সম্প্রতি জ্বালানি তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সরকার। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, মার্চের পর আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং আঞ্চলিক অস্থিরতার কারণে ফ্রেইট চার্জও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি’র ওপরও বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সংস্থাটির লোকসান প্রায় ২২,৮৭৫ কোটি টাকা হয়েছে বলে জ্বালানি বিভাগ জানিয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেল বিক্রিতে প্রতি লিটারে প্রায় ৮৯ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে। সুতরাং, দাম বাড়ানোর পেছনে যে বাস্তব অর্থনৈতিক চাপ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, এই চাপের পুরোটা কি ভোক্তার ওপর স্থানান্তর করাই কার্যকর নীতি?
জ্বালানি তেল আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব দেশের অভ্যন্তরীণ বাজারে পড়বেই। মধ্যপ্রাচ্যের সংঘাত ও সরবরাহব্যবস্থার অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জ্বালানি বাজারকে আরও অস্থিতিশীল করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে দেশের আমদানি ব্যয়ও বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের চাপ সামলানোর ক্ষেত্রে খুচরা মূল্য বাড়ানোর ওপর নির্ভর করলে আরো নানা ধরনের সমস্যা তৈরি হয়।
কারণ, জ্বালানি অর্থনীতির একটি মৌলিক ইনপুট। ডিজেলের দাম বাড়লে শুধু গাড়ির ভাড়া বাড়ে না, কৃষি, পরিবহন, পণ্য সরবরাহ, শিল্প উৎপাদন এবং নির্মাণ খাতেও ব্যয়ের চাপ তৈরি হয়। বিশেষ করে, বাংলাদেশের মতো অর্থনীতিতে যেখানে পণ্য পরিবহনব্যবস্থা সড়কনির্ভর, সেখানে জ্বালানির মূল্যবৃদ্ধি দ্রুতই সরবরাহ ব্যবস্থার ব্যয়ে প্রতিফলিত হয়ে থাকে, যা ইতোমধ্যে দৃশ্যমান। এর প্রভাব খাদ্যদ্রব্যের দামেও পড়েছে। বর্তমানে সবজি থেকে শুরু করে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেই এর প্রভাব সুস্পষ্ট।
দেশের অর্থনীতিতে বর্তমানে মূল্যস্ফীতি একটি গুরুতর সমস্যা। এই অবস্থায় জ্বালানির দাম বাড়ানো হলে মূল্যস্ফিতি আরো বেড়ে যাবে। পরিবহন ব্যয় বাড়লে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য বাজারে পৌঁছাতে বেশি খরচ হয়। উৎপাদন ব্যয় বাড়লে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। ব্যবসায়ীরা সেই ব্যয়ের একটি অংশ পণ্যের দামে স্থানান্তর করে থাকেন। ফলে cost-push inflation আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়। এর পাশাপাশি সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতাও কমতে থাকে। একই আয় দিয়ে যদি পরিবহন, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের পেছনে বেশি অর্থ ব্যয় করতে হয়, তাহলে অন্যান্য খাতে মানুষের ব্যয় করার সক্ষমতা কমে যায়।
জ্বালানির মূল্যবৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যয়। শিল্পকারখানায় সরাসরি জ্বালানি ব্যবহার যেমন বাড়ে, তেমনি বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, লজিস্টিকস এবং কাঁচামাল সরবরাহের খরচের মাধ্যমেও এর পরোক্ষ প্রভাব পড়ে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাত, আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতার মধ্যে রয়েছে। উৎপাদন ব্যয় বাড়লে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা আরও কঠিন হবে। তাহলে বিকল্প কী হতে পারে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্নটি আসে। জ্বালানির আন্তর্জাতিক মূল্য যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন সরকারকে কোনো না কোনোভাবে সেই বাড়তি আমদানি ব্যয় সামলাতে হয়। কিন্তু এর অর্থ এই নয় যে একমাত্র উপায় হলো খুচরা মূল্য একবারে বাড়িয়ে দেওয়া।
প্রথমত, automatic fuel pricing mechanism আরও স্বচ্ছ ও কার্যকরভাবে প্রয়োগ করা যায়। আইএমএফ-ও বাংলাদেশের ক্ষেত্রে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য সমন্বয় ব্যবস্থার ধারাবাহিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের মূল্য সমন্বয় ধীরে ধীরে করা সম্ভব।
দ্বিতীয়ত, বিপিসি’র আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করা প্রয়োজন। আমদানি ব্যয়, পরিবহন ব্যয়, কর, operational cost, margin এবং ভর্তুকির কাঠামো সম্পর্কে নিয়মিত ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে জনগণও বুঝতে পারবে আন্তর্জাতিক বাজারের পরিবর্তন কীভাবে স্থানীয় দামে প্রতিফলিত হচ্ছে।
তৃতীয়ত, tax এবং duty structure পরিস্থিতি অনুযায়ী সাময়িকভাবে সমন্বয় করার সুযোগ বিবেচনা করা যায়। জ্বালানি মূল্যবৃদ্ধির সময় করভার সাময়িকভাবে কমানো হলে আন্তর্জাতিক বাজারের পুরো ধাক্কা ভোক্তার ওপর না দিয়ে সরকার, বিপিসি এবং ভোক্তার মধ্যে ভাগ করে নেওয়া সম্ভব। অতীতেও বাংলাদেশে জ্বালানি তেলের কর ও শুল্ক কাঠামো নিয়ে এমন আলোচনা হয়েছে।
চতুর্থত, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমিয়ে সেই অর্থ জ্বালানি আমদানির চাপ সামলাতে ব্যবহার করা যায়। একই সঙ্গে জ্বালানি খাতে অপচয়, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং সরবরাহ ব্যবস্থার অদক্ষতা কমানোর উদ্যোগ প্রয়োজন। পঞ্চমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো targeted support। সবাইকে সমানভাবে ভর্তুকি দেওয়ার পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়া তুলনামূলকভাবে কার্যকর হয়ে থাকে। বাংলাদেশ যতদিন আমদানিকৃত জ্বালানির ওপর বেশি নির্ভরশীল থাকবে, ততদিন আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দেশের অর্থনীতিতে আঘাত করবে। তাই দীর্ঘমেয়াদে সমাধান শুধু জ্বালানির দাম নির্ধারণে নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই নিহিত। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বহবৎমু বভভরপরবহপু উন্নয়ন, গণপরিবহন শক্তিশালী করা। একই সঙ্গে এলএনজি ও অন্যান্য আমদানিনির্ভর জ্বালানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি, উৎসের বৈচিত্র্য এবং কৌশলগত মজুত ব্যবস্থার বিষয়েও গুরুত্ব দিতে হবে। জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে শুধু ‘দাম বাড়ল’ হিসেবে দেখলে সমস্যাটির পুরো চিত্র পাওয়া যায় না। একদিকে আন্তর্জাতিক বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বিপিসি’র বিপুল লোকসান রয়েছে। অন্যদিকে রয়েছে মূল্যস্ফীতি, মানুষের জীবনযাত্রার ব্যয়, শিল্পের উৎপাদন ব্যয় এবং রপ্তানি প্রতিযোগিতার প্রশ্ন। তাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য এবং ভারসাম্যপূর্ণ জ্বালানি মূল্যনীতি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে তার প্রতিফলন থাকবে, কিন্তু সেই সমন্বয় কত দ্রুত হবে, কতটা হবে এবং এর সামাজিক অভিঘাত কীভাবে মোকাবিলা করা হবে, সেটিই নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়।
জ্বালানি মূল্য সমন্বয়ের পাশাপাশি বিপিসি’র আর্থিক সংস্কার, কর ও শুল্ক কাঠামোর যৌক্তিকীকরণ, অপচয় কমানো, targeted social protection এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ একসঙ্গে এগিয়ে নিতে হবে। কারণ, জ্বালানি সংকট শুধু জ্বালানির বাজারের সংকট নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মূল্যস্ফীতি, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি, বৈদেশিক মুদ্রা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা।
লেখক: অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক।
