থেকে বেরিয়ে বহুদলীয় রাজনৈতিক ধারায় প্রত্যাবর্তন করেন তিনি। তার মন্ত্রিসভার সদস্য ছিলেন ৪২ জন। ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। সে মন্ত্রিসভা ছিল ৩১ সদস্যের। খালেদা জিয়া সর্বশেষ ২০০১ সালে যখন প্রধানমন্ত্রী হন তখন মন্ত্রিসভার সদস্য ছিলেন ৬০ জন। তারেক রহমান ঐক্য ও পুনর্গঠনের যে বার্তা এবং বিরোধী দলের নেতৃবৃন্দের বাসায় গিয়ে যে সৌজন্যতা দেখিয়েছেন, তা নিঃসন্দেহে ইতিবাচক চর্চা। \r\nতবে বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর এই বহরকে  দক্ষতা, যোগ্যতা ও সততায় উত্তীর্ণ রাখা। ক্ষমতাসীন দল বিএনপির সামনে অনেকগুলো চ্যালেঞ্জ দৃশ্যমান। বড় চ্যালেঞ্জ হলো দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বস্তি দেওয়া। জুলাই সনদে উল্লিখিত রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন। সংবিধান সংশোধন ও আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে আইনসভার উভয় কক্ষের অনুমোদনের প্রস্তাবেও নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়ে রেখেছে বিএনপি। দেশবাসী বিশ্বাস করতে চায়, যেহেতু জনগণ গণভোটে হাঁ-এর পক্ষে রায় দিয়েছে, সেহেতু বিএনপি জনগণের রায়ের প্রতি অবশ্যই যথাযথ সম্মান দেখাবে।