বিশ্বব্যাংক প্রকাশিত বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল হোয়ার ইট ম্যাটার্স শীর্ষক সাম্প্রতিক এক প্রতিবেদনে মানবসম্পদের উন্নয়ন প্রসঙ্গে কিছু উদ্বেগজনক তথ্য উপস্থাপন করেছে। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ক্রমবর্ধমান আয় এবং দারিদ্র্য হ্রাস সত্ত্বেও গত ১৫ বছরে নিম্ন ও মধ্যম আয়ের দুই-তৃতীয়াংশ দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নে অবনতি ঘটেছে। একইভাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে নারী শ্রমশক্তির অংশগ্রহণ কম অথবা স্থির হয়ে আছে। তথ্য-উপাত্ত উপস্থাপন করে বিশ্বব্যাংক বলেছে, ২০১০-২৫ সালের মধ্যে বিশ্বের ১২৯টি নিম্ন-মধ্যম আয়ের দেশের মধ্যে ৮৬টি দেশে স্বাস্থ্য, শিক্ষা অথবা দক্ষতাভিক্তিক সেবা ক্ষেত্রে ক্রমাবনতি ঘটেছে।
এমন পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, আশপাশের পরিবেশ ও কর্মস্থলে উন্নয়ন ঘটাতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে সরকারকে।\r\nশিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগের ওপর নির্ভর করে যে কোনো দেশের অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে এই ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। অপুষ্টি, শিক্ষার মানের অবনতি, অপর্র্যাপ্ত প্রশিক্ষণ ও সীমিত কর্মসংস্থানের সুযোগ মিলিয়ে মানবসম্পদ গঠন ও উন্নয়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে শুধু ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। বিশ্বব্যাংক এও বলেছে, মানবসম্পদ খাতে বিনিয়োগের ঘাটতি থাকলে সদ্য জন্ম নেয়া প্রজন্ম তাদের সম্ভাব্য আয়ের বড় অংশ হারাতে পারে ভবিষ্যতে।
\r\nমা ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় জাতিসংঘ নির্দেশিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের কারণে বাংলাদেশ সারাবিশ্বে প্রশংসিত হলেও অদ্যাবধি কিছু সমস্যা রয়ে গেছে। এর অন্যতম হলো পর্যাপ্ত খাদ্যের অভাব তথা পুষ্টি সমস্যা। জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬-২৫)-এর চূড়ান্ত খসড়ায় যে তথ্য উঠে এসেছে, তা হলো দেশের ১৮ শতাংশ গর্ভবতী মা অপুষ্টির শিকার। আর প্রধানত অপুষ্টির কারণে ২৩ শতাংশ শিশু জন্ম নিচ্ছে প্রয়োজনের চেয়ে কম ওজন নিয়ে। আরও যা উদ্বেগজনক, তা হলো, শহরের বস্তি ও গ্রামাঞ্চলের মাসহ শিশু পরিচর্যাকারীর ৭৩ শতাংশই স্বাস্থ্যবিধি মেনে চলে না। এসবের পেছনে আর্থিক দৈন্যদশা, বাল্যবিবাহসহ নানা কুসংস্কারও বিদ্যমান। অথচ ২০৩০ সাল নাগাদ এসডিজি অর্জন করতে হলে এ সবই দূর করতে হবে পর্যায়ক্রমে।\r\nবিশেষজ্ঞদের মতে, মানুষের উচ্চতা শুধু জিনগত বিষয় নয়। শৈশবে প্রাপ্ত পুষ্টি, স্বাস্থ্যসেবা, সংক্রমণ, জীবনযাত্রার মানের ওপর তা নির্ভর করে। যদি এক প্রজন্ম আগের প্রজন্ম থেকে খাটো হয় তাহলে এটি ইঙ্গিত দেয় যে, তারা ছোটবেলায় যথেষ্ট পুষ্টি ও স্বাস্থ্যসেবা পায়নি। যে কারণে ১৫ বছর আগের তুলনায় নিম্ন ও মধ্যম আয়ের দেশের শিশুরা পিছিয়ে পড়ছে পড়াশোনায়। এসব ঘাটতি পূরণে সরকারের পাশাপাশি অভিভাবক সহায়তা কর্মসূচি, বিশুদ্ধ পানি সরবরাহ থেকে শুরু করে শিক্ষানবিশ কাজে প্রণোদনা দেওয়া মানবসম্পদ উন্নয়নের জন্য অপরিহার্য।
