পাসপোর্ট অফিসে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতি একটি ওপেন সিক্রেট। শনিবার জনকণ্ঠের প্রথম পাতায় প্রকাশিত সুদীর্ঘ একটি প্রতিবেদন থেকেই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। বিয়ের দুই বছর পর জার্মানি প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য অনলাইনে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে আবেদন করেন নাহিদা সুলতানা নামে এক নারী। জমা দেন পাসপোর্ট ফিও। প্রক্রিয়া শেষে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য গত ৪ মে তাকে ডাকা হয় কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে। নির্দিষ্ট দিনে আগ্রহ নিয়ে উক্ত মহিলা হাজির হন সেখানে। সংশ্লিষ্ট কাউন্টারে গিয়ে উৎসহ-উদ্দীপনায় হাত এগিয়ে দিলেই তার মাথায় নেমে আসে বজ্রাঘাত।

তিনি জানতে পারেন যে, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বরে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রিত একজন রোহিঙ্গা নারী জাল পাসপোর্ট তৈরি করে ইতোমধ্যে চলে গেছেন বিদেশে।\r\nএই ঘটনা যে শুধু নাহিদা সুলতানর ক্ষেত্রে ঘটেছে তা নয়। বাংলাদেশে শরণার্থী হিসেবে আসার পর থেকে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল আইডি কার্ড ও পাসপোর্ট বাগিয়ে নিয়ে প্রায় নির্বিঘ্নে পারি জমিয়েছেন সৌদি আরব, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দেনেশিয়াসহ অন্যান্য দেশে, এমনকি মার্কিন মুল্লুকেও। আর এর সঙ্গে জড়িত পাসপোর্ট অফিসসহ প্রায় সব আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, দালাল চক্র ও প্রভাবশালী সিন্ডিকেট। দেশের প্রায় সর্বত্রই এদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে।

\r\nবাংলাদেশে কয়েকটি ক্ষেত্রে জরুরি ও জনগুরুত্বসম্পন্ন সেবা পেতে এখনও পদে পদে নাগরিক ভোগান্তি পোহাতে হয়। এর মধ্যে অন্যতম হলো পাসপোর্ট ও স্মার্টকার্ড পেতে চরম হয়রানি ও দুর্ভোগ। এর কাছে জিম্মি দেশের প্রায় সর্বস্তরের মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মতে, দেশে দুর্নীতিগ্রস্ত খাতগুলোর মধ্যে পাসপোর্ট অফিসের অবস্থান দ্বিতীয়- প্রায় ৭০ দশমিক ৫ শতাংশ। এ খাতে পদে পদে দুর্নীতি-অনিয়ম, ঘুষ-বাণিজ্য, দালালচক্রের দৌরাত্ম্য প্রায় ওপেন সিক্রেট। অথচ পাসপোর্ট ও স্মার্টকার্ড প্রাপ্তি দেশের নাগরিকদের জন্মগত অধিকার। কিন্তু পাসপোর্ট অফিসের ভেতরে দালালদের দৌরাত্ম্যে প্রায় ঢোকাই যায় না। \r\nপাসপোর্ট অফিসগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। হর্তাকর্তা ব্যক্তিরা সবই দেখছেন। তবে সমস্যা সমাধানে কেউ আগ্রহী বলে মনে হয় না। ফলে, পাসপোর্ট পেতে সাধারণ মানুষের হয়রানি-ভোগান্তিও কমে না। ইদানিং এর সঙ্গে বাড়তি উপদ্রব হিসেবে যুক্ত হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই টাকার বিনিময়ে পাসপোর্ট ও স্মার্টকার্ড বাগিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বাংলাদেশী নাগরিক পরিচয়ে। এতে স্বভাবতই ক্ষুণ্ন হয়েছে দেশের ভাবমূর্তি।\r\nবর্তমানে দালালচক্র প্রধানত যেসব ক্ষেত্রে বিশেষ সুযোগ নিয়ে থাকে, সেগুলো হলো- প্রধানত মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন এবং স্মার্টকার্ড বা জাতীয় পরিচয়পত্রে বিদ্যমান তথ্যগত জটিলতা বা নাম বিভ্রান্তি নিরসনে। সেক্ষেত্রে ই-পাসপোর্ট পেতে নাগরিকদের জন্য অনলাইনে আবেদন ও ফিস প্রদানের পর যথাসময়ে ঘরে বসেই পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক। এর ফলে, জাল পাসপোর্টের দৌরাত্ম্য কমবে বলে আশা করা যায়।