ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় শাহাদাতবরণ করেছেন। তার এই মৃত্যু নিছক একটি রাজনৈতিক হত্যাকা- নয়; এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে সরাসরি হস্তক্ষেপ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার দৃষ্টান্ত। আমরা মনে করি, খামেনির মৃত্যু শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্ব রাজনীতিকে এক অনিশ্চিত পথে ঠেলে দিয়েছে। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবে রেজা শাহ পাহলভির পতন ও পলায়নের পর পারস্যের এই দেশটির হাল ধরেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যাকে দুনিয়াবাসী চেনে ইমাম খোমেনি নামে।
তার ইন্তেকালের পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা ছিল একটি রাষ্ট্রের শুধু নেতৃত্ব নয়, একটি বিপ্লবী আদর্শের ধারক ও বাহক হওয়ার আমানত। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান বহুবার নিষেধাজ্ঞা, যুদ্ধ ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। কিন্তু প্রতিবারই আরও কঠোর ও সংগঠিত হয়ে দাঁড়িয়েছে। জায়োনবাদী গোষ্ঠীর এ নির্মম হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ১৭০ শিক্ষার্থীর মধ্যে ১৪৮ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিকে পাল্টা হামলা না চালাতে ইরানকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানি টেলিভিশন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, বিপ্লবী গার্ডের কমান্ডার এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান। তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেল আবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলা চালানো হয়েছে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন খামেনির মৃত্যুতে এক গভীর শোক বার্তায় বলেন, ‘এ হত্যাকা- মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর ও সুস্পষ্ট লঙ্ঘন।’ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং চূড়ান্ত নীতিনির্ধারক। এই বাস্তবতা অস্বীকার করে কেউ যদি মনে করে একজন ব্যক্তিকে সরিয়ে দিয়ে একটি আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে, তবে তা ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতার পরিচয় বহন করবে। তবে বাস্তবতা এই যে, যুদ্ধ শেষ পর্যন্ত কোন পক্ষের জন্যই শান্তি, কল্যাণ ও মঙ্গল বয়ে আনে না। সে অবস্থায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি পারস্পরিক আলাপ-আলোচনার বিকল্প নেই।
