একটি কফিনের পাশে যেন সমগ্র বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া। তার আগে মরহুমার নামাজে জানাজায় দেশবাসী প্রত্যক্ষ করেছে জনতার মহাসমুদ্র। জানাজার জন্য নির্ধারিত স্থান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও সুপ্রশস্ত মানিক মিয়া এভিনিউ ছাপিয়ে কেবল আশপাশের এলাকাই নয়, বাজারঘাট, মেট্রোস্টেশন এবং দূরবর্তী কয়েক কিলোমিটার এলাকায় মানুষ দাঁড়িয়ে গিয়েছিল জানাজায়। এ এক অভূতপূর্ব দৃশ্য। দেশের ইতিহাসে যা প্রথম, সেরা ও অনন্য। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়েও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের মনোভাব ছিল এমন, মানুষ যেহেতু খালেদা জিয়াকে সম্মান দিয়েছে, আল্লাহ নিশ্চয়ই তাকে সম্মানিত করবেন।

জীবদ্দশায় সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন এবং গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে পারলেই কেবল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর অন্তিম বিদায়ক্ষণে এত বিপুলসংখ্যক শোকাহত মানুষ যোগ দেয়। অন্তিম বিদায়ের বাস্তব পরিস্থিতি অবলোকন করে এটা কারোরই বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যে, তিনি ছিলেন প্রকৃতই জনপ্রিয় দেশনেত্রী। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালিত হয়েছে। জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। জানাজার জন্য বুধবার সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। \r\nমা খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি এ অন্তিম বিদায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে এই বিদায়। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আরও লেখেন, গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। \r\nরাজনৈতিক আন্দোলনে খালেদা জিয়া তাঁর নেতৃত্বের কারণে আগেই আপোসহীন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে শেষ বয়সে সেটা ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। মুক্তিযুদ্ধের দুই দশক পর ১৯৯১ সালে নিরপেক্ষ সরকারের অধীন অনুষ্ঠিত বাস্তবিক অর্থেই বাংলাদেশের প্রথম অবাধ গণতান্ত্রিক নির্বাচনে খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আরও দুই দফা প্রধানমন্ত্রী এবং দুই দফা জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল, জুলুম, নির্যাতন ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির পরও খালেদা জিয়া যেভাবে তার অবস্থানে অবিচল থেকেছেন, সেটাই নিশ্চিত করে দেশের মানুষ ও গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের প্রতিচ্ছবি। যার সম্মান তাকে দিয়েছে দেশবাসী। অনুসরণীয় তার আদর্শ প্রেরণা দেবে নতুন প্রজন্মকে; কর্মের মধ্য দিয়ে এ দেশের সচেতন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অন্তিম বিদায়বেলা তিনি যে হৃদয় আপ্লুত করার মতো বিরল সম্মান পেলেন, এই সম্মান তারই অর্জিত।