সাম্প্রতিককালে ঘটে যাওয়া ভূমিকম্পসমূহ দেশের মানুষকে আবারও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এবং মহান আল্লাহ্র সীমাহীন ক্ষমতাকে স্মরণ করিয়ে দিয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, এই ভূকম্পনগুলো পৃথিবীর ভূ-অভ্যন্তরে টেকটনিক প্লেটগুলোর (Tectonic Plate) চলমান কার্যকলাপের ফল। কিন্তু একজন মু’মিনের দৃষ্টিতে ভূমিকম্প কেবল ভৌগোলিক ঘটনা নয়, বরং তা মানুষের জন্য গভীর ইমানি পরীক্ষা ও সতর্কবার্তাস্বরূপ। তাই এ নিবন্ধে আমি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ভূমিকম্পের কারণ এবং ইসলাম ও বিজ্ঞানের আলোকে ভূমিকম্প হতে রক্ষা পাওয়ার জন্য করণীয় সম্পর্কে সবিস্তারে আলোকপাত করছি- পবিত্র কুরআনে ভূমিকম্প
কিয়ামতের ভয়াবহ আলামত : পবিত্র কুরআনে মহান আল্লাহ্ তাঁর সৃষ্টির ওপর নিজের নিয়ন্ত্রণ ও পরাক্রমের কথা বহুবার ঘোষণা করেছেন। ভূমিকম্প সেই ক্ষমতা ও নিয়ন্ত্রণেরই একটি দৃশ্যমান প্রকাশ, যা কিয়ামত বা মহাপ্রলয়ের পূর্বাভাস বহন করে। এ প্রসঙ্গে আল কুরআনে আল্লাহ্ বলেন- ‘হে মানবজাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।’ (সূরা আল হাজ্জ-২২ :আয়াত-১) পৃথিবীর কম্পন ও বৃত্তান্তের বর্ণনা: পৃথিবীর যে কোনো কম্পন বা দুর্যোগ সম্পূর্ণরূপে আল্লাহ্র নির্দেশে ও ক্ষমতায় সংঘটিত হয়। কোনো প্রাকৃতিক শক্তিই আল্লাহ্র ইচ্ছার ঊর্ধ্বে নয়। এ সম্পর্কে মহান রাব্বুল আলামিন বলেন- ‘যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার ভেতরের ভার বের করে দেবে। আর মানুষ বলবে, এর কী হলো? সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ আপনার রব তাকে নির্দেশ দেবেন।’ (সূরা আঝ ঝিলযাল-৯৯ : আয়াত-১ থেকে ৫) কর্মফলের প্রতিফলন: ইসলামি আকিদা অনুযায়ী ভূমিকম্প-সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ অধিকাংশ সময়ই মানুষের পাপ, অন্যায় ও নৈতিক অবক্ষয়ের ফলস্বরূপ সংঘটিত হয়ে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ্ পাক বলেন- ‘তোমাদের ওপর যত বিপদ আসে, তা তোমাদের নিজেদের কর্মফলের কারণে, আর আল্লাহ্ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’ (সূরা আশ শুরা-৪২ : আয়াত-৩০)
হাদিস শরিফে ভূমিকম্প
হাদিস শরিফে হযরত রাসুল (সা.) অধিক হারে ভূমিকম্প সংঘটিত হওয়াকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে চিহ্নিত করেছেন। সমাজে যখন অন্যায়-অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ্ তা‘আলা মানবজাতিকে সতর্ক করার জন্য ভূমিকম্প সংঘটিত করে থাকেন। এ প্রসঙ্গে হযরত রাসুল (সা.) বলেন- ‘ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যে পর্যন্ত না ইলম (প্রজ্ঞা ও বিবেক-বুদ্ধি) উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে।’ (বুখারী : ১০৩৬)
ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হতে রক্ষা পাওয়ার জন্য করণীয়
অধিক পরিমাণে তওবা-ইস্তিগফার করা: সম্মানিত পাঠক! পবিত্র কুরআন ও হাদিস শরিফের বর্ণনা থেকে আমরা স্পষ্টতই অনুধাবন করতে পারলাম যে, মূলত আমাদের কর্মের প্রতিফল হিসেবেই মহান আল্লাহ্ ভূমিকম্প-সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত করে থাকেন। তবে আল্লাহ্ তা‘য়ালা তাঁর সৃষ্টির প্রতি পরম করুণাময়, ক্ষমাশীল ও দয়ালু। তাই আমরা যদি এই দুর্যোগকালীন সময়ে মহান রাব্বুল আলামিনের নিকট অধিক পরিমাণে ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) করি, তাহলে দয়াময় আল্লাহ্ দয়া করে আমাদের অবশ্যই ক্ষমা করে দেবেন এবং সকল প্রকার বালা-মুসিবত থেকে রক্ষা করবেন।
এ প্রসঙ্গে হযরত রাসুল (সা.) বলেন- ‘যে ব্যক্তি নিয়মিত মহান আল্লাহ্র কাছে ক্ষমাপ্রার্থনা করে, আল্লাহ্ তা‘য়ালা তাকে সর্বপ্রকার বিপদ-আপদ থেকে মুক্ত করেন।’ (সুনান আবু দাউদ : ১৫১৮) মহান আল্লাহ্র প্রতি ভরসা রাখা: ভূমিকম্পের মতো দুর্যোগের সময় একজন মু’মিনের কর্তব্য হলো মহান আল্লাহ্র ওপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখা ও ধৈর্যধারণ করা। কেননা, পবিত্র কুরআনে মহান আল্লাহ্ বলেন- ‘নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সূরা আল বাকারাহ-২ : আয়াত-১৫৩) আর আল্লাহ্ যার সঙ্গে থাকেন, দোজাহানে তার ভয়ের কোনো কারণ থাকে না। হযরত রাসুল (সা.)-এর উপর অধিক দরুদ পাঠ করা: আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) হলেন সমগ্র সৃষ্টিজগতের রহমত।
তাই আমরা যদি দুর্যোগকালীন সময়ে আল্লাহ্র রাসুল (সা.)-এর ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করি, তাহলে অবশ্যই মহান আল্লাহ্ আমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করবেন এবং ভূমিকম্প-সহ সকল প্রকার বিপদাপদ থেকে রক্ষা করবেন। এ প্রসঙ্গে হযরত রাসুল (সা.) নিজেই বলেন- ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে, আল্লাহ্ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন।’ (সুনান আন নাসাঈ : ১২৯৮) আর স্বয়ং আল্লাহ্ যেখানে রহমত বর্ষণ করেন, গজব সেখানে কখনোই থাকতে পারে না। সালাত আদায় করা: সালাত হচ্ছে মহান আল্লাহ্র সঙ্গে বান্দার সংযোগ স্থাপনের শ্রেষ্ঠ উপায়। তাই বর্তমান সংকটময় সময়ে আমরা যদি কায়মনোবাক্যে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি, তাহলে দয়াময় আল্লাহ্ তা‘আলা নিশ্চয়ই আমাদের প্রতি দয়াশীল হবেন।
আর বিপদের সময়ে সালাতের মাধ্যমে মহান আল্লাহ্র সাহায্য প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ্ তা‘আলা নিজেই বলেন-‘হে মু’মিনগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সূরা আল বাকারাহ-২ : আয়াত-১৫৩) দোয়া করা: ভূমিকম্প-সহ অন্যান্য বিপদাপদ ও দুর্যোগের সময় পাঠ করার জন্য অনেক দোয়া রয়েছে। তন্মধ্যে পবিত্র কুরআনে বর্ণিত দোয়ায়ে ইউনুস অন্যতম প্রসিদ্ধ দোয়া। যা নিম্নরূপ- ‘লা ইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনাজ জ্বোয়ালিমীন।’ অর্থাৎ: ‘(হে আল্লাহ্!) তুমি ব্যতীত কোনো ইলাহ নেই; তুমি পবিত্র, মহান! আমি তো সীমালঙ্ঘনকারী।’ (সূরা আল আম্বিয়া-২১ : আয়াত-৮৭) এছাড়াও হাদিস শরিফে একটি প্রসিদ্ধ দোয়া বর্ণিত হয়েছে, যা আল্লাহ্র রাসুল (সা.) বিপদকালীন মুহূর্তে পাঠ করতেন। দোয়াটি হলো- ‘লা ইলা-হা ইল্লাল্লা-হুল আজ্বীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুল আরশিল আজ্বীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুস সামা-ওয়া-তি ওয়া রাব্বুল আরদ্বি ওয়া রাব্বুল আরশিল কারীম।’ অর্থাৎ: ‘আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই; যিনি মহাজ্ঞানী ও ধৈর্যশীল। আল্লাহ্ ছাড়া আর কোনো মাবুদ নেই; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ্ ছাড়া কোনো মাবুদ নেই; যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের প্রতিপালক।’ (মুসলিম : ২৭৩০) সাদাকাহ (দান) করা : দুর্যোগ থেকে রক্ষা এবং আল্লাহ্র সন্তুষ্টি অর্জনে অন্যতম কার্যকর আমল হলো দান-সাদাকাহ করা। এ প্রসঙ্গে হযরত রাসুল (সা.) বলেছেন- ‘নিশ্চয়ই সাদাকাহ আল্লাহ্ তা‘আলার ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু রোধ করে।’ (তিরমিযী : ৬৬১) বিজ্ঞানের দৃষ্টিতে ভূমিকম্পে করণীয়
ইসলামি নির্দেশনা অনুযায়ী আল্লাহ্র ওপর ভরসা করার পাশাপাশি সম্ভাব্য ক্ষতি কমাতে বিজ্ঞানসম্মত প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ আবশ্যক। তাই ভূমিকম্প সহনশীল বিল্ডিং কোড পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে নতুন ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পুরানো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অবিলম্বে রেট্রোফিটিং (Retrofitting) [কাঠামোগত মানোন্নয়ন]-এর মাধ্যমে শক্তিশালী করতে হবে। প্রকৌশলীদের মতে, রেট্রোফিটিং দুর্বল কাঠামোর ক্ষয়ক্ষতি ৯০% পর্যন্ত কমাতে সক্ষম। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ভূমিকম্পের সময় তাৎক্ষণিক করণীয়ের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ভূমিকম্পে সতর্কতা অবলম্বনের অনেক বিষয় উল্লেখ রয়েছে, যেগুলো অনুসরন করলে ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসতে পারে। পরিশেষে বলতে চাই, বর্তমান সংকটময় মুহূর্তে পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী আমল করার পাশাপাশি বিজ্ঞানসম্মত প্রস্তুতি গ্রহণ করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সতর্কতা অবলম্বনের মাধ্যমে আমাদের নিজেদের নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে, ঠিক তেমনি যার যার সাধ্য অনুযায়ী দুর্যোগপীড়িত মানুষের পাশেও দাঁড়াতে হবে। মহান আল্লাহ্ আমাদের সবাইকে ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখুন। আমিন।
লেখক : সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
