বাংলাদেশের সড়কগুলো আজ শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিবছর হাজারেরও বেশি শিশু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর উদ্বেগের বিষয়। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শুধুমাত্র এক মাস থেকে ১৭ বছর বয়সী ১,০০৮ জন শিশু ও কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এরমধ্যে ৫৯১ জনই ছিল শিশু (১৭ বছরের নিচে), যার মধ্যে ১৭৯ জন ৫ বছরের নিচে এবং ৩৮২ জন ৬-১২ বছর বয়সী। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩ জনের বেশি শিশু সড়কে প্রাণ হারিয়েছে। এই মৃত্যুর হার শুধু সংখ্যা নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একেকটি ভাঙা পরিবার, অকালে ঝরে পড়া স্বপ্ন আর অসহায় কান্না। গ্রামীণ ও আঞ্চলিক সড়কে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি।

অনেক শিশু স্কুলে যাওয়া-আসার পথে, রাস্তায় খেলতে গিয়ে অথবা অভিভাবকের সঙ্গে যানবাহনে চড়ে এই ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ধাক্কায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু ঘটছে। রাস্তা পারাপারের সময় পথচারী হিসেবে প্রায় অর্ধেক শিশু নিহত হয়েছে। সড়ক নিরাপত্তা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা এর অন্যতম কারণ। ফুটপাতের অভাব, জেব্রাক্রসিং না থাকা, অদক্ষ ও বেপরোয়া চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, মোটরসাইকেলের ব্যাপক ব্যবহার এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগ এসব মিলে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। অনেক অভিভাবকও শিশুদের সড়ক পারাপারে বা যানবাহনে নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত সচেতন নন। শিশুদের জন্য নিরাপদ আসন ব্যবহারের প্রচলনও প্রায় নেই। বিশেষজ্ঞরা মনে করেন, এই মৃত্যু প্রতিরোধযোগ্য। বিশ্বের অনেক দেশ সেফ সিস্টেম অ্যাপ্রোচ গ্রহণ করে সড়ক দুর্ঘটনা ও শিশুমৃত্যু উল্লেখযোগ্য হারে কমিয়েছে। আমাদের দেশেও এই ধরনের ব্যবস্থা জরুরি। স্কুলের আশপাশে ও গ্রামীণ এলাকায় শিশু-নিরাপদ জোন তৈরি করা। ফুটপাত ও নিরাপদ পারাপারের ব্যবস্থা বাড়ানো পরিবার ও স্কুলে সড়ক নিরাপত্তা শিক্ষা বাধ্যতামূলক করা। অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা । সড়ক পরিবহন আইন ২০১৮ কঠোরভাবে প্রয়োগ এবং প্রয়োজনে সংশোধন। শিশুদের জন্য বিশেষ চিকিৎসা তহবিল গঠন, শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ সড়ক না দিতে পারলে আমরা সেই ভবিষ্যৎকেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি। সরকার, প্রশাসন, পরিবহন মালিক, চালক, অভিভাবক সবার সম্মিলিত দায়িত্বশীলতা ছাড়া এই রক্তপাত বন্ধ হবে না।\r\nউত্তর বাড্ডা, ঢাকা থেকে