নিরাপত্তা বিশ্লেষক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী , এনডিসি, পিএসসি ৩৫ বছর বিমানবাহিনীর কর্মজীবন শেষে ২০০৩ সালে এয়ার কমডোর হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজেও দীর্ঘদিন প্রশিক্ষক ছিলেন। ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান এয়ারফোর্সে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেওয়ার পর ১৯৭৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ লাভ করেন। এ ছাড়া ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে এমফিল ডিগ্রি লাভ করেন। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক ।
সমকাল : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আয়াতুল্লাহ খামেনি শহীদ হলেন। এর আগে আমরা দেখেছি, যুক্তরাষ্ট্র একটি দেশের সরকারপ্রধানকে তুলে নিয়ে এলো। গাজায় গণহত্যা চালানোসহ এভাবে যুক্তরাষ্ট্রের একের পর এক যে বেপরোয়া তৎপরতা দেখছি, তাতে নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থা কি আদৌ বিদ্যমান?
ইশফাক ইলাহী চৌধুরী : আন্তর্জাতিক যেসব আইন-কানুন আছে, সেগুলো বলতে গেলে এসব কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আন্তর্জাতিক নিয়ম-কানুনের নতুন সংজ্ঞা আমাদের বের করতে হবে। ইরানের কথায় যদি আসি। এ নিয়ে সম্ভবত দুই-তিনবার যুক্তরাষ্ট্র- ইসরায়েল মিলে ইরানের ওপর হামলা করেছে। কথা ছিল, ইরান তার সব পারমাণবিক শক্তি ধ্বংস করবে। এর আগেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বলেছে, তারা দেশটির সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে। বাকি ছিল ক্ষেপণাস্ত্র। শেষ পর্যন্ত আলাপ-আলোচনা করেও সেগুলোর বিষয়ে সমাধানে আসতে পারেনি। এর পরই শনিবার আমরা দেখলাম, যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রথম হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে। আয়াতুল্লাহ খামেনি ৩৭ বছর ধরে ইরান শাসন করেছেন। বস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে রেজিম পরিবর্তনের যে ঘোষণা দিয়েছেন, এ হত্যার মাধ্যমে তারই সূচনা করলেন। কিন্তু সেখানে আদৌ সে পরিবর্তন আসবে কিনা, সেটাই দেখার বিষয়।
সমকাল : যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু করেছে, তার পাল্টা হিসেবে ইতোমধ্যে কয়েকটি দেশের ওপর হামলা হয়েছে। এটি কি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : যুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে এটি কেবল আকাশপথেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে। ট্রাম্পও সেটাই বলেছেন। ইরাকের ক্ষেত্রে যেটা হয়েছে, তেমনটি এবার দেখা যাবে না। ইরানও পাল্টা আক্রমণ করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তারা হামলা করেছে।
সমকাল : খামেনির মৃত্যুর পর ইরান পরিস্থিতি কোন দিকে যাবে?
ইশফাক ইলাহী চৌধুরী : খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ট্রাম্প যদিও ইরানের জনগণকে বেরিয়ে আসার কথা বলেছেন। দেখার বিষয়, সেখানকার মানুষ কী করে? ইরানে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। খামেনির অনুপস্থিতিতে যুদ্ধ পরিস্থিতিতে নতুন নেতৃত্বের সামনে ইরান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ রয়েছে। ইরানের ক্ষমতাধর সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-আইআরজিসির নেতাদেরও অনেকে মারা পড়েছেন, তাদের পক্ষেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্র চাইবে ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে, যাতে কমান্ডাররা পরস্পরের সঙ্গে যোগাযোগ না করতে পারে। ইরান যাতে কোনো ক্ষেপণাস্ত্র হামলা করতে না পারে সে জন্য ইসরায়েল-যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে।
সমকাল : আরব বিশ্ব কি ইরানের পক্ষে মাঠে নামবে বলে মনে করেন?
ইশফাক ইলাহী : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর কারণে আরব বিশ্ব এর নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয়। তারা যুদ্ধে জড়িত হবে বলে মনে হয় না। এমনকি তুরস্কসহ অন্য কোনো শক্তিও এগিয়ে আসবে বলে মনে হয় না।
সমকাল : মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : মধ্যপ্রাচ্যে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জয়লাভ করে, তবে তার শত্রু বলে মনে হয় না কেউ থাকবে। জর্ডান-সিরিয়া ইতোমধ্যে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে। বলতে গেলে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো স্বস্তির নিশ্বাসও ফেলতে পারে। তারা অনেকেই ইরানকে হুমকি মনে করছে। ইরান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে আঞ্চলিক নেতৃত্ব নিয়ে যে ত্রিমুখী টানাপোড়েন, সেখান থেকে একজন সরে গেল। মধ্যপ্রাচ্যে রাজতন্ত্র চলছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরও শক্তিশালী হতে পারে। ইরানের সহযোগী চীন-রাশিয়া হলেও রাশিয়া এখন ইউক্রেনে ব্যস্ত। তারা যুদ্ধের মোড় ঘোরানোর মতো কোনো ধরনের সাহায্য করবে বলে মনে হয় না।
সমকাল : একই সময়ে আমরা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা দেখছি। এটি দক্ষিণ এশিয়ায় কতটা নিরাপত্তা সংকট তৈরি করতে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : পাকিস্তান-আফগানিস্তানের সাম্প্রতিক সংঘাত দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। যে পাকিস্তান তালেবান গঠনে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, সেই তালেবানদের সঙ্গেই যুদ্ধ হচ্ছে। ভারতও তার ভূ-রাজনৈতিক সুবিধার জন্য আফগানিস্তানকে সহযোগিতা করতে পারে। এমনকি ইসরায়েলকেও সহযোগিতা করতে পারে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর থেকে কেবলই দেশে ফিরেছেন। সেখানে তাঁকে বিরাট সংবর্ধনা দেওয়া হয়। ইসরায়েলের সঙ্গে অনেক বড় চুক্তিও করেছে ভারত। তবে বাংলাদেশ নিশ্চয় চাইবে পাকিস্তান ও আফগানিস্তানের বিরোধ মিটে যাক, যদিও তা শিগগিরই ঘটবে বলে মনে হয় না।
সমকাল : একাধিক ফ্রন্টে যুদ্ধাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজার কতটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই জ্বালানি সরবরাহ ও তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। বিশেষ করে হরমুজ প্রণালিতে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে সংকট আরও বাড়বে। তবে বর্তমানে ইরানের সেই সক্ষমতা আছে বলে মনে করি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তখন প্রধান দায়িত্বই হবে নৌ চ্যানেল খোলা রাখা, যাতে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে না পারে।
সমকাল : বাংলাদেশ এতে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : আমাদের অর্থনীতির ঝুঁকি অনেক বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। কাতার থেকে আমাদের এলএনজি আমদানি করা হয়; সেখানে হামলা হয়েছে। এভাবে হামলা অব্যাহত থাকলে আমদানি সংকটে পড়বে। জ্বালানিতে সামান্য সংকট তৈরি হলেও বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে বড় ধরনের ক্ষতি হবে। রেমিট্যান্সও প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললে অনেকের চাকরি চলে যেতে পারে। বাংলাদেশের শ্রমিকরাও প্রভাবিত হতে পারে। তবে পরিস্থিতি সেদিকে যাবে বলে আমি মনে করি না। তা ছাড়া আমাদের জনশক্তি বিদেশে যেসব সেক্টরে কাজ করছে, সেগুলো প্রভাবিত হওয়ার খবর এখনও আমরা দেখিনি। বিশেষ করে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা করছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই হামলা করছে। সেগুলো আবাসিক এলাকা বা শহরে পড়লে সাধারণ মানুষের হতাহত হওয়ার শঙ্কা থেকে যায়।
সমকাল : বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ অন্য কোনো সংকটে পড়তে পারে?
ইশফাক ইলাহী চৌধুরী : চরমপন্থার উদ্ভবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে যেখানে পাকিস্তান-আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে। চরমপন্থাকে রাজনীতিতে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশসহ সবারই উচিত হবে আমরা কারও স্বার্থে ব্যবহৃত হবো না এবং আমাদের ভূমি কাউকে ব্যবহার করতে দেব না।
সমকাল : প্রথমেই নিয়মতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিষয়টি বলেছি। একই সঙ্গে এটাও কি বলা যায়, এই আঞ্চলিক ও আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি প্রমাণ করছে জাতিসংঘ, ওআইসি বা অন্য সংগঠনগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ?
ইশফাক ইলাহী চৌধুরী : এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অনেক অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আমরা দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কোনো কোনে সংগঠন থেকে বেরিয়ে এসেছে। যেমন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। আমেরিকা ছাড়া তো এসব সংস্থা তেমন শক্তিশালী ভূমিকাও নিতে পারবে না। ইউক্রেন যুদ্ধে যেমন জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি, তেমনি গাজা ধ্বংস হওয়া ও সেখানকার ফিলিস্তিনিদের গণহত্যার পরও জাতিসংঘের ভূমিকা অনুল্লেখযোগ্য। পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধেও তারা কিছু বলছে না। শনিবারের হামলার পরও তারা নীরব। বিশ্বজুড়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা ক্রমেই অকার্যকর হয়ে পড়েছে। মার্কিন প্রভাবকেন্দ্রিক এক মেরুর বিশ্বই দেখা যাচ্ছে। নিকট ভবিষ্যতে চীনও হয়তো বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
সমকাল : ইরানে তথা মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী দেশগুলোতে আঞ্চলিক যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের করণীয় কী বলে আপনি মনে করেন?
ইশফাক ইলাহী চৌধুরী : বাংলাদেশ যেহেতু বিশ্বব্যবস্থারই অংশ; বিশ্বের যে কোনো পরিস্থিতিতে আমাদের সর্বোত্তম কৌশলই গ্রহণ করতে হবে। আমরা যেন বড় কোনো শক্তির নিয়ন্ত্রণে চলে না যাই। আমাদের প্রতিবেশী দেশগুলোতে শান্তিপূর্ণ অবস্থার জন্যও কাজ করা যেতে পারে। উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। শনিবারের ঘটনার পর যেহেতু মধ্যপ্রাচ্যের অনেক দেশ আক্রান্ত, সেখানকার শ্রমিকদের খোঁজখবর নেওয়া দরকার। সংশ্লিষ্ট দেশগুলোতে আমাদের দূতাবাসকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে রাখতে হবে। ইতোমধ্যে ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে বাংলাদেশ সুসংহত ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সংলাপের পরিবেশ সৃষ্টির কথা বলেছে। বক্তব্যের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী সর্বোত্তম করণীয় ঠিক করতে হবে সরকারকে।
সমকাল : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ইশফাক ইলাহী চৌধুরী : আপনাকেও ধন্যবাদ। সমকালের জন্য শুভকামনা।
