দেশবাসীর বহু আকাক্সিক্ষত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় অনুষ্ঠিত হয়েছে জনগণের অবাধ ও স্বতঃর্স্ফূত অংশগ্রহণে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন ঘোষিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২১৪টি এবং জামায়াতী ইসলামী পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র হিসেবে জিতেছে ৭টি আসন। ফলাফল প্রকাশের পর থেকেই গেজেট প্রকাশের প্রস্তুতি শুরু করেছে ইসি, যেটি প্রকাশিত হয়েছে শনিবার। এদিকে জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৫৮ দফা বাস্তবায়নে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নিতে পারে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রবীণ ও নবীন সদস্যদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন বলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। \r\nএকথাও সত্যি যে, দীর্ঘ দুই যুগ পর সুবিশাল বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করলেও আগামী দিনের পথ চলা মোটেও সহজ ও মসৃণ হবে না। নবনির্বাচিত সরকারের সামনে রয়েছে পর্বতপ্রমান বহুমুখী চ্যালেঞ্জ-যেগুলো প্রধানত বিভাজন দূর করে জাতীয় ঐক্য ও সংহতি ধরে রাখা থেকে শুরু করে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা, আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি কমিয়ে আনা, আর্থিক খাতে শৃঙ্খলা সর্বোপরি স্বাধীন পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনা ইত্যাদি।
\r\nনবগঠিত সরকারের সামনে অন্যতম চ্যালেঞ্জ হবে নির্বাচনোত্তোর উত্তেজনা পরিহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক ও শান্তিপূর্ণ করে তোলা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কম-বেশি সাফল্য ও ব্যর্থতা যাই থাক না কেন স্বীকার করতে হবে যে, দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এমন বলা যাবে না। ফলে নির্বাচিত সরকারকে এ বিষয়ে সবিশেষ মনোযোগী ও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও প্রাধিকার পেতে পারে। বিগত কয়েক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধিসহ বেড়েছে নিত্যপণ্যের দাম। ফলে সাধারণ মানুষ ও নিম্মমধ্যবিত্তের দৈনন্দিন জীবন যাত্রায় চাপ বেড়েছে। এ সময়ে দেশী-বিদেশী বিনিয়োগ আশানুরূপ না হওয়ায় বাড়েনি কর্মসংস্থান।
প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ থাকায় হোঁচট খেয়েছে রপ্তানি বাণিজ্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নানা পদক্ষেপ সত্ত্বেও তেমন স্ফীত হয়নি। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে ব্যাংকিং খাতে লুটপাট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও খেলাপি ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা যায়নি। এর ধারাবাহিকতায় নির্বাচিত সরকারকেও প্রায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে পথ চলতে হবে। ফলে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়া হবে অন্যতম চ্যালেঞ্জ।\r\nপরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে বলা হয়েছে, ২০২২ সালে সার্বিক দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। গত ৪ বছর ধরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ। দারিদ্র্য কমানোর গতি বাড়াতে ৪টি সুপারিশ করেছে বিশ্বব্যাংক। প্রথমত, উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি মজবুত করা। দ্বিতীয়ত, দারিদ্র্য ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থানের ব্যবস্থা। তৃতীয়ত, গ্রামের দরিদ্রদের জন্য কার্যকর বাজার ব্যবস্থা গড়ে তোলা এবং চতুর্থত, সমতাভিক্তিক ও দক্ষ রাজনীতির মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি। নির্বাচিত সরকার বিশ্বব্যাংকের সুপারিশ আমলে নিয়ে দারিদ্র্য নিরসনে জরুরি দৃষ্টি দেবে বলেই প্রত্যাশা।
