মুক্তিযুদ্ধের গান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এসব গান শুধু সুর ও কথার সমষ্টি নয়, একটি জাতির অস্তিত্ব রক্ষার শপথ। ১৯৭১ সালে যখন গোটা দেশ দখলদার বাহিনীর নির্মম অত্যাচারে জর্জরিত, তখন গানই হয়ে উঠেছিল আশার দিশা। কখনো তা উচ্চারণ করত প্রতিরোধের ঘোষণা, কখনো মুক্তিযোদ্ধার ক্লান্ত হৃদয়ে জাগিয়ে তুলত নতুন শক্তি। শরণার্থী শিবির, প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তাঞ্চলের অস্থায়ী বেতারকেন্দ্র বা ছোট্ট গ্রাম্য উঠোন-একটি গান শুরু হলেই মানুষের চোখে জ্বলে উঠত নতুন আলো। যে আলো বলত, দেশ হারিয়ে যায়নি, লড়াই এখনো বাকি।\r\nমুক্তিযুদ্ধের সময় সংগীতকে দেখা হতো মনোবল জাগানোর অন্যতম প্রধান মাধ্যম হিসেবে। যুদ্ধক্ষেত্রে কিংবা সীমান্তের গভীর অজানায় মানবিক বেদনা ঘিরে থাকত প্রতিটি মানুষকে।

কেউ পরিবার হারিয়েছেন, কেউ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে দিন কাটিয়েছেন, কেউ আবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও লড়েছেন। এই টানাপোড়েনের মধ্যে গানই তৈরি করত এক ধরনের নিরাপত্তা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইতে গাইতে মানুষ বুঝত যে, মাতৃভূমি তাদের অস্তিত্বের গভীরে গেঁথে আছে। এই গান মনে করিয়ে দিত তারা কী হারাচ্ছে, কেন লড়ছে, আর কোনো স্বাধীন ভবিষ্যতের দিকে এগোচ্ছে।\r\nবাংলাদেশের গ্রাম-শহর- সব জায়গায় মুক্তিযুদ্ধের গান ছড়িয়ে পড়েছিল দ্রুত। কারও কাছে গান ছিল সংবাদ, কারও কাছে ওষুধ, আবার কারও কাছে অস্ত্রের মতো অনুপ্রেরণা। শরণার্থী শিবিরে সন্ধ্যার পর মশাল বা লণ্ঠনের আলোয় মানুষ দল বেঁধে গাইত প্রতিরোধের সুর। মুক্তিযোদ্ধাদের গোপন ক্যাম্পে সারারাত বাজত উদ্দীপনামূলক গান।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত হতো জাগরণী গান, যা শুনে জনতার মনে জেগে উঠত স্বাধীনতার অনুভূতি। ভীত-সন্ত্রস্ত মানুষও বুঝত- এ লড়াই শুধু নিজের নয়, পুরো জাতির।\r\n জয় বাংলা বাংলার জয় তখন কেবল একটি গান ছিল না, ছিল চেতনার ডাক। এটি মানুষকে মনে করিয়ে দিত স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের মুক্তি নয়, নৈতিক দায়িত্বও। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি এনে দিত এই গান। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একই সুরে প্রতিধ্বনিত হতো স্বাধীনতার স্বপ্ন। শিশু, তরুণ, প্রবীণ- সবাই একই সুরে খুঁজে পেয়েছিল একতার ভিত্তি। এই গান মানুষকে এক নতুন ঐক্যে বাঁধা রাখত, যা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি।\r\nতখনকার গ্রামবাংলায় চারণ কবি, জারিয়াল, বাউল শিল্পীরা মাঠে-ঘাটে ঘুরে ঘুরে গাইতেন সংগ্রামের গান।

তাদের সরল ভাষা, সহজ সুর সাধারণ মানুষের মনে সাহস ছড়িয়ে দিত। আমরা ছাড়ব না, মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়ব না - এই ধরনের গান গ্রামের মানুষকে মনে করিয়ে দিত লড়াই থেকে সরে আসা যাবে না। শহরাঞ্চলের মানুষও গানকে ব্যবহার করত মনোবল রাখার উপায় হিসেবে। মুক্তিযোদ্ধাদের হাতে হাতে ঘুরে বেড়াত এসব গান, ক্যাম্পে ক্যাম্পে ছড়িয়ে পড়ত সাহসের বার্তা। সুরের ভেতরেই ধ্বনিত হতো স্বাধীনতার স্বপ্ন।\r\nজাগরণী গানের পাশাপাশি দেশাত্মবোধক গান ছিল ততটাই গুরুত্বপূর্ণ। কারার ওই লৌহ কপাট শোষণের বিরুদ্ধে প্রতীকী ভাষা তৈরি করেছিল। এর প্রতিটি শব্দ স্বাধীনতার মূল্য বোঝাত। শিকলবন্দি মানুষ যে স্বাধীনতার স্বপ্ন দেখে, সেই স্বপ্নের প্রতিধ্বনি ছিল এসব গান। তখনকার প্রেক্ষাপটে এগুলো ছিল অন্ধকারে পথ দেখানো আলো।

প্রতিটি সুর, প্রতিটি কবিতার ভেতরে জমে ছিল বেদনা, আশার ঝিলিক আর মুক্তির প্রতিজ্ঞা।\r\nমুক্তিযুদ্ধের গান কেবল বীরত্বের গল্প নয়, ছিল গভীর মানবিকতার প্রতিচ্ছবি। ধন ধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা বা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা - এসব গান মানুষকে দেশের প্রতি ভালোবাসা শেখাত। যুদ্ধের সময় যখন নিপীড়ন আর বেদনা ঘিরে রাখত মানুষকে, তখন এসব গান মনে করিয়ে দিত দেশ মানে ভালোবাসা, দায়িত্ব ও ইতিহাস। স্বাধীনতা মানে শুধু দখলদারকে পরাজিত করা নয়, বরং নিজের দেশকে সত্যিকারের ভালোবাসা- এই শিক্ষা গান থেকেই মানুষ পেয়েছিল।\r\nগান যুদ্ধের দিনে শুধু আবেগ তৈরি করেনি, ছিল ঐক্যের অবলম্বনও। শহর-গ্রাম, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র-সবাই একই সুরে বাঁধা পড়ত। একটি গান শুরু হলেই দশজন এগিয়ে এসে কণ্ঠ মেলাত।

সেই মুহূর্তগুলো দেখিয়ে দিত স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মানুষ কতটা এক হয়ে উঠতে পারে। সংগীত তখন সবার ভেতর তৈরি করত এক নতুন সমতা, যার ভিত্তিতে সম্ভব হয়েছিল একটি দেশের জন্ম।\r\nবিজয়ের পর মুক্তিযুদ্ধের গান নতুন অর্থে ফিরে আসে সমাজে। মানুষ এসব গান শুনে ইতিহাস বাঁচিয়ে রাখত। নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষের সংগ্রাম জানতে পারত এসব গানের মাধ্যমে। স্কুল-কলেজে জাতীয় দিবসে এসব গান গাওয়া হতো, যাতে তরুণরা শিখতে পারে স্বাধীনতা মানে দায়িত্ব, ন্যায়বিচার আর মানবিকতা। মুক্তিযুদ্ধের গান তখন ইতিহাসের শিক্ষক হিসেবে কাজ করত।\r\nগান হয়ে ওঠে ইতিহাসের দলিল। আমি গাইবো বিজয়ের গান বা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে - এসব গানে জমে আছে ১৯৭১-এর আগুনঝরা দিনের গল্প।

শরণার্থী শিবিরের কান্না, শহীদ পরিবারের বেদনা, মুক্তিযোদ্ধার ক্লান্ত দেহ, অনিশ্চয়তার ভয়- সবই প্রতিফলিত হয় এই সুরে। তাই এই গান সংরক্ষণ মানে ইতিহাস সংরক্ষণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো অমূল্য সম্পদ।\r\nডিজিটাল যুগ এসে মুক্তিযুদ্ধের গানকে নতুনভাবে মানুষের জীবনে ফিরিয়ে এনেছে। ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম, স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখন সহজেই শোনা যায় পুরানো রেকর্ডিং। অনেক গান নতুনভাবে সুরারোপ করা হয়। তরুণেরা নিজেরাই কভার করে- তাদের কণ্ঠে পুরানো গান নতুন রূপ পায়। এতে একদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা যায়, অন্যদিকে সাম্প্রদায়িকতা ও ভেদাভেদের বিরুদ্ধে নতুন প্রজন্মের ভেতর দৃঢ় সচেতনতা তৈরি হয়।

গান হয়ে ওঠে নতুন প্রজন্মের মানসিক লড়াইয়ের অংশ।\r\nস্বাধীনতার পর বাংলাদেশের শিল্পীরা মুক্তিযুদ্ধের আবেগ ধরে রেখে আরও নতুন গান সৃষ্টি করেছেন। এই মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ কোটি সেনা বা সব কটা জানালা খুলে দাও না- এসব গান নতুন সময়ে নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়। সুরের ভেতর দিয়ে ফিরে আসে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ব আর ন্যায়বিচারের স্বপ্ন। নতুন প্রজন্ম বুঝতে পারে স্বাধীনতার স্বাদ কেবল ইতিহাস নয়, বর্তমানেরও দাবি।\r\nমুক্তিযুদ্ধের গান তাই কেবল একটি সময়ের শিল্প নয়। এগুলো বাংলাদেশের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। মানুষ এসব গান শুনে বোঝে স্বাধীনতা কোনো শেষ নয়; স্বাধীনতা হলো শুরু। রাষ্ট্র গঠনের দায়িত্ব, সমাজের উন্নয়ন, মানবিকতা ধরে রাখার অঙ্গীকার- সবই টিকে থাকে সুরের ভেতর।

মুক্তিযুদ্ধের গান মানুষকে মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, কী হারিয়েছি এবং কীভাবে এগোতে হবে।\r\nআজকের বাংলাদেশও এসব গান থেকে শক্তি পায়। রাজনৈতিক অস্থিরতা, বিভাজন, অর্থনৈতিক সংকট বা সামাজিক সহিংসতার মধ্যেও গান মনে করিয়ে দেয় যে, একবার আমরা অসম্ভবকে সম্ভব করেছিলাম। আবারও পারব। বর্তমান সময়েও মুক্তির চেতনা ফিরে আসে সুরের ডানায় ভর করে। যে চেতনা আমাদের ভিতরে জ্বালায় ন্যায়, মানবিকতা এবং দায়িত্বের আগুন- যেমন, ওরা আসবে, চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ... আমি গাইবো, গাইবো বিজয়েরই গান । একইভাবে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্মরণার্থে অনুপ্রেরণা যোগায়- এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য কোটি সোনা ।\r\nমুক্তিযুদ্ধের গান তাই শুধু ইতিহাস নয়, আজকের দিনেও প্রেরণা। জাতি হিসেবে এগোতে হলে এসব গান ধরে রাখতে হবে, শুনতে হবে, নতুন প্রজন্মকে শোনাতে হবে। এগুলো যেমন শিল্পের সৌন্দর্য, তেমনি স্বাধীনতার গৌরবময় চিহ্ন। সুরের ওপারে যে চেতনা জ্বলতে থাকে, সেটাই আমাদের জাতিসত্তার গভীর আলো, যা পথ দেখায় আরও দূরে- আরও মুক্ত ভবিষ্যতের দিকে।\r\nলেখক : অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়\r\nala.uddin@cu.ac.bd