দুনিয়াজুড়ে তথ্যপ্রযুক্তির সহজলভ্যতায়, যে কোনো সুযোগ-সুবিধা মানুষের হাতের মুঠোয়। সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোন প্রান্তে কী ঘটছে তা মানুষ জানতে পারছে অনায়াসে। ইন্টারনেটের কল্যাণে মোবাইলে ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটায় অনলাইনে জুয়ার নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের তুলনায় তুঙ্গে। জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অনলাইন ভিত্তিক জুয়া, বেটিং। সঙ্গে যোগ হয়েছে পর্নোগ্রাফির করাল গ্রাস। এমনিতেই দেশের তরুণ সমাজ বৈশ্বিক সাংস্কৃতিক আগ্রাসনের ছোবেল আত্মপরিচয়হীন হবার পথে। তদুপরি পর্নোগ্রাফির সহজলভ্যতায় নারীর শ্লীলতাহানি, ইভটিজিং ও নারী নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সম্প্রতি দেশের তরুণদের বড় একটি অংশ মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এনক্রিপ্টেড বেটিং প্ল্যাটফর্মে আসক্ত হয়ে পড়ছে।

যার মাধ্যমে দেশের ভেতরে থাকা অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে অনায়াসে এবং অপরাধচক্রের পকেট ভারি হচ্ছে। এটি শুধু নৈতিক-সামাজিক সংকট নয়; দেশের সার্বিক নিরাপত্তা, অর্থনীতি, যুব ও তরুণ সমাজের মানসিক স্বাস্থ্যকে সরাসরি আঘাত করছে, যা আগামী প্রজন্মের স্থিতিশীল ভবিষ্যৎ বিনির্মাণে চরম অন্তরায়। \r\nসম্প্রতি সরকারের এক উচ্চপর্যায়ের বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ বিটিআরসি, নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা ও এমএফএস অপারেটরদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি পদক্ষেপ, আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।

জুয়ার নেশা ছড়ায় দ্রুত, আর পর্নোগ্রাফির প্রভাব স্মায়ুবিক, যা দীর্ঘমেয়াদে মানসিক কাঠামো ভেঙে দেয় এবং পারিবারিক সম্পর্ক, সামাজিক আচরণে গভীর ক্ষত তৈরি করে। তাই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমকে সামনে রেখে। শুধু সাইট বন্ধ করা বা অ্যাকাউন্ট ব্লক করলেই সমস্যার পূর্ণ সমাধান হবে না, জুয়া ও পর্নোগ্রাফির শেকড় উপরে ফেলতে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। সরকারকে একটি শক্তিশালী জনসচেতনতামূলক প্রচার অভিযান চালাতে হবে। স্কুল-কলেজে ধর্মশিক্ষায় ডিজিটাল নৈতিকতা ও সাইবার নিরাপত্তা পাঠ্যভুক্ত করতে হবে। টিনএজারদের জন্য ডিভাইস ব্যবহারে বয়সের সীমারেখা আরোপ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক ও এমএফএস অপারেটরদের জুয়া-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক মনিটরিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করতে হবে। বেটিং ও জুয়ার প্রচারণা চালানো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অনলাইন স্ট্রিমারদের বিরুদ্ধে নিতে হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাএ প্রয়োজনে সাইবার আইনে আরও কঠোর ধারা যুক্ত করতে হবে। ভুলে গেলে চলবে না, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে অপসংস্কৃতি মোকাবিলার ধরর ও প্রকৃতির ওপর।