প্রাথমিক শিক্ষায় আবারও নতুন করে মূল্যায়ন পদ্ধতি প্রয়োগের চেষ্টা রীতিমতো উদ্বেগ-উৎকণ্ঠা ও ভীতি তৈরি করেছে অগণিত শিক্ষার্থী, অভিভাবক মহল সর্বোপরি শিক্ষক পরিমণ্ডলে। নতুন এই মূল্যায়ন পদ্ধতি মাত্র দশ মাসের জন্য। উল্লেখ্য, মূল্যায়ন পদ্ধতি গত চার বছরে চারবার পরিবর্তন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ২০২৭ সাল থেকে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদানের কথা রয়েছে। কিন্তু তার আগে হঠাৎ করে প্রাথমিকের নতুন মূল্যায়ন পদ্ধতি ও মানবণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর জন্য যথাযথ প্রস্তুতিও চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নতুন এই পদ্ধতিতে দেখা যায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আগে শ্রেণি কার্যক্রম থাকলেও ২০২৬ সালে সামষ্টিক মূল্যায়নে যুক্ত করা হয়েছে লিখিত পরীক্ষা। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শ্রেণি মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এই মূল্যায়ন ও প্রস্তাবনা বাস্তবায়নে শিক্ষকদের অন্তত চার মাসের প্রশিক্ষণ প্রয়োজন। অন্যদিকে জাতীয় নির্বাচন ও রোজার মাসের জন্য অন্তত দুই মাস বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সে অবস্থায় প্রশ্ন, মাত্র আট মাসের জন্য কেন অযথা নতুন এই মূল্যায়ন পদ্ধতি প্রয়োগের অপচেষ্টা? তদুপরি প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য একটি বিষয়ের ওপর দুই ঘণ্টা লিখিত ও দুই ঘণ্টা মৌখিক পরীক্ষার কথা বলা হয়েছে, যা শিশুর মনে তৈরি করবে অনাকাক্সিক্ষত চাপ ও ভীতি।

এহেন হঠকারি সিদ্ধান্তে স্বভাবতই কোটি শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত আবারও শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। \r\nবর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৯৯টি। দুঃখজনক হলো, শিক্ষার সার্বিক মানোন্নয়নে কোনো সরকারই কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা কতটা শিখছে বা দক্ষতা অর্জন করছে, সে বিষয়ে যথাযথ পর্যবেক্ষণ নেই। শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের পদ্ধতি ও পরীক্ষা নিয়ে অনেক শোরগোল তোলা হলেও শিক্ষার মানের অবনতি ঠেকানো যায়নি। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আমাদের দেশের শিক্ষকদের প্রশিক্ষণও মানসম্পন্ন নয় বিধায় শ্রেণিকক্ষে কাক্সিক্ষত মানের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। \r\nশিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট-২০২২ অনুযায়ী তৃতীয় শ্রেণির ৫১ শতাংশ ও পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী বাংলায় দুর্বল। তৃতীয় শ্রেণির প্রায় ৬১ শতাংশ ও পঞ্চম শ্রেণির ৭০ শতাংশ শিক্ষার্থী দুর্বল গণিতে। তাদের গণিতের দক্ষতা তৃতীয় শ্রেণির উপযোগীও নয়। এহেন দুরবস্থার অবসানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নতুন মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে যথাসম্ভব মনোযোগী ও প্রস্তুতি গ্রহণ করবে বলেই প্রত্যাশা।