বরিশালসহ দক্ষিণাঞ্চলের পল্লী এলাকার যোগাযোগ ও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে গত অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি প্রায় ১২শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে। একইসাথে বিদ্যমান অবকাঠামো সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পল্লী এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে। এলজিইডি গত অর্থ বছরে ১৯৫ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করেছে এবং সোয়া ৪শ কিলোমিটার সড়কের মেরামত সম্পন্ন করেছে। এসময়ে বিভিন্ন গ্রাম পর্যায়ে ২৩৯টি আয়রন ব্রিজের নির্মাণও সম্পন্ন করেছে।

নিকট অতীতে নদ-নদী বহুল ও কৃষিনির্ভর দক্ষিণাঞ্চলের পল্লী এলাকায় পাকারাস্তা এবং কংক্রিটের সেতু-কালভার্ট ছিল স্বপ্নের মতো। ইতোমধ্যে এ অঞ্চলের প্রায় ৫১ হাজার কিলোমিটার গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা সড়ক আর্থ-সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে। এসব সড়ক ছাড়াও এ অঞ্চলে প্রায় আড়াই লাখ সেতু ও কালভার্টের মধ্যে বেশিরভাগেরই উন্নয়ন সম্পন্ন করেছে। এছাড়াও প্রায় ১১ হাজার কিলোমিটার গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা সড়কের উন্নয়ন সম্পন্ন হয়েছে। এখাতে ইতোপূর্বে ব্যয় হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। বর্তমানে বরিশাল অঞ্চলে এলজিইডি প্রায় ১৫ হাজার কিলোমিটার পাকারাস্তা ও প্রায় ২৫ হাজার কিলোমিটার কাঁচা রাস্তার দেখভাল করছে। প্রতিষ্ঠানটি একাধিক প্রকল্পের আওতায় ২৭২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ও ২ সহস্ত্রাধিক প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ সম্পন্ন করেছে।

এলজিইডি বরিশালের আড়িয়াল খাঁ নদের ওপর প্রায় ৯২ কোটি টাকা ব্যয়ে সোয়া ৬শ মিটার ‘প্রি স্ট্রেসড কংক্রিট গার্ডার’ সেতু নির্মাণের কাজ শুরু করেছে। সেতুটি নির্মিত হলে বরিশাল ও গৌরনদী হয়ে মুলাদী উপজেলা ছাড়াও নাজিরপুর ও মোল্লারহাট এলাকার মধ্যেও সড়ক যোগাযোগ নির্বিঘœ হবে। গৌরনদীর অদূরে কুতুবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর সম্পূর্ণ দেশীয় তহবিলে মোট ২৪টি পিয়রের ওপর ২৩টি স্প্যানে নির্মিত সেতুটি নির্মিত হচ্ছে। দু’ প্রান্তে প্রায় সাড়ে ৫শ মিটার সংযোগ সড়ক ছাড়াও সেতুটির দু’ প্রান্তে দুটি এবাটমেন্টের মধ্যভাগে মূল স্প্যানটি ৯০ মিটার দীর্ঘ ‘আর্থ টাইপ’ প্রযুক্তিতে নির্মিত হচ্ছে।

‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আওতায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সানুহার-ধামুড়া-সাতলা উপজেলা সড়কের ২৩তম কিলোমিটারে ইতোপূর্বে ৫৬০ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে এলজিইডি। প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে হারতা বাজার সংলগ্ন কঁচা নদীর ওপর ২৮০ মিটার দীর্ঘ আরো একটি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে ইতোপূর্বে। এর ফলে উজিরপুর ও কোটালীপাড়ার বিল অঞ্চলের দুর্গম এলাকার মানুষের মূল জনপদের সাথে দ্রুত ও নির্বিঘœ সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে।

‘বৃহত্তর বরিশাল প্রকল্পের আওতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীর সাথে চরমোনাই-বুখাইনগর-বিশ্বাসের হাট সড়কের ‘কড়াইতলা সেত’ুটির নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। একই প্রকল্পের আওতায় প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জের গারুরিয়া-গবিন্দপুর সড়কের তুলাতলা নদীর ওপর ১১টি স্প্যানে ৪৪০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় ঐ এলাকার পিছিয়ে পড়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে।

‘দক্ষিণাঞ্চলীয় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি’, ‘বৃহত্তর বরিশাল জেলা গ্রামীণ যোগাযোগ ও হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘জরুরি ঘূর্ণিঝড় পুনরুদ্ধার প্রকল্প’, ‘গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প’, ‘অগ্রাধিকার ভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’, ‘সড়ক ও জনপথ থেকে স্থানান্তরিত প্রকল্প’, ‘উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প’, ‘আরআইএমপি-এলসিএস প্রকল্প’, ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’, ‘অংশগ্রহণমূলক ক্ষুদ্রকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’সহ দক্ষিণাঞ্চলের পল্লী এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় দু’ হাজার স্কিম বাস্তবায়ন করেছে এলজিইডি। এসব প্রকল্পে ব্যয় হয়েছে আরো ১ হাজার ১১০ কোটি টাকা।

গত অর্থবছর থেকে প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘বরিশাল জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৮-এর জুনের মধ্যে সমাপ্তির লক্ষ্য নিয়ে চলতি অর্থ বছর থেকেই প্রকল্পটি ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শুরু হচ্ছে। প্রকল্পটির আওতায় প্রায় ৩৩ কিলোমিটার উপজেলা সড়ক উন্নয়ন, ৯৭ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন, ২৩২ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন, ২৮১ কিলোমিটার ইউনিব্লক সড়ক উন্নয়ন, প্রায় আড়াইশ’ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসন এবং ৬৭৮ মিটার সেতু নির্মাণ করা হবে বলে প্রকল্প পরিচালক জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলায় ইতোমধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রায় ৫শ’ ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাসস্থান নির্মাণ করে দিয়েছে এলজিইডি। ঝালকাঠীতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিউট নির্মাণ কাজও সম্পন্ন করেছে এলজিইডি।

ঝালকাঠীর রাজাপুরে বেপারীবাড়ি-হায়দারখালী সড়কে সোয় ১১ কোটি ব্যয়ে ১১৭ মিটার পিসি গার্ডার সেতু, কাঠালিয়া উপজেলায় দত্তেরহাট-পাটকেলঘাটা সড়কে তারাবুনিয়া নদীর ওপর সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১২কিলোমিটার দীর্ঘ বাগড়ী-মিরেরহাট সড়কের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নলছিটি উপজেলায় ৯ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার দীর্ঘ সরকারবাড়ী-চৌরঙ্গী সড়ক ও পিরোজপুরে নাজিরপুরে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে দির্ঘা নদীর ওপর ৩৬০মিটার লম্বা পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নেছারাবাদের কালিগঙ্গা নদীর ওপর ৬শ’ মিটার লম্বা একটি সেতু নির্মাণে ১১৫ কোটি টাকার প্রকল্পও শেষ পর্যায়ে। দ্বীপজেলা ভোলার বিভিন্ন উপজেলায় প্রায় সোয়া ২শ’ কোটি টাকা ব্যয়ে ৪২টি সাইক্লোন সেল্টার কাম প্রাইমারি স্কুল নির্মাণ কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বরগুনার বদনীখালী খালে ৭.৭৮ কোটি টাকা ব্যয়ে ১২০ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বেতাগী ও পাথরঘাটা উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ৯৩ কোটি টকা ব্যয়ে আন্ধারমানিক নদীর ওপর ৬৭৭ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর বিভিন্ন উপজেলাতে সড়ক এবং সড়কসেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

নিকট অতীতেও দক্ষিণাঞ্চলের পল্লী এলাকা ছিল নিদারুণ অবহেলা ও উদাসীনতার প্রকৃষ্ট উদাহরণ। ঘরের বাইরে নামলেই কর্দমাক্ত রাস্তায় বর্ষাকালে হাঁটু পানি পেরিয়ে থানা সদরে যেতে হতো, জেলা সদর তো ছিল অনেক দূর। কিন্তু যোগাযোগ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সে দুঃস্বপ্ন আজ অতীত স্মৃতি। শুধু যোগাযোগ অবকাঠামোই নয়, হাট-বাজারসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নেও এলজিইডি সারা দেশের মতো দক্ষিণাঞ্চল জুড়েই এক নিরব বিপ্লব ঘটিয়েছে।

লেখক: বরিশাল ব্যুরো চিফ, দৈনিক ইনকিলাব।