বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ‘চব্বিশের অভ্যুত্থান’ ও ‘ছাব্বিশের নির্বাচন’– এ দুটি ঘটনাই ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। একটি ছিল দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিস্ফোরণ, অন্যটি নতুন ক্ষমতার ভারসাম্য নির্ধারণের মঞ্চ। এই পরিবর্তন পর্বে যে দলটি সবচেয়ে নাটকীয়ভাবে আলোচনায় এসেছে, সেটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অভ্যুত্থানের পূর্ববর্তী ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দলগুলোর একটি ছিল জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রুটিপূর্ণ বিচার, শীর্ষ নেতাদের দণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাপক গ্রেপ্তার, মামলা, হত্যা, গুম, সংগঠনগত নিষেধাজ্ঞা– সব মিলিয়ে দলটি সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আদালতের নির্দেশে নিবন্ধন বাতিল হলে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নিজস্ব প্রতীক ছাড়াই অংশ নেয় দলটি।

২০২১ সালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণেও শীতলতা দেখা যায়। ভেঙে দেওয়া হয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, যেখানে জামায়াতও ছিল। তবে আওয়ামী লীগবিরোধী আন্দোলনে দলটি নিজের মতো সক্রিয় ছিল।

২০২৪ সালের জানুয়ারিতে বিরোধী দলগুলোর অংশগ্রহণহীন নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা তীব্রতর হয়। এর ছয় মাস পর সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন দ্রুত সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। সে আন্দোলনের পেছনে জামায়াতের কৌশলগত সম্পৃক্ততার কথা রাজনৈতিক মহলে আলোচিত। আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর অনুষ্ঠিত সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠকে জামায়াতের আমিরকে গুরুত্ব দেওয়া হয়।

অভ্যুত্থানের পর আওয়ামী লীগশূন্য রাজনৈতিক মাঠে ধীরে ধীরে বিএনপির সঙ্গে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়। বিএনপির নেতারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা সামনে আনতে শুরু করেন। এই ঐতিহাসিক প্রশ্ন জামায়াতের জন্য একদিকে নৈতিক চাপ, অন্যদিকে রাজনৈতিক চ্যালেঞ্জ।

এত কিছুর পরও জামায়াতপন্থি ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসুসহ একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য পেতে থাকে। অভ্যুত্থানের আগে সংগঠনটির যেসব কর্মী অন্য রাজনৈতিক পরিচয়ে সক্রিয় ছিলেন, তারা প্রকাশ্যে আসেন, যাদের অনেকে ‘গুপ্ত’ নামে পরিচিতি পান। অবশ্য শিবিরের এই সাফল্যের পুরো কৃতিত্ব তাকে দেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীরা তাদের ‘অ্যান্টি-এস্টাবলিশমেন্ট’ ধারণার পক্ষে ভোট দেওয়ার জন্য শিবিরের বাক্সকেই বেছে নিয়েছিল। তা ছাড়া বিএনপি ও এর ছাত্র সংগঠনের অতিরিক্ত আত্মবিশ্বাস, অভ্যন্তরীণ দুর্বলতার সঙ্গে নেতাকর্মীর একটা অংশের চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িয়ে পড়াও এখানে বড় ভূমিকা রেখেছে।

টেলিভিশন টকশোতে বিভিন্ন পেশাজীবীর মুখ দেখা যায়, যারা আগে নিরপেক্ষতার আবরণে ছিলেন। নির্বাচনী প্রচারে জামায়াত একাধিক গান প্রকাশ করে, যেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল স্পষ্ট, যা দলটির এ সংক্রান্ত আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। দলীয় নারীদের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, টকশো ও মিছিলে সক্রিয় উপস্থিতি ছিল নতুন বার্তা। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে এটি কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি আদর্শগত রূপান্তর? মুক্তিযুদ্ধকালে স্বাধীনতাবিরোধী অবস্থান ও গণহত্যায় সংশ্লিষ্টতার প্রশ্নে জামায়াত প্রায়ই সরাসরি আত্মসমালোচনার বদলে ব্যাখ্যা বা এড়িয়ে যাওয়ার কৌশল নেয়। কিন্তু জাতীয় ইতিহাসের গভীর ক্ষতকে পাশ কাটিয়ে টেকসই রাজনৈতিক পুনর্গঠন কি সম্ভব? বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। এই সন্ধিক্ষণে জামায়াতের বিবর্তন কেবল একটি দলের গল্প নয়; এটি রাজনৈতিক সংস্কৃতি, ঐতিহাসিক স্মৃতি ও ভবিষ্যৎ গণতন্ত্রের গতিপথ নির্ধারণেরও প্রশ্ন। ইতিহাসের মুখোমুখি না হয়ে কোনো দলই স্থায়ী রাজনৈতিক বৈধতা অর্জন করতে পারে না। তাই চব্বিশের অভ্যুত্থান যে দরজা খুলেছে, ছাব্বিশের নির্বাচনের পর সেটি স্থায়ীভাবে খোলা থাকবে কিনা– তার উত্তর নির্ভর করছে এই বিবর্তনের গভীরতার ওপর।

এখন প্রশ্ন হচ্ছে, দলের পুরোনো আদর্শের লোকেরা কেন জামায়াতের এ বিবর্তন মেনে নেবেন? বিবর্তিত জামায়াতই যদি করতে হয়, তাহলে অন্য দলে সমস্যা কী? এ প্রশ্নও অনিবার্য– ইতিহাসের সব রেকর্ড ভেঙে জামায়াতের ভোট এত বৃদ্ধি পেল কেন? এটি কি কেবল তাদের কথিত ‘মধ্যপন্থি’ অবস্থানের ফল? নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করেছে?

বাংলাদেশের দুই প্রধান ধারার রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনপরিসরে এক ধরনের ক্লান্তি ও আস্থাহীনতা তৈরি হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসন, বিতর্কিত নির্বাচন এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পর জনগণের একটি অংশ বিকল্প খুঁজছিল। মোক্ষম সুযোগ পেয়ে তাদের বিতাড়িত করেছে। অন্যদিকে বিএনপি আন্দোলনের ধারাবাহিকতা ও সাংগঠনিক পুনর্গঠনে পিছিয়ে পড়ায় সেই শূন্যতা পূরণ করতে পারেনি। এ দুই বাস্তবতার সংযোগস্থলে দাঁড়িয়ে জামায়াত নিজেদের ‘তৃতীয় শক্তি’ হিসেবে উপস্থাপনের সুযোগ পেয়েছে। ফলে বহু ভোট আদর্শগত অনুরাগ থেকে নয়, বরং বিকল্পের সন্ধানে জামায়াতের ঝুলিতে গেছে। জামায়াত এখন চেষ্টা করবে জেতা আসনগুলোতে স্থায়ী ছাপ রাখা যায় এমন মডেল তৈরি করতে। যেসব আসনে স্বল্প ব্যবধানে হেরেছে, সেখানেও নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চেষ্টা করবে।

ছাব্বিশের নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও জামায়াতকে যে কৌশলে মোকাবিলা করেছে, তা দীর্ঘ মেয়াদে কার্যকর থাকবে বলে প্রতীয়মান হয় না। ইতিহাসের প্রশ্ন তুলে নৈতিক চাপে রাখা এক বিষয়। কিন্তু সাংগঠনিক শক্তি, তৃণমূলের উপস্থিতি ও বিকল্প ন্যারেটিভ নির্মাণ– এসবের মোকাবিলা কেবল অতীত স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। বিএনপি অনেক দেরিতে উপলব্ধি করেছে, মাঠের বাস্তবতা তাদের ধারণার চেয়ে ভিন্ন। কোথাও কোথাও সংগঠন দুর্বল, কোথাও নেতৃত্ব বিভক্ত, কোথাও আবার অতিরিক্ত আত্মবিশ্বাস পরিস্থিতিকে দলের জন্য বিপজ্জনক করে তুলেছে। সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি নিজস্ব রাজনৈতিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে পুনরায় ব্যাখ্যা করতে পেরেছে? ‘জাতীয়তাবাদ’ যদি কেবল একটি ঐতিহাসিক স্লোগানে সীমাবদ্ধ থাকে এবং সমসাময়িক অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সংযুক্ত না হয়, তবে তা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারবে না। জামায়াত সেখানে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও লক্ষ্যভিত্তিক রাজনীতির চিত্র তুলে ধরতে পেরেছে, যা ভোটের বাক্সে প্রতিফলিত।

যদি বিএনপি দ্রুত সাংগঠনিক পুনর্গঠন, আদর্শগত পুনঃসংজ্ঞায়ন এবং রাজনৈতিক কৌশলের আধুনিকায়ন না করে, তাহলে ভবিষ্যতে তাদের এমন শক্তির ওপর নির্ভর করতে হতে পারে, যা তাদের ঘোষিত জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। ক্ষমতার রাজনীতিতে আপস অনিবার্য হতে পারে, কিন্তু সেই আপস যদি আদর্শগত আত্মসমর্পণে পরিণত হয়, তবে তা কোনো জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির জন্য সম্মানজনক হবে না।

রাজনীতির মাঠে শূন্যতা কখনও স্থায়ী হয় না। একটা দল নিজের দুর্বলতা সময়মতো শনাক্ত করে সংশোধন করতে না পারলে সেই শূন্যতা অন্য কেউ পূরণ করে। ছাব্বিশের নির্বাচন হয়তো বিএনপিকে তাৎক্ষণিক বিজয় দিয়েছে, কিন্তু রাজনৈতিক লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের সামনে আরও কঠিন আত্মসমালোচনা ও পুনর্গঠনের পথ ধরতে হবে।

আহম্মদ ফয়েজ: সাংবাদিক; সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব