গত ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার কাজ জোরেসোরে শুরু হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীরা অনেকটা নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত প্রচারÑপ্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনই (২২ জানুয়ারি) প্রচারণার কাজে নেমেছেন। নির্বাচনী প্রচারণার ঐতিহ্য অনুযায়ী সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জেয়ারতের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। প্রথমদিনই তিনি মাত্র ১৬ ঘন্টায় দেশের উত্তর-পূর্ব এলাকার ৭টি জেলার জনসভায় ভাষণ দেন। সকাল থেকে রাত সাড়ে ৪টা পর্যন্ত একটার পর একটা জনসভায় উপস্থিত হন।
এই পথ যতটা না দীর্ঘ ছিল, তার চেয়ে বেশি দীর্ঘ করে দেয় জনসভায় যাওয়ার পথে সড়কের দুপাশে হাজার হাজার মানুষের ভীড়। সাধারণ মানুষ তাকে একনজর দেখার জন্য গভীর রাত পর্যন্ত সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকে। এই ভীড় ঠেলে জনসভায় হাজির হতে তার পথ দীর্ঘ হয়ে যায়। প্রথমদিন তারেক রহমান প্রথম জনসভা করেন, সিলেটের আলীয়া মাদরাসা মাঠে। লাখ লাখ মানুষের সমাবেশে উপস্থিত হয়ে তিনি ধানের শীষে ভোট চান। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে এবং রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া এলাকায় জনসভা করে ভোর ৫টার দিকে তিনি ঢাকায় ফেরেন।
একইভাবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সকাল সাড়ে ১১টায় বিশাল জনসভায় বক্তৃতা দিয়ে ফেনী, চৌদ্দগ্রাম, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের জনসভা ও পথসভা করে ভোরে ঢাকা ফেরেন। গত ২৭ জানুয়ারি ময়মনসিং, গাজীপুর, রাজধানীর উত্তরায় জনসভা করেছেন। ২৯ জানুয়ারি দুপুরে রাজশাহী ঐতিহাসিক মাদরাসা ময়দানে মহাসমাবেশে ভাষণ দেন। তার এই নির্বাচনী প্রচারণার ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সকাল থেকে ভোর পর্যন্ত তার এই ম্যারাথন জনসভা করা মনে করিয়ে দেয় ১৯৯১ সালে তার মা বেগম খালেদা জিয়ার জনসভা ও পথসভার কথা। সেই সময় আমরা দেখেছি, বিরামহীনভাবে তিনি রাত-দিন একাকার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। দেশব্যাপী তার এই অবিরাম প্রচারণাই প্রতাপশালী আওয়ামী লীগকে পরাজিত করে বিএনপিকে ক্ষমতায় এনেছিল। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন। তারেক রহমানও সেই একই পথ ধরে দিনরাত এককরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বলা হয়ে থাকে, প্রচারই প্রসার। যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ততবেশি বিজয় লাভের সম্ভাবনা জাগে।
দুই. গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই ’২৪ সালের ৭ আগস্ট বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছিলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। তখন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অবাক হয়েছিল। কারণ, আওয়ামী লীগের পতন এবং হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর কারো মনে দ্বিধা ছিল না, নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ক্ষমতায় যাবে। এমন এক সহজ হিসাবের মধ্যে তারেক রহমান কেন আগামী নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে বললেন। কেন বললেন, তা বোধ করি, এখন সকলেই বুঝতে পারছেন।
নির্বাচন বানচাল এবং পিছিয়ে দেয়ার দেশি-বিদেশি শক্তি কীভাবে ষড়যন্ত্র করেছে ও করছে, তা দেশের মানুষ এখন টের পাচ্ছে। এমন যে হবে, তারেক রহমান তার দূরদর্শী চিন্তা দিয়ে বুঝতে পেরেছিলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র যে বন্ধ হয়ে গেছে কিংবা চলমান নেই, তা নিশ্চিত করে বলা যায় না। শুধু নির্বাচন বানচালই নয়, নির্বাচন হলে ফলাফল উল্টে দেয়ার ষড়যন্ত্র সম্পর্কেও তিনি নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকতে বলেছেন। এই ষড়যন্ত্র রুখে দিতে তিনি নেতাকর্মীদের তাহাজ্জুতের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজর নামাজ পড়ে আগেভাগেই ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন। কেন তিনি এই পরামর্শ দিয়েছেন, এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি।
এটা অনেকটা স্বীকৃত যে, যারা ভোটকেন্দ্র দখল ও ভোট জালিয়াতি করে, তারা ভোটের দিন সকালে ভোটকেন্দ্র দখল নেয় এবং ভোট কারচুপির আশ্রয় নেয়। তারা যাতে এই সুযোগ কাজে লাগাতে না পারেন, এজন্য নেতাকর্মীদের সতর্ক করে পরামর্শ দিয়েছেন। তবে শুধু কি ভোটকেন্দ্র পাহারা দিলে ভোটের সঠিক ফলাফল পাওয়া যাবে? যাবে না। কারণ, ইতোমধ্যে জনমনে এই পারসেপশন জন্মেছে যে, এবারের নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হয়ে ওঠা জামায়াতে ইসলামী ৫ আগস্টের পর থেকেই প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বত্র তার অনুসারিদের বসিয়ে দিয়েছে। এমনকি নির্বাচন কমিশনেও নাকি তাদের অনুসারি রয়েছে। শুধু জামায়াত নয়, এনসিপিও এ কাজ করেছে। অন্যদিকে, জামায়াত ও এনসিপির প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার সমর্থন রয়েছে। সবচেয়ে বড় বিষয়, প্রধান উপদেষ্টা ড.
মুহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। ফলে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র কাদের অনুসারি থাকতে পারে এবং তারা যে বিএনপির প্রতিপক্ষ হবে, তা অনুমান করতে কষ্ট হয় না। ফলে বিএনপি যদি মনে করে, বড় বড় জনসভায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং পথে-প্রান্তরে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারেক রহমান বা ধানের শীষের প্রতি লাখ লাখ মানুষের সমর্থন বিজয় নিশ্চিত করবে, তা ভাবার কারণ নেই। বিএনপিকে হারিয়ে দেয়ার জন্য যদি প্রশাসনের ভেতর থেকে ষড়যন্ত্র করা হয়, তাহলে তা ঠেকানো খুবই কঠিন। আমরা দেখেছি, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে প্রশাসন কীভাবে সরাসরি কাজ করে আওয়ামী লীগের বিজয় দেখিয়েছে। এমনকি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলের মনোনীত প্রার্থীর চেয়ে এগিয়ে থাকলেও ফলাফল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। এভাবে যদি এবার বিএনপির প্রার্থী এগিয়েও থাকে, আর বিজয়ী ঘোষণা করা হয় প্রতিপক্ষের প্রার্থীকে, তাহলে তা কি বিএনপি ঠেকাতে পারবে? পারবে না। তখন যতই অনিয়ম, কারচুপি ও ষড়যন্ত্র করে হারিয়ে দেয়ার কথা বলা হোক না কেন, তাতে কোনো লাভ নেই। ফলাফল নিজের অনুকূলে আনতে হলে, নির্বাচনের আগেই এ নিয়ে বিএনপির সচেতন হওয়া ছাড়া গত্যন্তর নেই। এজন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার, তা নিতে হবে। ফলাফল ঘোষণার পর অভিযোগ-অনুযোগ করে বিজয়ী হওয়া যায় না। ফলে নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি প্রশাসন যাতে নিরপেক্ষ আচরণ করে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল উল্টে দিতে না পারে, বিএনপিকে তা নিশ্চিতে কাজ করতে হবে। বাইরে ঠিকঠাক ভেতরে সদরঘাট হয়ে গেলে একূল-ওকূল দুকূলই হারিয়ে যাবে।
তিন. এবার অন্য একটি বিষয়ের অবতারণা করতে চাই। বিষয়টি হচ্ছে, তারেক রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার ধরন। অনেকে মনে করেছিলেন, তারেক রহমান দীর্ঘ ১৭-১৮ বছর ধরে লন্ডনে বসে পর্দার নেতা বা মঞ্চের ব্যাকড্রপ নেতায় পরিণত হয়েছেন। তাকে পর্দায় দেখেই নেতাকর্মী ও সাধারণ মানুষ অভ্যস্ত। ফলে দেশে ফিরে কি তিনি চারকোনা পর্দার ইমেজ ভেঙে লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারবেন, এমন প্রশ্ন জাগা স্বাভাবিক। তিনি যখন দেশে ফিরে তিনশ’ ফিটের জনসভায় বক্তব্য দেন, তখনও এ প্রশ্নের পরিস্কার জবাব পাওয়া যায়নি। তবে সিলেটের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় যেন এক অন্য তারেক রহমান দেশের মানুষের সামনে হাজির হলেন। সবাই অবাক বিস্ময়ে দেখেছে এবং ভেবেছে, এই তারেক রহমানই কি সেই সদূরে থাকা পর্দার তারেক রহমান?
জনসভার স্টেজ দেখেও জনসভায় উপস্থিত লাখো মানুষ অবাক হয়েছে। কারণ, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর জনসভার স্টেজ সেটআপে দেখা যায়, নেতাদের জন্য আরামদায়ক সোফাসেট, প্রধান অতিথি বা দলের প্রধানের জন্য আলাদা সিংহাসন সদৃশ চেয়ার, সামনে ফুলসজ্জিত টেবিল ইত্যাদি। তারেক রহমানের স্টেজে তার কিছুই দেখা গেল না। ছিল প্লাস্টিকের চেয়ার। সেই চেয়ারে তিনি এবং অন্যান্য নেতারা বসেছেন। আর তারেক রহমানের আইকনিক স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বক্তৃতা দেয়ার একটি ডায়াস। তারেক রহমান যখন বক্তৃতা দিতে দাঁড়ান, তখন দেখা গেল, তিনি নিজের ছায়া থেকে বেরিয়ে দর্শকের সামনে একজন শো-রানার হিসেবে দাঁড়ালেন। এনার্জেটিক ও কনফিডেন্ট একজন পার্সোনালিটি।
গতানুগতিক রাজনৈতিক বক্তৃতার ক্লান্তিকর গাম্ভীর্য পরিহার করে দর্শকের সঙ্গে সরাসরি কথোপকথন শুরু করেন, জনসভার মাঝ থেকে সাধারণ মানুষকে মঞ্চে তুল আনেন, উপস্থিত জনতাকে সংযত হিউমার দিয়ে হাসান, আবার তীক্ষè রাজনৈতিক বার্তাও দিয়ে দেন। তিনি ডায়াস ব্যবহার না করে মাইক্রোফোন হাতে স্টেজের মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করেন। স্টেজের একপাশ থেকে আরেক পাশে চলে যান। যেমনটি করেন কোনো অনুষ্ঠান প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে একজন দক্ষ উপস্থাপক। হ্যাঁ, অনুষ্ঠান জমিয়ে তুলতে এবং দর্শকের সাথে কমিউনিকেট বা সংযোগ স্থাপন করা একজন দক্ষ উপস্থাপকের কাজ। তারেক রহমান এই কাজটিই করেছেন। তিনি স্টেজে তুলে আনা সাধারণ মানুষকে প্রশ্ন করেছেন এবং তাদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন।
তাদের সমস্যার কথা শুনেছেন এবং বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, তার স্পষ্ট ধারণা ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তাদের মাধ্যমে উপস্থিত লাখ লাখ জনগণকে মোটিভেশন বা প্রাণিত করার কাজটিও করেছেন। নিজের পরিকল্পনা এবং কীভাবে তা বাস্তবায়ন করবেন, তার বিস্তারিত তুলে ধরে প্রশ্ন করার মাধ্যমে উপস্থিত জনগণের মতামতও নিয়েছেন। আমাদের দেশে জনসভায় বক্তৃতা দেয়া মানে, ডায়াসের সামনে দাঁড়িয়ে গুরুগম্ভীর বক্তব্য দেয়া, গলা চড়িয়ে গরম গরম কথা বলা এবং প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করে কথা বলা। তারেক রহমান প্রচলিত এই প্রথা ভেঙে এক নতুন এবং আধুনিক ধারার প্রচলন করেছেন। তিনি যখন বক্তব্য দেন, তখন এতটাই স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক থাকেন যে, জনসভায় উপস্থিত সকলেই তা সহজে বুঝতে পারেন এবং উপভোগ করেন।
সবচেয়ে বড় কথা তার বক্তব্যে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো কথা থাকে না। তিনি উপস্থিত সবাইকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে জিজ্ঞেস করেন, অন্যের গীবত গেয়ে সমালোচনা করলে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এতে কি দেশের কোনো উন্নতি হবে? হবে না। তিনি এ কথাও বলেছেন, আমাদের পরিকল্পনা নিয়ে প্রতিপক্ষ সমালোচনা করছে। তারা সমালোচনা করলেও আমাদের কিছু যায় আসে না। আপনারা আমাদের নির্বাচিত করলে আমরা আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করব। প্রতিপক্ষ নিয়ে তারেক রহমানের এই রাজনৈতিক শিষ্টাচার মানুষের কাছে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ প্রজন্ম। এদের বেশিরভাগই জেন-জি। জেন-জিরা কি চায়, তারা কেমন আচরণ পছন্দ করে, এসবই তারেক রহমান ভালোভাবে জেনেবুঝে নিজেকে উপস্থাপন করছেন।
যেখানে হিউমার, আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং স্বাভাবিকতা থাকে। এমন নেতাই তো তরুণরা চায়। পোশাক-আষাকেও তিনি যেন তরুণদের প্রতিনিধি। সাদা শার্ট, জিন্স বা গ্যাভাডিন প্যান্ট, সাধারণ জ্যাকেট, পায়ে ক্যাডস পরে ক্যাজুয়াল অথচ মার্জিত পোশাকে সাধারণ মানুষের সামনে হাজির হচ্ছেন তিনি। দেখলে মনে হয়, তিনি আমাদেরই একজন, অতি আপন। তার এই আচরণ এবং স্টাইল আজ তরুণ প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তিনি জনসভার পাশাপাশি সাইডলাইন হিসেবে তরুণদের সাথে নিয়মিত বৈঠক করছেন, তাদের মতামত জানছেন। তাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং নিজের প্ল্যান তুলে ধরছেন। আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যখন তার নির্বাচনী বক্তব্য দিতেন, তখন তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলতেন, তাদের কানেক্ট করতেন। ভোটাররাও তার সাথে কমিউনিকেট করত। তার এই প্রেজেন্টেশন এবং স্টাইলই ভোটাররা তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। তারেক রহমান যেন আরও এগিয়ে জনগণের সাথে মিশে যাচ্ছেন।
চার. বাংলাদেশ এখন যে অর্থনৈতিক ও রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এই সময়ে বাস্তব পরিস্থিতি ধারণ করে একজন ভিশনারি লিডারের বিকল্প নেই। আগামী নির্বাচনের মাধ্যমে দেশ যে নতুন রূপ পরিগ্রহ করবে, তার নেতৃত্ব দিতে তারেক রহমানের মতো দূরদর্শী ও ভারসাম্যপূর্ণ নেতার প্রয়োজন। নির্বাচনী জনসভাগুলোতে তিনি দেশের মূল সমস্যাগুলো তুলে ধরে তার বাস্তবভিত্তিক সমাধানের পথ জনগণকে বলেছেন। তিনি কোনো প্রথাগত নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাননি। যা বাস্তবায়ন করা সম্ভব এবং যা করতে হবে, তাই বলছেন। আমরা দেখেছি, তরুণদের সাথে মিটিংয়ে তাদের প্রশ্ন এবং জানার উত্তর তাৎক্ষণিকভাবে দিয়েছেন। এটা সহজেই বোঝা গেছে, তিনি দেশের প্রতিটি খাতের সম্ভাবনা, সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়, এ সম্পর্কে ‘এ টু জেড’ পর্যন্ত জানেন। পুরোপুরি প্রস্তুতি নিয়েই তিনি জনগণের মুখোমুখি হয়েছেন। দেশের মানুষের কাছে তিনি এক অন্যন্য ও অসাধারণ নেতা হিসেবে উপস্থিত হয়েছেন।
darpan.journalist@gmail.com
