বাংলাদেশের গর্ব বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ঐতিহ্যবাহী সুন্দরবনে চোরা শিকারিদের উৎপাতের বিষয়টি সুবিদিত। বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই বিশেষ করে শিকারিদের কাছ থেকে অবৈধভাবে শিকার করা বিপুল পরিমাণের হরিণের মাংস, চামড়া, হাড়, শিং ইত্যাদি জব্দ করার খবর প্রকাশিত হয়। সুন্দরবনের গর্ব বাঘও যে ধরা হয় না তা নয়। বাঘের মাংসসহ হাড়, চামড়ার বিশেষ কদর রয়েছে হংকং-চীনসহ বিদেশীদের কাছে। সত্য-মিথ্যা যা-ই হোক এসবের ঔষধি গুণ এবং দামও অনেক বেশি। বিপুল চাহিদার কারণে অবৈধভাবে বাঘ শিকারও দুর্লভ নয়। এবারে হরিণ শিকারিদের ফাঁদে ধরা পড়েছে একটি জ্যান্ত বাঘ। আশার কথা এই যে, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা খবর পেয়ে শেষ পর্যন্ত বাঘটি আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

\r\nচলতি সপ্তাহে শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের বন বিভাগের লোকজন খবর পান যে, মোংলার খড়কির খাল থেকে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়েছে একটি বাঘ। সংবাদ পেয়ে ঢাকা ও খুলনা থেকে বন বিভাগের বিশেষজ্ঞরা অকুস্থলে গিয়ে ট্রাঙ্কুলাইজার গান বা চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে আহত অবস্থায়। পরে সেটিকে নিয়ে যাওয়া হয় খুলনায়। ফাঁদে আটক থাকায় আহত বাঘটিকে দেয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। বন বিভাগের ধারণা, বাঘটি অসুস্থ অবস্থায় চার-পাঁচদিন আটক ছিল ফাঁদে। সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধির আশাব্যঞ্জক খবর সত্ত্বেও চোরা শিকারের বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে। সে অবস্থায় বন বিভাগের টহলদারি ও নজরদারি আরও বাড়াতে হবে। প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ দেয়া বাঞ্ছনীয়।

সেই সঙ্গে সুরক্ষা সরঞ্জাম। সুন্দরবনের জীববৈচিত্র্যকে রক্ষা করা বন বিভাগ ও স্থানীয়দের দায়িত্ব। \r\nপ্রাকৃতিক দুর্যোগ সিডর, আইলা, রেমাল ইত্যাদির প্রবল আঘাত থেকে বাংলাদেশসহ উপকূলীয় এলাকা রক্ষার প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। প্রবল ঝড় একদিকে যেমন বনের গাছপালা তছনছ করে, অন্যদিকে জলোচ্ছ্বাসের নোনা পানিতে দীর্ঘক্ষণ আটকে থাকায় মৃত্যুর ঝুঁকিতে পড়ে সুন্দরবনের জীববৈচিত্র্য- চিতল হরিণ, বুনো শূকর, বাঘ, বানর ও পক্ষীকুল। একই কারণে বিপুল ক্ষয়ক্ষতি হয় সুন্দরবনের। মনে রাখতে হবে যে, বন না থাকলে একদিকে যেমন বাঘ, চিতল হরিণসহ অমূল্য বন্যপ্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে; অন্যদিকে ঝড়-জলোচ্ছ্বাসসহ বিবিধ প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন হবে জনপদ ও বসতি। সুন্দরবনের সুরক্ষায় সরকার গৃহীত বিবিধ পদক্ষেপের মধ্যে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে ড্রোনসহ স্মার্ট প্যাট্রোলিং সিস্টেম, যা মূলত স্পেশাল মনিটরিং অ্যানালাইজিং অ্যান্ড রিপোর্টিং টুল। বিশ্বব্যাংকের অর্থায়নে স্মার্ট প্রযুক্তির আওতায় ব্যবহৃত হচ্ছে প্যাথেরা নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তুতকৃত অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবস্থা। বন ও বন্যপ্রাণী সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ ছাড়াও অপরাধ সম্পর্কিত তথ্যাদিও সংগ্রহ করা হয় এর মাধ্যমে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি বন সংশ্লিষ্ট অপরাধীদের ধরতেও সহায়ক হতে পারে এই ব্যবস্থা। সে অবস্থায় সুন্দরবনের সার্বিক সুরক্ষায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সহায়তা নেয়া অত্যাবশ্যক।