মতামতের জন্য সম্পাদক দায়ী নন

বাংলাদেশের বেশ কয়েকটি চাকরির নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে হলেও বর্তমানে দেশের সকল চাকরির নিয়োগ পরীক্ষা শুধু রাজধানীতে আয়োজন না করে বিভাগীয় শহরে নেওয়া উচিত। কেননা অনেক চাকরিপ্রার্থী আছে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা-প্রতিষ্ঠানে লেখাপড়ায় অধ্যয়নরত থাকার কারণে, অনেক সময় রাজধানীতে চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হয় না। চাকরি প্রার্থীদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা সংকটাপন্ন। অনেকে টিউশনির টাকা জমিয়ে, কেউ আবার ধারদেনা করে পরীক্ষার উদ্দেশে রাজধানীতে আসে । অনেক চাকরিপ্রার্থীর রাজধানীতে এসে আশ্রয়ের ঠিকানা খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। ফলে অনেক চাকরি প্রার্থীর চরম আর্থিক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী চাকরি নিয়োগ পরীক্ষায় আবেদন করে না। এতে অনেকেই হতাশায় ভোগে। রাজধানীতে সকল চাকরির নিয়োগ পরীক্ষা আয়োজনের ফলে একসাথে প্রায় ২-৩ লাখ চাকরি প্রার্থী একসাথে আগমন ঘটে। কাজেই রাজধানীবাসীর ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে পড়ে । যদিও এটি আয়োজন করা অনেক ব্যয়বহুল হবে।

দেশের সব বিভাগীয় শহরে পরীক্ষার আয়োজন করলে কেবল ঢাকার ওপরই চাপ কমবে তা নয়, বরং চাকরিপ্রার্থীদেরও সময় ও অর্থের ব্যয় অনেকটাই কমে যাবে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে অনেক সময় আসনসংখ্যা ফাঁকা থাকে। কেননা অনেক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে অনেকেই ভর্তি হতে চায় না। যার ফলে আসন ফাঁকা রেখেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সে অনুযায়ী বাড়ে নি জীবন যাত্রার মান। সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেখানে বিভাগীয় শহরে নেওয়া হয় । তাই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

-মোঃ শরীফুল ইসলাম

শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।