ক্রিকেটের মাঠ থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে ওঠা খুব কম মানুষের জীবনে ঘটে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেটে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান সেই বিরল উদাহরণগুলোর একটি। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি পাকিস্তানের জাতীয় গর্বে পরিণত হন। পরবর্তী সময়ে মায়ের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করে তিনি মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবেও পরিচিতি পান। সেই ভাবমূর্তির ওপর ভর করেই রাজনীতিতে তাঁর দীর্ঘ অভিযাত্রা শুরু হয়। দুই দশকের বেশি সময়ের সংগ্রামের পর ২০১৮ সালে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ক্ষমতায় আসে।\r\nপাকিস্তানের রাজনীতি কখনো সরল রেখায় এগোয় না। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে দ্বন্দ্ব, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতায় ২০২২ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।
এরপর থেকে মামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপের মুখে তিনি কার্যত প্রান্তিক অবস্থায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর অসুস্থতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নতুন করে এই প্রশ্ন সামনে এনেছে যে, তিনি কি আবার সগৌরবে রাজনীতিতে ফিরতে পারবেন ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর বাস্তবতা বিবেচনায় নিতে হয়। দেশটির ইতিহাসে জনপ্রিয় নেতাদের উত্থান যেমন নাটকীয়, পতনও তেমনি দ্রুত। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কিংবা সাবেক রাষ্ট্রনেতা জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক পরিণতি দেখলেই বোঝা যায় যে, জনসমর্থন থাকলেও রাষ্ট্রক্ষমতার সঙ্গে দ্বন্দ্বে টিকে থাকা সহজ নয়। এই বাস্তবতা ইমরান খানের ক্ষেত্রেও প্রযোজ্য।\r\nএকদিকে তাঁর জনপ্রিয়তা এখনও বিশেষ করে তরুণ ও শহুরে মধ্যবিত্তের মধ্যে যথেষ্ট শক্তিশালী।
দুর্নীতিবিরোধী অবস্থান এবং রাজনৈতিক বিকল্পের প্রতীক হিসেবে তাঁকে দেখার প্রবণতা এখনো কমেনি। যদি আদালত বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তিনি মুক্তি পান, তাহলে নতুন করে জনমত সংগঠিত করার সম্ভাবনা অস্বীকার করা যায় না। পাকিস্তানের রাজনীতিতে জনআবেগ অনেক সময় দ্রুত পরিস্থিতি বদলে দিয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করার সুযোগ নেই।\r\nঅন্যদিকে কঠিন বাস্তবতাও রয়েছে। দীর্ঘ সময় কারাগারে থাকা বা সক্রিয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা যে কোনো নেতার জন্যই ঝুঁকিপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে দলীয় কাঠামো দুর্বল হয়ে যেতে পারে, নতুন নেতৃত্ব উঠে আসতে পারে এবং রাজনৈতিক এজেন্ডাও বদলে যেতে পারে। এ ক্ষেত্রে ইমরান খান প্রতীকী নেতা হয়ে থাকবেন, কিন্তু কার্যকর ক্ষমতা থেকে দূরে সরে যেতে পারেন।
পাকিস্তানের অতীত রাজনীতিতে এমন দৃষ্টান্ত কম নয়।\r\nবর্তমান পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে তাঁর শারীরিক অবস্থাকে ঘিরে আলোচনা। গত কয়েক দিন ধরে তাঁর অসুস্থতা নিয়ে নানা খবর ছড়িয়েছে, যদিও সরকারি পর্যায়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দলের দাবি, তাঁর স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের কয়েকজন সাবেক তারকার প্রতিক্রিয়াও এসেছে আলোচনায়। ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন যে, বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের পরিচিতি তৈরিতে ইমরান খানের অবদান অসামান্য এবং তিনি যথাযথ সম্মান ও চিকিৎসা পাওয়ার অধিকারী।
একইভাবে সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান জানিয়েছেন। ক্রিকেটারদের এই মানবিক অবস্থান রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে একজন কিংবদন্তির প্রতি সম্মান জানানোর দৃষ্টান্ত হিসেবেই দেখা যায়। এই প্রতিক্রিয়াগুলো একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। ইমরান খান শুধু একজন রাজনীতিক নন, তিনি দক্ষিণ এশিয়ার ক্রিকেট ইতিহাসেরও একটি বড় নাম। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিতর্ক থাকলেও ব্যক্তিগত মর্যাদা ও মানবিক অধিকারের প্রশ্নটি আলাদা গুরুত্ব পায়। রাজনৈতিক বিরোধিতা গণতন্ত্রের অংশ, কিন্তু অসুস্থ বা বন্দি একজন নেতার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।\r\nএখন প্রশ্ন হচ্ছে, এই বাস্তবতার ভেতর দিয়ে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা।
তিনটি সম্ভাব্য পথ এখানে বিবেচনা করা যায়। প্রথমত, তিনি মুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে ফিরে আসতে পারেন এবং পরিণত হতে পারেন নতুন জনআন্দোলনের কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয়ত, দীর্ঘ বন্দিজীবন তাঁর রাজনৈতিক শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে এবং প্রতীকী নেতায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারেন তিনি। তৃতীয়ত, মাঝামাঝি একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে তিনি প্রতীকের শক্তি ধরে রাখবেন, কিন্তু দলের দৈনন্দিন রাজনীতি অন্য নেতৃত্ব পরিচালনা করবে।\r\nপাকিস্তানের রাজনৈতিক ইতিহাস বলছে, এই তিনটির যেকোনো একটি পথই বাস্তব হতে পারে। দেশটির ক্ষমতার কাঠামো, বিচারব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক পরিস্থিতিÑ সবকিছু মিলিয়েই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ইমরান খানের ভাগ্য।
ব্যক্তিগত জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রীয় শক্তির ভারসাম্য সেখানে বড় ভূমিকা রাখে। তবে একটি বিষয় স্পষ্ট। ইমরান খান ইতোমধ্যে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি শক্তিশালী প্রতীক হয়ে গেছেন। তাঁর উত্থান দেখিয়েছে যে, একজন জনপ্রিয় নেতা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় পৌঁছাতে পারেন। আবার তাঁর পতন স্মরণ করিয়ে দেয় যে, পাকিস্তানের রাজনৈতিক কাঠামোয় টিকে থাকা কতটা কঠিন। এই দুই অভিজ্ঞতার সমন্বয়েই গড়ে উঠেছে তাঁর রাজনৈতিক উত্তরাধিকার।\r\nইমরান খানের সগৌরব প্রত্যাবর্তন সম্ভব কি না, এর নির্দিষ্ট উত্তর আজ দেওয়া কঠিন। কিন্তু সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। জনসমর্থন, আন্তর্জাতিক মনোযোগ এবং রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা একসঙ্গে কাজ করলে ইতিহাস নতুন মোড় নিতে পারে। একই সঙ্গে দীর্ঘ বন্দিত্ব, স্বাস্থ্যঝুঁকি এবং দলীয় দুর্বলতা তাঁর সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে তিনি আবার সক্রিয় রাজনীতির কেন্দ্রে ফিরবেন? নাকি ইতিহাসের এক শক্তিশালী কিন্তু অসমাপ্ত অধ্যায় হিসেবেই থেকে যাবেন। তবে এটুকু নিশ্চিত যে, ইমরান খানের ভবিষ্যৎ কেবল একজন নেতার ব্যক্তিগত পরিণতি নয়, তা পাকিস্তানের গণতান্ত্রিক রাজনীতির গতিপথের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
