মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও যৌন সহিংসতায় জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার কারণে অনেকের ধারণা ছিল, স্বাধীন বাংলাদেশে দলটি প্রান্তিক হয়ে পড়বে এবং সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হবে। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীনদের মদদ বা বদান্যতায় দলটি পুনরায় সংগঠিত হতে থাকে। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা সেই পুনর্গঠনের অন্যতম মাইলফলক।

মূল দল জামায়াতে ইসলামী, যদিও দীর্ঘ সময় বাংলাদেশের জনসাধারণের কাছে অপ্রাসঙ্গিক ছিল, শিক্ষা-ব্যবস্থা ও কাঠামোর বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রশিবির ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। এর সমান্তরালে জামায়াতও রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত হয়। এখন জামায়াত-শিবির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করে এবং ‘সুশাসনের রাজনীতি’ উপহার দিতে চায়।

জামায়াতের দাবি, তারা দুর্নীতিতে জড়ায় না, চাঁদাবাজি করে না। প্রশ্ন হচ্ছে, কোন ‘দুর্নীতি’তে জড়ায় না? বাংলাদেশে দুর্নীতি বলতে সাধারণত আর্থিক লেনদেনভিত্তিক অনৈতিক কর্মকাণ্ডকেই বোঝানো হয়। কিন্তু রাজনৈতিক বিজ্ঞানের বিস্তৃত আলোচনায় দেখা যায়, দুর্নীতির রূপ বহুস্তরীয়। উন্নত বিশ্বে দুর্নীতি পরিমাপ করতে আর্থিক লেনদেন ছাড়াও প্রশাসনিক, সাংগঠনিক, নীতিগত ও কাঠামোগত নানা সূচক ব্যবহার করা হয়। কারণ দুর্নীতি দেশ ও প্রতিষ্ঠানভেদে ভিন্ন রূপ ধারণ করে।

এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ বা বিএনপির আর্থিক দুর্নীতির তুলনায় জামায়াত-শিবিরের দুর্নীতি দৃশ্যমান নাও হতে পারে। কারণ তারা সরাসরি আর্থিক লেনদেন সাধারণত এড়িয়ে চলে। তবে সুযোগ অনুযায়ী সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগও পাওয়া যায়।

দেখা যাবে, জামায়াত-শিবির রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা সংগঠনগতভাবে ব্যবসায়িক কাঠামো তৈরি করেছে। ব্যাংক, হাসপাতাল, কোচিং সেন্টার– সবকিছু মিলিয়ে তারা এক ধরনের রাজনৈতিক-ব্যবসায়ী কনগ্লোমারেটে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপির বহু নেতা ব্যক্তিগতভাবে ব্যবসায় জড়িত থাকলেও দলগুলো নিজে ব্যবসায়ী সংগঠন নয়। কিন্তু জামায়াত-শিবির দল হিসেবে ব্যবসা পরিচালনা করে– এটাই সবচেয়ে বড় পার্থক্য।

রাজনৈতিক বিজ্ঞানে এটিকে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত বলা হয়। যে দল রাষ্ট্রক্ষমতায় থেকে নিজস্ব ব্যবসায়িক স্বার্থ রক্ষা করবে, তাদের শাসন কাঠামোতে দুর্নীতির কাঠামোগত প্রণোদনা তৈরি হবে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, যেখানে তাদের সরাসরি ব্যবসা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলীয়করণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়– রাজশাহী, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ প্রাতিষ্ঠানিক রূপ পায় মূলত ২০০১-০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়। তখন পর্যন্ত ছাত্রদল ও ছাত্রলীগ ব্যক্তিগত পর্যায়ের প্রভাব বিস্তার করলেও শিক্ষক নিয়োগের সংগঠিত ও পরিকল্পিত দলীয়করণের সূচনা ছাত্রশিবিরই করে। এ ক্ষেত্রে শিবির আর্থিক লেনদেন না করলেও ‘দলীয় আনুগত্যের ভিত্তিতে মেধা উপেক্ষা’ নিঃসন্দেহে দুর্নীতি। এখানে লেনদেন হয়েছে কি হয়নি– তা গৌণ। জনস্বার্থ ও ন্যায্যতা ক্ষুণ্ন হয়েছে কিনা– সেটাই মূল বিচার্য।

আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলে সাধারণত দেখা যায়, যে দল ক্ষমতায় থাকে না সে দল তেমনভাবে দুর্নীতির সুযোগ পায় না। কিন্তু জামায়াত-শিবিরের দুর্নীতির ধারা কোনো সময়েই পুরোপুরি থেমে থাকে না। এখন সর্বজনবিদিত– গত আওয়ামী লীগ সরকারের সময়ও তারা আড়ালে-আবডালে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতিতে জড়িত থাকায় জামায়াত-শিবির সেই দুর্বলতাকে কাজে লাগিয়েছে। লেনদেনের মাধ্যমে নিজেদের অনুসারীদের ছাত্রলীগে অনুপ্রবেশ করিয়েছে। প্রয়োজন হলে সংগঠনের ভেতর থেকে অর্থ ব্যয় করে তাদের কর্মীদের চাকরি পেতে সহায়তাও করেছে। এ ক্ষেত্রে তারা অর্থ দিয়েছে; নেয়নি– এ কারণে কি তাদের দুর্নীতি ক্ষুদ্র বা অদৃশ্য হয়ে যায়? না। এই প্রক্রিয়ায় তারাও দুর্নীতির একটি সক্রিয় ও সুবিধাভোগী পক্ষ হিসেবে যুক্ত থাকে। বিএনপি ক্ষমতায় থাকলে আত্মীয়তা, সামাজিক নেটওয়ার্ক বা ব্যক্তিগত সম্পর্কের কারণে আওয়ামী লীগপন্থি মানুষও কিছু সুবিধা নিতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও অনুরূপভাবে বিএনপি সমর্থকদের জন্যও কিছু সুযোগ থাকে। অন্যদিকে কোনো কিছুর নিয়ন্ত্রণ ও ক্ষমতা যখন জামায়াত-শিবিরের হাতে থাকে, তখন তাদের সংগঠন-পরিবেষ্টিত গোষ্ঠীর বাইরের কাউকে সুবিধাভোগী হতে দেয় না। সে হিসাবে জামায়াত-শিবিরের দুর্নীতি আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় আরও বেশি সংকীর্ণ পরিসরে পরিচালিত হয়। এর ফলে সামাজিক মেরূকরণ আরও ঘনীভূত হয়। এখনও যে পরিমাণ নির্দলীয় কর্মকাণ্ড বা অন্তত দলাতিরিক্ত আচরণ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দেখা যায়, জামায়াত-শিবিরের মধ্যে তার সামান্যতমও নেই।

অনিয়মকে কেন্দ্র করে বৃহৎ নেটওয়ার্ক, যেমন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রায়ই এক ধরনের অন্তর্দ্বন্দ্বও দেখা যায়। ক্ষমতায় যে পক্ষই থাকুক না কেন, নিজেদের মধ্যেই প্রতিযোগিতা তৈরি হয়, যা কখনও অনিয়মের পরিমাণ বাড়ায় আবার কখনও এক পক্ষ অন্য পক্ষের গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এক ধরনের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি হয়, যা পরিস্থিতিকে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হলেও সীমার মধ্যে ধরে রাখে। কিন্তু এ ক্ষেত্রে জামায়াত-শিবিরের মধ্যে প্রতিযোগিতা নেই; আছে ঐক্য। ফলে তারা সুযোগ পেলে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার আরও নিরঙ্কুশভাবে ঘটে বা ঘটবে। সরাসরি আর্থিক লেনদেন ও চাঁদাবাজিতেও যে জামায়াত-শিবির পিছিয়ে– এ কথা বলা যাবে না। যেমন ২০০১-০৬ মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবিরের চাঁদাবাজি দেখেছি। ঢাকায় জামায়াতের সদস্য সম্মেলন উপলক্ষে হলে হলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হতো। যাদের কাছে ব্যক্তিগত কম্পিউটার ছিল তাদেরকে ধনী মনে করে অতিরিক্ত চাঁদা ধার্য করা হতো। যারা আপত্তি জানাত, তাদের ওপর নেমে আসত প্রত্যক্ষ ও পরোক্ষ নির্যাতন। তারা চাঁদাটাও হয়তো তোলে আরবি শব্দ ‘ইয়ানত’ ব্যবহার করে । এখন যেহেতু সংগঠনটি অনেক ধনী হয়েছে, হয়তো ছোটখাটো চাঁদার প্রয়োজন পড়ে না। অর্থনীতির ভাষায় বলতে গেলে, ছোটখাটো চাঁদা গ্রহণ এখন তাদের কাছে ‘ইনফেরিয়র গুডস’ হয়ে পড়েছে। মানে চাহিদা কমে গেছে। কারণ তারা এখন সুপিরিয়র গুডস, মানে ব্যাংক, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারছে।

সরাসরি ব্যবসায়িক-রাজনৈতিক সংগঠন রাষ্ট্রক্ষমতা দখল করলে কী ঘটে, ইতিহাসে তার খুব বেশি উদাহরণ আছে কিনা জানা নেই। ভারতীয় জনতা পার্টির ধর্ম ব্যবসা আছে। কিন্তু তাদের শিক্ষা-স্বাস্থ্য নিয়ে জামায়াত-শিবিরের মতো ব্যবসা আছে কিনা, জানা নেই। এসব উদাহরণ তুলনা করলে দেখা যায়, জামায়াত-শিবিরের সমন্বিত রাজনৈতিক-ব্যবসায়িক মডেল আরও জটিল ও ঝুঁকিপূর্ণ। বর্তমান মুক্তবাজার অর্থনীতির বিশ্বেও শিক্ষা ও স্বাস্থ্যকে সম্পূর্ণ বাজারের ওপর ছেড়ে দেওয়া হয় না। রাষ্ট্র এখানেই কল্যাণমূলক ভূমিকা রাখে। কিন্তু জামায়াত-শিবির রাষ্ট্রক্ষমতায় গেলে তারা নিজস্ব ব্যবসায়িক স্বার্থকে নীতিগত সুবিধা দিতে বাধ্য হবে। ফলে কাঠামোগত দুর্নীতি বৃদ্ধি পাবেই। কারণ তারা সরাসরি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ব্যবসা করে। এমন একটি রাজনৈতিক-ব্যবসায়িক সংগঠন যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তবে তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল ও উদ্বেগজনক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

আলতাফ রাসেল: পিএইচডি গবেষক, অর্থনীতি, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ইউকে altafstat71@gmail.com