মা, মাটি, দেশ, কৃষি ও কৃষক একই সূত্রে গাথা পাঁচটি শব্দ। যার গভীরতা আকাশচুম্বী। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। আর কৃষক সেই মানুষ, যার ঘামে দেশের খাদ্য নিরাপত্তা দাঁড়িয়ে আছে। অথচ তিনি নিজেই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। আধুনিক অর্থনীতির ভাষায় বলা হয়, কৃষকই সবচেয়ে বড় ঝুঁকির বাহক, অথচ সবচেয়ে কম লাভবান। এই সত্য আজ আরও নির্মম, আরও স্পষ্ট। গত দশকে বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে। কিন্তু উৎপাদনের গ্রাফ যতই ওপরে উঠুক না কেন, কৃষকের লাভের রেখা পরিবর্তন হয়নি। কেননা, বাজারে দাম বাড়লেও লাভের অংক ভোগ করছেন মধ্যস্বত্বভোগী, রপ্তানিকারক বা আড়তদার। দাম কমলে ক্ষতি সবটাই কৃষকের। এই বেমানান বাস্তবতার মধ্যেই ধীরে ধীরে আকার নিচ্ছে গ্রামীণ অর্থনীতির গভীর সংকট।
এভাবে চলতে থাকলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বড়সড়ো ঝুঁকির মুখোমুখি হতে পারে। কৃষক কৃষি পেশা থেকে সরে যাবে এবং উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। যা কোনোভাবেই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ভালো সংকেত বহন করে না।\r\nএই ন্যায্য মূল্যহীনতার প্রভাব যে শুধু কৃষিক্ষেত্রে পড়েছে নয়, সামগ্রিকভাবে পুরোপুরি গ্রামীণ অর্থনীতিকেই ধ্বংস করছে। গ্রামে যে ছোট দোকানদারের ওপর নির্ভর করে একটি পরিবার, সেও আজ চরম ক্ষতির মুখে। কৃষকের হাতে টাকা না এলে দোকানদার বাকিতে দিতে বাধ্য হয়। ফলে তার ঘরেও অস্থিরতা জন্ম নেয়। কৃষকের কাছ থেকে টাকা না পেলে পরিবহন শ্রমিকরাও ভাড়া বাড়ায়, খামারিরা পশুখাদ্য কিনতে পারে না, আবার জুতা-সাবান বিক্রেতাও লোকসানে পতিত হয়।
মূলত গ্রামীণ অর্থনীতি এক অদৃশ্য শেকলে বাঁধা, যেখানে শেকলের প্রতিটি অংশই কৃষকের ন্যায্যমূল্যহীনতার সঙ্গে জড়িত। যে দেশে অধিকাংশ মানুষের জীবন কৃষির সঙ্গে বাঁধা, সেখানে কৃষক যদি অন্ততপক্ষে ডাল ভাত খেয়ে বাঁচতে না পারে, তাহলে গ্রাম বাঁচবে কি উপায়ে। আর যদি গ্রাম না বাঁচে তাহলে দেশ তো ডুকরে ডুকরে মরবে। এটি শুধু কথার কথা নয়, এটিই বাস্তবতা। দেশে সরকারী বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয় প্রতিনিয়ত উৎপাদন বাড়ছে, কিন্তু উৎপাদন বাড়লে উৎপাদনের সঙ্গে জড়িত সবচেয়ে ঘনিষ্ঠজনের অর্থাৎ কৃষকের লাভও বাড়া উচিত। কিন্তু কৃষকের ক্ষেত্রে তা ব্যতিক্রম। ট্রাক ভরে ফসল বাজারে নিয়ে গেলেও সেই ফসলের লাভ ট্রাকচালক, পরিবেশক, আড়তদার, পাইকার সবাই পায়, কিন্তু কৃষক পায় শুধুই ক্ষতি, অমানুষিক পরিশ্রম আর বঞ্চনা।
এক্ষেত্রে মধ্যস্বত্বভোগী কাঠামোই সব ভয়ংকর বৈষম্যের কেন্দ্র। যেদিন হাটে পেঁয়াজের দাম বাড়ে, সেদিন সাধারণ মানুষ ভাবে কৃষক লাভে লাল। কিন্তু মাঠের সত্য হলো, পেঁয়াজের দাম যদি শহরে বৃদ্ধি পেয়ে ২০০ টাকাও হয়, কৃষককে তখনো ২৫ থেকে ৩০ টাকায়ই তা বিক্রি করতে হয়। এতে তার খরচের অর্ধেকও উদ্ধার হয় না। কৃষকের জীবনে এই দামবৃদ্ধির কোনো ছোঁয়া লাগে না। \r\nপাশাপাশি কৃষক আজ ঠকছে শুধু বাজারেই নয়, ঠকছে নীতিনির্ধারণের টেবিলেও। সঠিক সময়ে কৃষিঋণ পাচ্ছে না। পেলেও তা জটিল শর্তের অধীন। ফলে বাধ্য হয়ে এনজিওর সাপ্তাহিক কিস্তির ঋণ নিতে হয়, যা একসময় কৃষকের জীবনে পরিণত হয় অভিশাপে। ফসল বিক্রি না হতেই কিস্তি শুরু হয়, যার চাপ কৃষকের আর্থিক অবস্থা এবং মনোবল উভয়কেই আরও ধ্বংস করে দেয়।
ফলে কখনো সম্পর্ক ভাঙে, কখনো কৃষকের শিশুর পড়ালেখা থেমে যায়, কখনো পরিবারের রোগাক্রান্ত সদস্য ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত হয়। যদিও কৃষকের ন্যায্যমূল্যহীনতার এই প্রভাব আমরা শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি; কিন্তু আসল ক্ষতগুলো তৈরি হয় কৃষকের ঘরের ভেতরে, তার জীবনের অন্তঃস্থলে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের অস্থিরতা। বছরের পর বছর বন্যা, খরা, অকালবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। যার ফলে ফসল অর্ধেক নষ্ট হয়, আবার বাকি অর্ধেক কম দামে বিক্রি হয়। এই দ্বিমুখী ক্ষতি কৃষককে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে কৃষি কিংবা কৃষক মানেই এক দারিদ্র্যচক্রের নাম। কৃষকের সন্তানরা এখন আর কৃষিকাজ করতে চায় না।
যারা একসময় মাঠে চাষাবাদ করতো, গরু চড়াতো, তারা এখন শহরে রিকশা টানে কিংবা গার্মেন্টস কারখানায় কম বেতনে কাজ নেয়। কৃষি তাদের কাছে আর ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বরং প্রতিবন্ধকতার প্রতীক হয়ে উঠেছে। এই পরিস্থিতি শুধু কৃষিখাতে বিপর্যয় ডেকে আনছে না, এটি দেশের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তাকেও ভয়াবহ ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। \r\nগ্রামীণ অর্থনীতি এভাবে ভেঙে পড়লে শহরে চাপ বাড়বে। বস্তিতে মানুষের সংখ্যা বাড়বে, কর্মসংস্থান ক্ষেত্র সংকুচিত হবে, অপরাধ ও সামাজিক অস্থিরতা বাড়বে। মূলত কৃষির সংকট এমন একটি শেকল, যা অর্থনীতির প্রতিটি অংশকে ধরে রেখেছে। তাই কৃষকের ন্যায্যমূল্যের অভাব মানে কেবল একটি সেক্টরের ক্ষতি নয়, এটি জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। এই সংকটের সমাধান সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়।
বাজারে দালালচক্র এবং মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নীতিনির্ধারণে কৃষকের জন্য আলাদা ন্যায্যমূল্য নির্ধারণ কমিশন গঠন করতে হবে। গ্রামে গ্রামে আধুনিক সংরক্ষণাগার, সরাসরি বিক্রির বাজার তৈরি করতে হবে, যাতে কৃষক ফসল নষ্ট হওয়ার ভয়ে কম দামে বিক্রি করতে বাধ্য না হয়। কৃষিঋণ সহজ করতে হবে। জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য আলাদা ক্ষতিপূরণ তহবিল গঠন করতে হবে। বাংলাদেশকে টেকসই করতে হলে কৃষি এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিকল্প নেই। যে হাতে দেশের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ রচিত হয়, সেই হাত যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কৃষকের মুখে তখনই হাসি ফুটবে, যখন তার পরিশ্রম ন্যায্য মূল্য পাবে। কেউ তাকে ঠকাতে পারবে না। বাজার তার বিপক্ষে দাঁড়াবে না। রাষ্ট্র তার পাশে থাকবে। কৃষক বাঁচলেই বাঁচবে কৃষিক্ষাত। শক্তিশালী হবে দেশের অর্থনীতি।\r\nলেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
