বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্সের আনুষ্ঠানিক যাত্রা ২০২৪ সালে শুরু হলেও বিশ্বব্যাপী এটি অনেক দিন ধরেই চালু আছে। কোনো বীমা কোম্পানির সঙ্গে চুক্তির ভিত্তিতে ব্যাংক যদি তার গ্রাহকের কাছে ওই বীমা কোম্পানির পণ্য, তথ্যসেবা বিক্রি করে–সেটিই ব্যাংকাস্যুরেন্স। দেশে যাত্রার পর থেকেই বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানির মধ্যে একের পর এক চুক্তি হচ্ছে। ইতোমধ্যে আটটি ব্যাংক আলোচিত ইন্স্যুরেন্স সেবা চালু করেছে। মিলছে আশাব্যঞ্জক সাড়া। দেরিতে হলেও এটি আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

বাংলাদেশে ইন্স্যুরেন্স মূলত এজেন্টভিত্তিক ও শাখানির্ভর সেবাপণ্যের ব্যবসা। এজেন্টনির্ভর হওয়ার কারণে এ পেশার সঙ্গে যুক্ত পেশাজীবীদের দায়বদ্ধতা ও জবাবদিহির ঘাটতি লক্ষ্য করা গেছে। ক্ষেত্রবিশেষে আস্থার সংকট ছিল পীড়াদায়ক। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নীতি-কাঠামো এবং অযাচিত শর্তের অস্পষ্টতা ছিল লক্ষণীয়। বীমা দাবি পূরণে ছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর শৈথিল্য। গ্রাহক হয়রানির অভিযোগ ছিল অনেকটাই প্রতিকারহীন। ফলে বীমা কোম্পানিগুলোর প্রতি গ্রাহকদের কিছুটা আস্থার সংকট দেখা দেয়। এই আস্থা সংকটের বিষয়টি কোম্পানিগুলোর অগ্রগতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, ব্যাংক মূলত আমানত, ঋণ ও বিনিয়োগ পণ্য বিক্রি করে। ব্যাংকাস্যুরেন্সের আওতায় এখন থেকে ইন্স্যুরেন্স পণ্যটিও বিক্রি করতে পারবে। ‘অর্থাৎ গ্রাহকের যতগুলো আর্থিক সেবা দরকার তার সবই এখন এক ছাতার নিচে ব্যাংক থেকে নিতে পারবেন।’ ব্যাংকগুলো বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার প্রত্যাশা থেকে এই পরিষেবার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ইউরোপের দেশগুলোতে এই পরিষেবা অনেক আগেই জনপ্রিয়তা এবং মজবুত ভিত্তি লাভ করেছে। ব্যাংকাস্যুরেন্স নামে বীমা পণ্য বিক্রির বিপরীতে ব্যাংক নির্ধারিত হারে কমিশন লাভ করবে। সেবাটি তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে ব্যাংকান্স্যুরেন্স নামে আলাদা শাখা রয়েছে। বীমা নিয়ন্ত্রণ সংস্থা আইডিআরএ বীমাসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা ইউনিট চালু করেছে।

আইনগতভাবে ব্যাংকাস্যুরেন্স চালু করতে আগ্রহী ব্যাংকগুলোকে পরপর তিন বছর মুনাফা অর্জন করতে হবে। একটি ব্যাংক একই সঙ্গে তিনটি লাইভ ও তিনটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের কম, কেবল তারাই এই কার্যক্রমে যুক্ত হওয়ার আইনগত অধিকার রাখে।

ব্যাংকাস্যুরেন্স ব্যাংকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশজুড়ে থাকা বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিক্রয় চ্যানেল ব্যবহার করে তারা বিপুলসংখ্যক গ্রাহকের কাছে বীমা পণ্য পৌঁছে দিতে পারবে। এ ব্যবস্থা শহর ও প্রান্তিক এলাকায় বীমার ব্যাপ্তি বাড়াতে সহায়ক হবে। এভাবেই প্রত্যন্ত অঞ্চলে ছড়ানো ব্যাংকের শাখা-উপশাখা অধিকতর কর্মযজ্ঞে সক্রিয় হয়ে উঠবে। সেখানে কর্মরত কর্মীরাই ব্যাংকের প্রেরণার নতুন চালিকাশক্তি। এ কাজের জন্য ব্যাংকের আলাদা কোনো স্থাপনা ভাড়া করা কিংবা কর্মী নিয়োগের প্রয়োজন নেই। শুধু স্বল্প সময়ের প্রশিক্ষণের মাধ্যমে তার কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কে কাজে লাগাতে পারছে। ব্যাংক শুধু ব্যাংকাস্যুরেন্স পলিসি গ্রহণের মাধ্যমে বিদ্যমান জনশক্তি ব্যবহার করে তারা নতুন আয়ের সুযোগ পাচ্ছে।

গ্রাহকের জন্য এটি খুবই সুবিধাজনক। কারণ তিনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা তার এজেন্টের কাছে না গিয়ে তারই পছন্দের ব্যাংকে বসে কাঙ্ক্ষিত ইন্স্যুরেন্স পণ্যসেবাটি কিনতে পারবেন। এতে তাঁর মূল্যবান সময় বাঁচবে। তাঁকে কোনো হয়রানি পোহাতে হবে না। ব্যাংকান্স্যুরেন্স নতুন ব্যবস্থা হলেও ইতোমধ্যে বাজারে এর ইতিবাচক সাড়া মিলেছে। বাংলাদেশে এর সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ‘ব্যাংকান্স্যুরেন্স’ একই সঙ্গে ব্যাংক ও বীমাশিল্প উভয় খাতকে একটি সুস্থ প্রতিযোগিতায় দাঁড় করিয়েছে। এতে বীমাশিল্পের প্রতি মানুষের যতটুকু নেতিবাচক মনোভাব রয়েছে, তা ধীরে ধীরে দূর হতে শুরু করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন থেকে চলে আসা বীমাশিল্পের খোলনলচে বদলে যাবে। একই সঙ্গে ব্যাংকের সেবা পরিধি বীমাশিল্পেও বিস্তৃতি লাভ করবে।

শফিউল আলম খান চৌধুরী: কনসালট্যান্ট, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.; সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, পূবালী ব্যাংক পিএলসি