সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি নিত্যদিনের ঘটনা। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে, যা ক্রমেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, সড়কচিহ্ন ও সংকেত অমান্য করা, কিংবা প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালানো- এসবই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি দেখা যায়। সাধারণত মহাসড়কগুলোতেই দুর্ঘটনার সংখ্যা বেশি। এর অন্যতম প্রধান কারণ হলো ঘন কুয়াশা। শীতকালে কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের দৃশ্য অস্পষ্ট হয়ে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যায় না। এতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে চালকরা দূরের পথ দেখতে পান না, সড়কচিহ্ন বা সংকেত বুঝতে ব্যর্থ হন এবং বিপরীত দিক থেকে আসা যানবাহনের গতি ও দিক নির্ণয় করতে পারেন না। এর ফলে শেষ মুহূর্তে হঠাৎ কোনো স্থির বা ধীরগতির যানবাহন সামনে পড়ে গেলে সংঘর্ষের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। এ ছাড়া শীতের কারণে অনেক সময় যানবাহনের ব্যাটারির কার্যকারিতা হ্রাস পায় এবং হেডলাইট ও হর্ন দুর্বল হয়ে পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এসব সড়ক দুর্ঘটনার ফলে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে চরম ক্ষতির সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ঘন কুয়াশার সময় গাড়ির গতি কম রাখতে হবে, লো-বিম ও ফগ লাইট ব্যবহার করতে হবে এবং সর্বদা সচেতন থাকতে হবে। উক্ত সমস্যা সমাধানের লক্ষ্যে মহাসড়কে যথাযথ সাইনবোর্ড ও সংকেত স্থাপন নিশ্চিত করার জন্য সড়ক কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।