ষড়ঋতুর আবর্তনে বাংলাদেশে শীতকাল আসে এক ভিন্ন আমেজ নিয়ে। কুয়াশাভেজা সকাল, শিশিরবিন্দু আর হরেক রকমের পিঠা-পুলির উৎসব আমাদের অনেকের কাছেই শৈশব বা বর্তমান সময়ের এক মধুর স্মৃতি। কিন্তু মুদ্রার উল্টো পিঠে এই শীতকালই হয়ে ওঠে সমাজের এক বিশাল জনগোষ্ঠীর কাছে বিভীষিকা আর হাহাকারের নাম। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে যখন শৈত্যপ্রবাহ শুরু হয়, তখন খোলা আকাশের নিচে বসবাসকারী ছিন্নমূল মানুষ ও পথশিশুদের জীবন চরম সংকটের মুখে পড়ে। আমাদের কাছে যা উৎসবের ঋতু, তাদের কাছে তা নিতান্তই এক হাড়কাঁপানো অস্তিত্ব রক্ষার লড়াই।\r\nবর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে শীতের প্রকোপ ক্রমাগত বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো যেমন: পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুরে তাপমাত্রা দ্রুত হ্রাস পেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়া এই জনপদে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। এই হাড়কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বেশি অসহায়ভাবে দিন কাটায় পথশিশুরা। যাদের জন্য একটি সাধারণ সুতি কাপড়ও বিলাসের নামান্তর। বৃষ্টির মতো কুয়াশা ঝরার এই দিনগুলোতে রাজধানীর রেললাইন, বাসস্ট্যান্ড কিংবা ফুটপাতে একটু নজর দিলেই শিউরে ওঠার মতো দৃশ্য দেখা যায়। যাদের মাথার ওপর স্থায়ী কোনো ছাদ নেই তাদের একমাত্র সম্বল হয়ে ওঠে কয়েক টুকরো পুরানো চট, ছেঁড়া কাঁথা বা পাতলা প্লাস্টিক।

হাড়কাঁপানো শীতের রাতে যেখানে আমরা নরম লেপ বা উষ্ণ কম্বলের নিচে নিশ্চিন্তে ঘুমাই, সেখানে এই পথশিশুরা পাতলা কাপড়ে জড়সড় হয়ে রাত কাটায়। শীতের এই রুক্ষতায় পথশিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব এবং শীতবস্ত্রের অভাবে তারা অতি সহজেই নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিসহ নানা শীতকালীন রোগে আক্রান্ত হচ্ছে। যথাযথ চিকিৎসার সুযোগ না থাকায় অনেক সময় সামান্য ঠান্ডাজনিত অসুস্থতাও তাদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। সমাজের এই অবহেলিত শিশুদের জন্য প্রতিটি রাত কাটে ভোরের সূর্যের প্রতীক্ষায়, এক টুকরো উষ্ণতার খোঁজে। অথচ আমরা যারা সামর্থ্যবান, আমাদের প্রত্যেকের আলমারিতে অন্তত দু-একটি শীতবস্ত্র অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। আমাদের সামান্য একটি পুরানো চাদর বা সোয়েটার হতে পারে কোনো এক শিশুর শীত জয়ের বড় অবলম্বন। শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকা এখন আর সমীচীন নয়। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত ও সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো জরুরি। শীতের এই আনন্দ তখনই সার্থক হবে, যখন আমরা ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটাতে পারব। দেশের বিত্তবান শ্রেণি, তরুণরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যদি এখনই সুপরিকল্পিতভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করে, তবেই হয়তো কোনো পথশিশুকে আর শীতে কষ্ট পেতে হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টা আর সহমর্মিতার উষ্ণতায় যেন প্রতিটি বিপন্ন শৈশব খুঁজে পায় একটু স্বস্তি।