বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কেবল অভিবাসন আইন প্রয়োগের প্রশ্ন নয়, এটি ক্রমেই রাষ্ট্রক্ষমতার সীমা, সাংবিধানিক অধিকার এবং নাগরিক নিরাপত্তা: এই তিনটির মধ্যকার ভারসাম্য নিয়ে একটি গভীর জাতীয় সংকটে রূপ নিচ্ছে। Immigration and Customs Enforcement (ICE)) এবং U.S. Border Patrol–এর সাম্প্রতিক তৎপরতা নিয়ে যে ভয়, ক্ষোভ ও অনাস্থা ছড়িয়ে পড়েছে, তার মূল কারণ হলো, এই সংস্থাগুলোকে ঘিরে ক্ষমতার অতিরিক্ত সম্প্রসারণ (overreach) এবং জবাবদিহির ঘাটতি সম্পর্কে জনমনে গভীর সন্দেহ।

আইনের দৃষ্টিতে ICE একটি প্রশাসনিক আইনপ্রয়োগকারী সংস্থা। এর মূল কাজ ছিল অভিবাসন সংক্রান্ত তদন্ত, গ্রেপ্তার ও নির্বাসন প্রক্রিয়া। বর্ডার পেট্রোল-এর দায়িত্ব ছিল সীমান্ত ও প্রবেশপথকেন্দ্রিক নিরাপত্তা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ‘১০০-মাইল জোন’-এর মতো ব্যাখ্যার মাধ্যমে বর্ডার পেট্রোল-এর কার্যপরিধি দেশের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে, যে এলাকায় যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক নাগরিক বসবাস করেন। এই বিস্তার আইনগতভাবে ব্যাখ্যা করা হলেও, বাস্তবে এটি সামরিকীকৃত অভ্যন্তরীণ পুলিশিংয়ের মতো পরিস্থিতি তৈরি করছে, যা সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে অনেক আইনবিশেষজ্ঞ মনে করেন।

সাম্প্রতিক গুলির ঘটনা ও অভিযানগুলো জনভীতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো অনুযায়ী, প্রাণঘাতী শক্তি ব্যবহার কেবল তখনই বৈধ, যখন তাৎক্ষণিক ও অনিবার্য প্রাণনাশের আশঙ্কা থাকে। সমালোচকদের মতে, শহুরে এলাকায় অভিবাসনবিরোধী অভিযান চালাতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে এজেন্টরা পুলিশের মতো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছেন, যে প্রশিক্ষণ ও ম্যান্ডেট তাঁদের মূল দায়িত্বের অংশ ছিল না। এর ফলে ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত বলপ্রয়োগ এবং নিরীহ মানুষের প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে।

আরও গুরুতর প্রশ্ন উঠছে চতুর্থ সংশোধনী (চতুর্থ সংশোধনী)-কে ঘিরে, যা অযৌক্তিক তল্লাশি ও গ্রেপ্তার থেকে নাগরিককে সুরক্ষা দেয়। বিভিন্ন এলাকায় বাড়ি তল্লাশি, কর্মস্থলে হানা, স্কুল ও আশপাশে উপস্থিতিÑ এসব ঘটনা আইনগতভাবে বৈধ হলেও তার প্রয়োগপদ্ধতি যদি ভয়ভীতি, বলপ্রয়োগ ও অনিশ্চয়তা সৃষ্টি করে, তাহলে তা কার্যত সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করে। আইনের অক্ষর মানা হলেও, আইনের আত্মা যদি লঙ্ঘিত হয়, সেটিই এখন মূল বিতর্ক। বিশেষ উদ্বেগের জায়গা হলো স্কুল, হাসপাতাল ও উপাসনালয়–সংক্রান্ত নীতি। দীর্ঘদিন ধরে এসব স্থানকে ‘স্পর্শকাতর স্থানসমূহ’ হিসেবে গণ্য করা হতো, যেখানে অভিবাসন অভিযান সীমিত থাকত। এই নীতির শিথিলতা বা বাস্তব প্রয়োগে অস্পষ্টতা তৈরি হওয়ায়, অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, শিক্ষক ও প্রশাসকরা আতঙ্কিত হচ্ছেন। এটি শুধু অভিবাসন ইস্যু নয়, এটি শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত।

সবচেয়ে গুরুতর ও কাঠামোগত সমস্যা হলো জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি, যা যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকেই দুর্বল করে দেয়। ফেডারেল আইনপ্রয়োগকারী সংস্থার এজেন্টরা অনেক ক্ষেত্রে qualified immunity–এর আইনি সুরক্ষা ভোগ করেন, যার অর্থ হলো, তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলা করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে, এমনকি গুরুতর অভিযোগ থাকলেও। এই সুরক্ষার উদ্দেশ্য ছিল আইনপ্রয়োগে যুক্তিসংগত সিদ্ধান্তকে রক্ষা করা, কিন্তু বাস্তবে এটি অনেক সময় দায়মুক্তির আবরণ হিসেবে কাজ করে।

এর সঙ্গে যুক্ত হয়েছে তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতার অভাব। অভিযোগ উঠলে তদন্তগুলো প্রায়ই একই সংস্থার অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে, যার ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘসূত্রিতা, রিপোর্ট প্রকাশে বিলম্ব বা তথ্য গোপন রাখার প্রবণতা জনমনে সন্দেহ আরও বাড়ায়। সাধারণ নাগরিক যখন দেখতে পান যে, প্রাণহানি বা গুরুতর অভিযোগের পরও দ্রুত ও প্রকাশ্য জবাবদিহি নেই, তখন স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়, রাষ্ট্র নিজেই নিজের বিচারক হয়ে উঠছে।

গণতন্ত্রে এটি অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত। কারণ, আইনের শাসনের মূল কথা হলো, ক্ষমতাবানরাও আইনের ঊর্ধ্বে নয়। যখন এই নীতির ব্যত্যয় ঘটে, তখন নাগরিকদের আস্থা ভেঙে পড়ে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নৈতিক বৈধতা ক্ষয় হয়, এবং সমাজে আইন নয়, ভয় ও সন্দেহই নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হয়। এখানে রাজনৈতিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রীয় নেতৃত্বের ভাষা ও অগ্রাধিকার মাঠপর্যায়ের আচরণকে প্রভাবিত করে। যখন ‘কঠোরতা’, ‘সংখ্যাগত সাফল্য’ বা ‘অসীম ক্ষমতা’র বার্তা জোরালো হয়, তখন তা আইনপ্রয়োগকারীদের কাছে নীরব অনুমোদন হিসেবে ধরা পড়তে পারে। এতে আইনের সীমা ঠেলে দেওয়ার প্রবণতা বাড়ে, যার মূল্য দেয় সাধারণ মানুষ।

এই পরিস্থিতির সামাজিক প্রভাব সত্যিই গভীর এবং দীর্ঘস্থায়ী। যখন রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ ভীতির আবহ তৈরি করে, তখন সেই ভয় কেবল অনিবন্ধিত অভিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তা ধীরে ধীরে সাধারণ নাগরিকদের মাঝেও ছড়িয়ে পড়ে। মানুষ প্রশ্ন করতে শুরু করে, আইন কি সত্যিই সবার জন্য সমানভাবে প্রযোজ্য, নাকি ক্ষমতা ও পরিচয়ের ভিত্তিতে ভিন্ন আচরণ করা হচ্ছে। এই সন্দেহই রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার আস্থার ভিত্তিকে নড়বড়ে করে দেয়। ভয়ের পরিবেশে পুলিশ ও অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতা কমে যায়। মানুষ অপরাধ দেখলেও রিপোর্ট করতে চায় না, সাক্ষ্য দিতে ভয় পায়, এমনকি জরুরি পরিস্থিতিতেও সাহায্য চাইতে দ্বিধা করে। ফলে সমাজ বাস্তবে আরও অনিরাপদ হয়ে ওঠে। একই সঙ্গে সামাজিক বিভাজন বাড়ে, মানুষ নিজেদের মধ্যে ‘আমরা’ ও ‘তারা’ এই বিভক্তির চোখে দেখতে শুরু করে, যা সহাবস্থান ও নাগরিক সংহতিকে দুর্বল করে।

সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ে শিশুদের ওপর। অনিশ্চয়তা, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার অনুভূতি শিশুদের মানসিক বিকাশে গভীর ক্ষত সৃষ্টি করে, যা দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা, আচরণ ও ভবিষ্যৎ আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। ইতিহাস স্পষ্টভাবে দেখিয়েছে, ভয়ভিত্তিক শাসন কখনোই সমাজকে নিরাপদ করে না; বরং এটি প্রতিষ্ঠানকে দুর্বল করে, নাগরিক আস্থা ধ্বংস করে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রকেই আরও ভঙ্গুর করে তোলে।

আইন ও নীতির দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এখন একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি: অভিবাসন আইন প্রয়োগ কি সংবিধানকে ক্ষতিগ্রস্ত না করে সম্ভব? সংবিধান জীবন, স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার নাগরিক ও অনাগরিকÑ উভয়ের জন্যই নিশ্চিত করে। এই নীতিকে পাশ কাটিয়ে কোনো প্রয়োগব্যবস্থা দীর্ঘমেয়াদে বৈধতা ধরে রাখতে পারে না। এই সংকট থেকে বেরিয়ে আসার পথ একটিইÑ সংযম ও সংস্কারকে নীতির কেন্দ্রবিন্দুতে আনা। প্রথমত, যেকোনো প্রাণঘাতী ঘটনা বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে তদন্তকারী সংস্থা ও অভিযুক্ত সংস্থার মধ্যে স্বার্থের সংঘাত না থাকে। দ্রুত ও প্রকাশ্য জবাবদিহি না থাকলে আস্থা ফেরানো সম্ভব নয়। দ্বিতীয়ত, বলপ্রয়োগের স্পষ্ট ও কঠোর সীমা নির্ধারণ জরুরি, কখন, কী পরিস্থিতিতে এবং কোন মাত্রায় শক্তি ব্যবহার করা যাবে, তা আইনি ও নীতিগতভাবে পরিষ্কার থাকতে হবে। তৃতীয়ত, স্কুল, হাসপাতাল ও উপাসনালয়ের মতো sensitive locations-এর সুরক্ষা পুনর্বহাল করতে হবে, যাতে শিশু, রোগী ও সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন ভয়ের মধ্যে না পড়ে।

এ ছাড়া অভিবাসন আইন প্রয়োগকে সামরিকীকরণ থেকে দূরে রেখে প্রশাসনিক ও মানবিক কাঠামোর ভেতরেই সীমাবদ্ধ রাখা প্রয়োজন। এসবের পাশাপাশি কংগ্রেসীয় তদারকি, আদালতের সক্রিয় ভূমিকা এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের ধারাবাহিক নজরদারি অপরিহার্য। এই তিন স্তরের কার্যকর অংশগ্রহণ ছাড়া ক্ষমতার ভারসাম্য ফেরানো যাবে না, আর সংকটও কাটবে না।

যুক্তরাষ্ট্রের শক্তি তার ক্ষমতায় নয়, ক্ষমতার ওপর নিয়ন্ত্রণে। যখন নাগরিকরা নিজেদের সরকারের কাছেই ভীত বোধ করেন, তখন রাষ্ট্র তার নৈতিক ভিত্তি হারাতে শুরু করে। অভিবাসন আইন প্রয়োগ প্রয়োজন; কিন্তু তা হতে হবে সংবিধানের আলোকে, মানবিকতা ও জবাবদিহির সঙ্গে। অন্যথায় এর ক্ষতি শুধু অভিবাসীদের নয়, পুরো আমেরিকান সমাজকেই দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।

লেখক: নিরাপত্তা বিশ্লেষক। hrmrokan@hotmail.com