চরম অচলাবস্থা, বিশৃঙ্খলা আর তিক্ততার পর ব্রাজিলের বেলেমে দুর্বল এক চুক্তির মধ্য দিয়ে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের পর্দা নেমেছে। এতে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের দুর্বল শর্ত মেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে প্রায় ১৯৪ দেশ একটি সীমিত চুক্তিতে পৌঁছেছে। কনফারেন্স অব দ্যা পার্টিজ ৩০ বা কপ৩০ নামের এই সম্মেলনে উভয় কূল রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানির দায়ীর কথা সরাসরি বলাই হল না। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার প্যারিস চুক্তির লক্ষ্য ব্যর্থ হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। তবে এই সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু সফলতা এসেছে।

চুক্তিতে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু অভিযোজন তহবিল অন্তত তিনগুণ বাড়ানো হবে। কিন্তু চুক্তির ধরন অনুযায়ী, ওই অভিযোজন অর্থায়ন নিয়েও আছে অনিশ্চয়তা। \r\nএবারের সম্মেলনে ব্যর্থতা বা হতাশা যেমন আছে, তেমনি কিছু সফলতা এবং আশাও তৈরি হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের একটি রোডম্যাপ বা পথনকশা প্রণয়ন এবং ক্ষতি মোকাবিলায় অর্থায়ন বৃদ্ধি করা। \r\nআমরা দেখলাম, এবারের জলবায়ু সম্মেলনে বহু কাঠখড় পুড়িয়ে সর্বসম্মতিক্রমে একটি চুক্তি হয়েছে।

চুক্তিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থসহায়তা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বৈশ্বিক উষ্ণতা বাড়ানোর মূল চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি নিয়ে সরাসরি কোনো কিছু বলা হয়নি। তাছাড়া চুক্তিটি বাধ্যতামূলক নয়; বরং স্বেচ্ছাভিত্তিক। অর্থাৎ সম্মত কোনো দেশ চাইলে চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে। তাহলে বাড়তি ১২ ঘণ্টা অতিরিক্ত সময়ে দরকষাকষি করে যে চুক্তি হলো তার আর গুরুত্ব রইল কোথায়? আয়োজক দেশ ব্রাজিলের আশা, চুক্তি হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব হবে। কিন্তু এবারের সম্মেলনে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র ছিল অনুপস্থিত।

ফলে যুক্তরাষ্ট্র প্রতিনিধি না পাঠানোয় ব্রাজিলের এই আশাবাদ নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।\r\nগুরুত্বহীন হলেও এই চুক্তিতে আমরা কতগুলো অর্জনও দেখতে পাচ্ছি। যথা- সবচয়ে বড় অর্জন হলো, শেষ মুহূর্তে সমঝোতার ঐকমত্য হলেও, জীবাশ্ম জ্বালানি বন্ধের রোডম্যাপ প্রশ্নে পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তিই এখন আশা দেখাচ্ছে, বিশ্বকে কার্বন দূষণমুক্ত করার। বলা যায়, দ্বিধাবিভক্ত পৃথিবীতে জলবায়ু নিয়ে নতুন লড়াইয়ের সূচনা হলো বেলেম থেকে। এই লড়াই জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে উন্নত ও উন্নয়নশীল দেশের ঐক্যবদ্ধ লড়াই। উন্নত ও উন্নয়নশীল মিলিয়ে ভুক্তভোগী ৮০টির বেশি দেশ ও অঞ্চল এবার বেলেমে জ্বালানি তেল, কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

এসব দেশ জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার জন্য একটি উদ্যোগ শুরু করেছে। এটি নিঃসন্দেহে আমাদের একটি ইতিবাচক ফল দিয়েছে। আশা করা যায়, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে ভবিষ্যতে এই জোটে গ্রুপের সংখ্যা আরও বাড়বে। \r\nআর এই ঐকবদ্ধের বিপরীতে অবস্থান করছে সৌদি আরব ও রাশিয়ার মতো শীর্ষ জীবাশ্ম জ্বালানি উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলো। ফলে ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ দেশগুলো আরও তীব্র চাপের মুখে পড়বে। আর ঐক্যবদ্ধ ৮০টি দেশ যদি স্বেচ্ছা রোডম্যাপ তৈরি করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করে দেয় তাহলে নির্ঘাত এই নতুন জলবায়ু লাড়ইয়ের জয় হবে। দুবাইতে দুই বছর আগে স্বাক্ষরিত চুক্তিটি জীবাশ্ম জ্বালানি যুগের সমাপ্তির সূচনার ইঙ্গিত দিচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে সৌদি আরব ও রাশিয়ার তীব্র আপত্তিতে সেখান থেকে বরং পিছু হটেছে বিশ্ব। তবে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ৮০টির বেশি দেশ তাদের অবস্থান থেকে পিছু হটবে বলে মনে হচ্ছে না। ইতোমধ্যে কলম্বিয়া এবং নেদারল্যান্ডস আগামী বছর প্রথম আন্তর্জাতিক সম্মেলন যৌথভাবে আয়োজন করতে সম্মত হয়েছে, যাতে জীবাশ্ম জ্বালানি বিরোধী অবস্থানকে আরও শক্তিশালী করা যায়। বিশ্বের সপ্তম বৃহত্তম কয়লা বহর সহ দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তারা নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ করবে এবং বিদ্যমান বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেবে।